ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করলো পুলিশ


সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করলো পুলিশ

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তিনি মৃত আব্দুল গফুরের পুত্র।

আরও পড়ুন: সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে ছিল।

এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তার মরদেহ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আফজাল হোসেন বলেন, "ঘটনার মোটিভ উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী যুদ্ধে অবিচল থাকার ঘোষণা ইশরাক হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মাদকবিরোধী যুদ্ধে অবিচল থাকার ঘোষণা ইশরাক হোসেনের

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে, মাদক ব্যবসার সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ক্ষমতাসীন দলের মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কুচক্রী মহল মাদকের হটস্পটগুলো পরিচালনায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, "মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই।" ইশরাক হোসেন আরও বলেন, মাদকের সঙ্গে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তার মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, "মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে।"

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "বর্ডার থেকে নানান কারসাজি করে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে।" এর সঙ্গে কিছু নামকরা পরিবহনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। একইসঙ্গে, তিনি কিছু ভূঁইফোড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তুলে ধরেন। ইশরাক হোসেন বলেন, "একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভূ-রাজনীতি ব্যবহার করে মাদক ছড়িয়ে দিয়ে সমাজ ও জাতিকে ধ্বংসের পাঁয়তারা করছে।"

তিনি আরও উল্লেখ করেন, "যারা মাদকাসক্ত তারা জঘন্য নৃশংস অপরাধের সঙ্গে জড়িত।" তিনি শিশু রামিসা হত্যাকাণ্ড এবং বহুল আলোচিত ঐশির ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, "মাদকের বিরূপ প্রভাবের কারণে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।" ইশরাক হোসেন বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং মনোচিকিৎসা বিদ্যার অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও গেমিং আসক্তি থেকে তরুণদের রক্ষায় স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মাদক ও গেমিং আসক্তি থেকে তরুণদের রক্ষায় স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মাদক, গেমিং ও ক্যাসিনোর আসক্তি থেকে তরুণ ও যুবসমাজকে ফিরিয়ে আনার জন্য স্কাউটিং কার্যক্রমকে একটি কার্যকর এবং শক্তিশালী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মন্তব্য করেন, শিশুকাল থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ পেলে নতুন প্রজন্ম নিজেদের সঠিক পথে গড়ে তুলতে সক্ষম হবে এবং একই সঙ্গে যেকোনো দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জন করবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সমাজের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্তি, অনলাইন গেমিং এবং ক্যাসিনোর মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করা জরুরি। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু বলেন, ছোটবেলা থেকেই শৃঙ্খল পরিবেশে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। তারা সমাজের বিভিন্ন অনিয়ম, কলুষতা ও বৈষম্য থেকেও নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করা হবে, যাতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের সহায়তায় দ্রুত এগিয়ে আসতে পারে। এছাড়া আগাম সতর্কবার্তা প্রচার এবং সাধারণ মানুষকে সচেতন করার কাজে স্কাউটদের সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ডা. মো. আব্দুস সালাম এবং মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্কাউটিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত, শান্ত পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


গাজীপুরে ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত, শান্ত পরিবেশ

গাজীপুরের শিল্পাঞ্চলে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত ছিল।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোথাও শ্রমিক বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা কিংবা নতুন করে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তবে কিছু কারখানায় অতিরিক্ত সময়ের ভিত্তিতে উৎপাদন কার্যক্রম চালানো হয়েছে, কারণ কাজের চাপ বেশি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজিএমইএর পক্ষ থেকে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেদিনও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

এদিকে, শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় আন্দোলনের সময় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রম সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খানের নেতৃত্বে দলটির নেতাকর্মী এবং এবি পার্টির নেতারা এতে অংশ নেন। আয়োজকদের অভিযোগ, পুলিশি বাধার মুখে চৌরাস্তায় দাঁড়িয়েই তাঁদের কর্মসূচি পালন করতে হয়েছে।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবা, গাজীপুর জেলা সদস্যসচিব আবুল কাশেম মাস্টার, এবি পার্টির জেলা ও মহানগর সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসাদুল ইসলাম ইমন, এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব মঞ্জুরুল ইসলাম টিটু, কার্যকরী সদস্য হাবিব চৌধুরী, গাজীপুর মহানগর যুবশক্তির সদস্যসচিব উমর ফারুক, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সাহানা আক্তার, গাজীপুর মহানগর শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাহুল, সদর মেট্রো থানার আহ্বায়ক আলী আকবর আকাশ, সদস্যসচিব রেদুয়ানুল হক মণ্ডল এবং গাজীপুর জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হাসান রুদ্রসহ শ্রমিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ৪ নভেম্বর চন্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচিতে আহত বলে উল্লেখ করা কোনাবাড়ী মেট্রো থানার সদস্যসচিব জামান ঢালি ও মুখ্য সংগঠক রকিবুল হাসান জয়ও কর্মসূচিতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, সরকার শ্রমিকদের মজুরির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দিয়ে তাঁদের আশ্বাসের মধ্যে আটকে রেখেছে। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নিহত শ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাঁর স্মরণে সংশ্লিষ্ট সড়কের নামকরণ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

তবে কয়েক দিনের অস্থিরতার পর শুক্রবার পর্যন্ত শিল্পাঞ্চলে নতুন কোনো সহিংসতার খবর না পাওয়া এবং অধিকাংশ কারখানা সাপ্তাহিক ছুটিতে থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান, শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই স্থিতিশীলতা ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

মাত্র ১০ দিনের ব্যবধানে আমেরিকার দুই বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্প-সমর্থিত পপুলিস্ট বা জনতাবাদী ডানপন্থীরা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। ব্রাজিলে, লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিওকে পরাজিত করেছেন। একই সময়ে, মার্কিন ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র‍্যাটদের হাতে তুলে দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা” আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।

এই ফলাফল বিশ্বজুড়ে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিদ্যমান। এর আগে, সার্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ এবং হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর জন ফেফার মন্তব্য করেন, বর্তমানের সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ভোটাররা এমন প্রার্থীদেরকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, যারা “আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি” দেন।

ট্রাম্প ইউরোপের ডানপন্থী নেতাদের কড়া সমর্থন দিয়ে এসেছেন; তিনি মার-এ-লাগোতে অরবানকে আতিথ্য দিয়েছেন এবং আমেরিকার রক্ষণশীল গোষ্ঠীগুলোর সঙ্গে ইউরোপের জনতাবাদী দলগুলোর সম্পর্ক গড়ে তুলেছেন। তবে, রিপাবলিকানদের পরাজয় এবং ইউরোপজুড়ে ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার কারণে অনেক কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এখন তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। জার্মানির ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির অ্যালিস ভাইডেল ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, “ট্রাম্প তাঁর ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি এখন রিপাবলিকানদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।”

যদিও, ইউরোপের ফ্রান্সে মেরিন ল্য পেনের ‘ন্যাশনাল র‍্যালি’ এখনো প্রভাবশালী, অন্যদিকে জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) বিশেষ করে পূর্বাঞ্চলে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তবে, নভেম্বরের শেষ দিকে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো মন্তব্য করেছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে ডানপন্থী জোয়ারের গতি কমে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমেরিকানরা এমন সব নীতি প্রত্যাখ্যান করেছে যা কেবল দারিদ্র‍্য বাড়ায়, ঘৃণা ছড়ায়, বৈষম্য তৈরি করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে এবং অভিজাতদের বিশেষ সুবিধা দেয়। ব্রাজিলে এমনটাই ঘটেছে, আমেরিকাতেও তা-ই হলো। আর খুব শীঘ্রই স্পেনেও এমনটাই ঘটবে।”

গত এপ্রিলে কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি ট্রাম্প-সমর্থিত কনজারভেটিভ নেতা পিয়ের পোয়ালেভরেকে পরাজিত করেন। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ প্রায় ২০ বছরের শাসনের পর ভর্তুকি হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। কার্নেগি এনডাউমেন্টের ফেলো অলিভার স্টুঙ্কেল বলেন, লাতিন আমেরিকার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যতটা দৃঢ় মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। এর পেছনে রয়েছে অর্থনৈতিক দুর্বলতা এবং যৌন অপরাধে দ-িত ব্যক্তিদের আগেভাগে মুক্তি দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%