ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাদক ও গেমিং আসক্তি থেকে তরুণদের রক্ষায় স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী


মাদক ও গেমিং আসক্তি থেকে তরুণদের রক্ষায় স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মাদক, গেমিং ও ক্যাসিনোর আসক্তি থেকে তরুণ ও যুবসমাজকে ফিরিয়ে আনার জন্য স্কাউটিং কার্যক্রমকে একটি কার্যকর এবং শক্তিশালী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মন্তব্য করেন, শিশুকাল থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ পেলে নতুন প্রজন্ম নিজেদের সঠিক পথে গড়ে তুলতে সক্ষম হবে এবং একই সঙ্গে যেকোনো দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জন করবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সমাজের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্তি, অনলাইন গেমিং এবং ক্যাসিনোর মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করা জরুরি। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: জুমার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

শিশুদের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু বলেন, ছোটবেলা থেকেই শৃঙ্খল পরিবেশে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। তারা সমাজের বিভিন্ন অনিয়ম, কলুষতা ও বৈষম্য থেকেও নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করা হবে, যাতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের সহায়তায় দ্রুত এগিয়ে আসতে পারে। এছাড়া আগাম সতর্কবার্তা প্রচার এবং সাধারণ মানুষকে সচেতন করার কাজে স্কাউটদের সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ডা. মো. আব্দুস সালাম এবং মো. জাহিদুর রহমান।

আরও পড়ুন: মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা

অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্কাউটিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত, শান্ত পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


গাজীপুরে ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত, শান্ত পরিবেশ

গাজীপুরের শিল্পাঞ্চলে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও কারখানায় উৎপাদন অব্যাহত ছিল।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোথাও শ্রমিক বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা কিংবা নতুন করে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তবে কিছু কারখানায় অতিরিক্ত সময়ের ভিত্তিতে উৎপাদন কার্যক্রম চালানো হয়েছে, কারণ কাজের চাপ বেশি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজিএমইএর পক্ষ থেকে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেদিনও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

এদিকে, শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় আন্দোলনের সময় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রম সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খানের নেতৃত্বে দলটির নেতাকর্মী এবং এবি পার্টির নেতারা এতে অংশ নেন। আয়োজকদের অভিযোগ, পুলিশি বাধার মুখে চৌরাস্তায় দাঁড়িয়েই তাঁদের কর্মসূচি পালন করতে হয়েছে।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবা, গাজীপুর জেলা সদস্যসচিব আবুল কাশেম মাস্টার, এবি পার্টির জেলা ও মহানগর সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসাদুল ইসলাম ইমন, এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব মঞ্জুরুল ইসলাম টিটু, কার্যকরী সদস্য হাবিব চৌধুরী, গাজীপুর মহানগর যুবশক্তির সদস্যসচিব উমর ফারুক, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সাহানা আক্তার, গাজীপুর মহানগর শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাহুল, সদর মেট্রো থানার আহ্বায়ক আলী আকবর আকাশ, সদস্যসচিব রেদুয়ানুল হক মণ্ডল এবং গাজীপুর জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হাসান রুদ্রসহ শ্রমিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ৪ নভেম্বর চন্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচিতে আহত বলে উল্লেখ করা কোনাবাড়ী মেট্রো থানার সদস্যসচিব জামান ঢালি ও মুখ্য সংগঠক রকিবুল হাসান জয়ও কর্মসূচিতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, সরকার শ্রমিকদের মজুরির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দিয়ে তাঁদের আশ্বাসের মধ্যে আটকে রেখেছে। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নিহত শ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাঁর স্মরণে সংশ্লিষ্ট সড়কের নামকরণ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

তবে কয়েক দিনের অস্থিরতার পর শুক্রবার পর্যন্ত শিল্পাঞ্চলে নতুন কোনো সহিংসতার খবর না পাওয়া এবং অধিকাংশ কারখানা সাপ্তাহিক ছুটিতে থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান, শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই স্থিতিশীলতা ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

মাত্র ১০ দিনের ব্যবধানে আমেরিকার দুই বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্প-সমর্থিত পপুলিস্ট বা জনতাবাদী ডানপন্থীরা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। ব্রাজিলে, লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিওকে পরাজিত করেছেন। একই সময়ে, মার্কিন ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র‍্যাটদের হাতে তুলে দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা” আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।

এই ফলাফল বিশ্বজুড়ে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিদ্যমান। এর আগে, সার্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ এবং হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর জন ফেফার মন্তব্য করেন, বর্তমানের সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ভোটাররা এমন প্রার্থীদেরকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, যারা “আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি” দেন।

ট্রাম্প ইউরোপের ডানপন্থী নেতাদের কড়া সমর্থন দিয়ে এসেছেন; তিনি মার-এ-লাগোতে অরবানকে আতিথ্য দিয়েছেন এবং আমেরিকার রক্ষণশীল গোষ্ঠীগুলোর সঙ্গে ইউরোপের জনতাবাদী দলগুলোর সম্পর্ক গড়ে তুলেছেন। তবে, রিপাবলিকানদের পরাজয় এবং ইউরোপজুড়ে ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার কারণে অনেক কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এখন তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। জার্মানির ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির অ্যালিস ভাইডেল ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, “ট্রাম্প তাঁর ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি এখন রিপাবলিকানদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।”

যদিও, ইউরোপের ফ্রান্সে মেরিন ল্য পেনের ‘ন্যাশনাল র‍্যালি’ এখনো প্রভাবশালী, অন্যদিকে জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) বিশেষ করে পূর্বাঞ্চলে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তবে, নভেম্বরের শেষ দিকে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো মন্তব্য করেছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে ডানপন্থী জোয়ারের গতি কমে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমেরিকানরা এমন সব নীতি প্রত্যাখ্যান করেছে যা কেবল দারিদ্র‍্য বাড়ায়, ঘৃণা ছড়ায়, বৈষম্য তৈরি করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে এবং অভিজাতদের বিশেষ সুবিধা দেয়। ব্রাজিলে এমনটাই ঘটেছে, আমেরিকাতেও তা-ই হলো। আর খুব শীঘ্রই স্পেনেও এমনটাই ঘটবে।”

গত এপ্রিলে কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি ট্রাম্প-সমর্থিত কনজারভেটিভ নেতা পিয়ের পোয়ালেভরেকে পরাজিত করেন। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ প্রায় ২০ বছরের শাসনের পর ভর্তুকি হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। কার্নেগি এনডাউমেন্টের ফেলো অলিভার স্টুঙ্কেল বলেন, লাতিন আমেরিকার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যতটা দৃঢ় মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। এর পেছনে রয়েছে অর্থনৈতিক দুর্বলতা এবং যৌন অপরাধে দ-িত ব্যক্তিদের আগেভাগে মুক্তি দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার, একাধিক মামলা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার, একাধিক মামলা রয়েছে

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপালগঞ্জের নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত তিনজন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া তিনজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ননী, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্ছু এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: রাশেদ খান

মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পারিবারিক সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি উল্লেখ করেন, কেবল পারিবারিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো মারাত্মক ব্যাধি রোধ করতে সক্ষম হব।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, বাল্যবিবাহ রোধ, অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খান আরও বলেন, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সমস্যাটি একটি জাতীয় সংকট। তবে তিনি আশাবাদী যে, এই সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, ডা: নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%