০৮:৪৩ পি.এম
সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলা ট্রিবিউনের প্রাক্তন প্রতিনিধি নাদিম হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স ছিল ৪০ বছর। মৃত্যুর সময় তিনি বাবা-মা, দুই বোন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর নাদিম হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন নাদিম হোসেন। তিনি সাভার প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তরুণ ও প্রতিশ্রুতিশীল এই সাংবাদিকের অকাল প্রয়াণে সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, "নাদিম হাসান একজন তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি একাধারে একজন গুণী সাংগঠনিক ব্যক্তিত্বও ছিলেন। তাঁর এই অকাল মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।"
সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন