ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত


ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

মাত্র ১০ দিনের ব্যবধানে আমেরিকার দুই বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্প-সমর্থিত পপুলিস্ট বা জনতাবাদী ডানপন্থীরা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। ব্রাজিলে, লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিওকে পরাজিত করেছেন। একই সময়ে, মার্কিন ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র‍্যাটদের হাতে তুলে দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা” আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।

এই ফলাফল বিশ্বজুড়ে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিদ্যমান। এর আগে, সার্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ এবং হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর জন ফেফার মন্তব্য করেন, বর্তমানের সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ভোটাররা এমন প্রার্থীদেরকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, যারা “আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি” দেন।

ট্রাম্প ইউরোপের ডানপন্থী নেতাদের কড়া সমর্থন দিয়ে এসেছেন; তিনি মার-এ-লাগোতে অরবানকে আতিথ্য দিয়েছেন এবং আমেরিকার রক্ষণশীল গোষ্ঠীগুলোর সঙ্গে ইউরোপের জনতাবাদী দলগুলোর সম্পর্ক গড়ে তুলেছেন। তবে, রিপাবলিকানদের পরাজয় এবং ইউরোপজুড়ে ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার কারণে অনেক কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এখন তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। জার্মানির ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির অ্যালিস ভাইডেল ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, “ট্রাম্প তাঁর ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি এখন রিপাবলিকানদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।”

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

যদিও, ইউরোপের ফ্রান্সে মেরিন ল্য পেনের ‘ন্যাশনাল র‍্যালি’ এখনো প্রভাবশালী, অন্যদিকে জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) বিশেষ করে পূর্বাঞ্চলে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তবে, নভেম্বরের শেষ দিকে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো মন্তব্য করেছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে ডানপন্থী জোয়ারের গতি কমে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমেরিকানরা এমন সব নীতি প্রত্যাখ্যান করেছে যা কেবল দারিদ্র‍্য বাড়ায়, ঘৃণা ছড়ায়, বৈষম্য তৈরি করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে এবং অভিজাতদের বিশেষ সুবিধা দেয়। ব্রাজিলে এমনটাই ঘটেছে, আমেরিকাতেও তা-ই হলো। আর খুব শীঘ্রই স্পেনেও এমনটাই ঘটবে।”

গত এপ্রিলে কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি ট্রাম্প-সমর্থিত কনজারভেটিভ নেতা পিয়ের পোয়ালেভরেকে পরাজিত করেন। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ প্রায় ২০ বছরের শাসনের পর ভর্তুকি হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। কার্নেগি এনডাউমেন্টের ফেলো অলিভার স্টুঙ্কেল বলেন, লাতিন আমেরিকার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যতটা দৃঢ় মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। এর পেছনে রয়েছে অর্থনৈতিক দুর্বলতা এবং যৌন অপরাধে দ-িত ব্যক্তিদের আগেভাগে মুক্তি দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার, একাধিক মামলা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার, একাধিক মামলা রয়েছে

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপালগঞ্জের নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত তিনজন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া তিনজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ননী, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্ছু এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: রাশেদ খান

মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পারিবারিক সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি উল্লেখ করেন, কেবল পারিবারিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো মারাত্মক ব্যাধি রোধ করতে সক্ষম হব।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, বাল্যবিবাহ রোধ, অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খান আরও বলেন, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সমস্যাটি একটি জাতীয় সংকট। তবে তিনি আশাবাদী যে, এই সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, ডা: নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শিক্ষার্থীদের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণের জন্য আবারও সুযোগ প্রদান করছে। প্রতিষ্ঠানটি ‘স্টুডেন্ট পাইলট’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে।

এই পদে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সফলভাবে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করলে মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের জন্য কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে। এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০, ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫ এবং একটিতে জিপিএ ৪ থাকতে হবে।

ও লেভেল পরীক্ষার্থীদের জন্য গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

বয়স ও শারীরিক যোগ্যতা

আবেদনের শেষ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭.৬৪ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ১৬২.৫৬ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

প্রার্থীদের চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। দৃষ্টিশক্তি সংশোধনের মাধ্যমে ৬/৬ করা গ্রহণযোগ্য হবে, তবে বর্ণান্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

ভাষাগত দক্ষতা

বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় সাবলীল হতে হবে। অন্য ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের https://studentpilot.usbair.com/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

নিয়োগসংক্রান্ত সতর্কতা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয় না। নিয়োগের নামে কেউ অর্থ দাবি করলে প্রয়োজনীয় তথ্য ও নথিসহ [email protected] ঠিকানায় অভিযোগ জানাতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগের বিষয়ে ভাবনা চিন্তা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের একটি বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে হোয়াইট হাউস এই খবরকে গুজব হিসেবে নাকচ করে দিয়েছে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটলান্টিকের দুই পারের রাজনৈতিক মহলে রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি ২০২৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ দৌড়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেখা হচ্ছে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা এবং যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দ্য ইন্ডিপেনডেন্ট-কে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে রুবিও সরে দাঁড়াতে পারেন। নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। কানসাস ও টেক্সাসের মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত এলাকাতেও ডেমোক্র্যাটদের জয়কে ট্রাম্পের নেতৃত্বের প্রতি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্পের মন্ত্রিসভার সর্বোচ্চ পাঁচজন সদস্য পদত্যাগের কথা ভাবছেন। তাদের মধ্যে রুবিও অন্যতম।

ওয়াশিংটনের একজন অভ্যন্তরীণ সূত্র দ্য ইন্ডিপেনডেন্ট-কে বলেছেন, ইরান যুদ্ধ থেকে রুবিওকে দূরে সরিয়ে নেওয়া প্রয়োজন। তিনি এই যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপানোর কৌশলও গ্রহণ করতে পারেন।

রুবিওর ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানিয়েছেন, প্রশাসন থেকে তার পদত্যাগ করা যৌক্তিক হবে। তার ভাষায়, ‘এই মুহূর্তে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রুবিও এগিয়ে আছেন। তিনি নিশ্চিতভাবেই ভ্যান্সের চেয়ে এগিয়ে। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় তার পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। তা ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকাও তার নির্বাচনী সম্ভাবনার জন্য ক্ষতিকর হতে পারে।’

রিপাবলিকান পার্টির আরেকটি সূত্রের দাবি, মধ্যবর্তী নির্বাচনের পর রুবিও প্রশাসন ছাড়বেন। আরও চার-পাঁচজন কর্মকর্তা একই পথে হাঁটতে পারেন। ওই সূত্রের ভাষায়, ‘দেশের মানুষ পুরোপুরি ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। অনেকেই মানচিত্রে ইরানের অবস্থান পর্যন্ত বলতে পারেন না, যুদ্ধের বিষয়টিও বুঝতে পারছেন না। জ্বালানির দাম মানুষকে ক্ষুব্ধ করেছে।’

ফ্লোরিডা থেকে সিনেটর নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের দায়িত্বে আসার পর রুবিওর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বেড়েছে। অথচ এক দশক আগে হোয়াইট হাউসে যাওয়ার প্রথম প্রচেষ্টার সময় তাদের মধ্যে তীব্র বিরোধ ছিল। সে সময় ট্রাম্প তাকে বিদ্রূপ করে ‘লিটল মার্কো’ বলে ডাকতেন।

বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে অবস্থান করছেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুটি দায়িত্বই একসঙ্গে পালন করছেন তিনি। এর আগে প্রয়াত হেনরি কিসিঞ্জারই কেবল একই সময়ে এই দুই দায়িত্ব পালন করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করেছে হোয়াইট হাউস।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে পদত্যাগের কথা ভাবছেন বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন মার্কো রুবিও।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রশাসনে কাজ করাই তার সব সময়ের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, ‘আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর যখন শুনি, তিনি চাকরি ছেড়ে দেবেন, তখন সব সময় হাসি। আমি বলি, কোন চাকরিটি?’

হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%