০৮:৩৯ পি.এম
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকার সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, সাধারণ রোগীদের বিভাগীয় এবং আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দিতে এবং তাদের রাজধানীতে আসার প্রয়োজনীয়তা কমাতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও সেকেন্ড আউটরিচ প্রোগ্রাম বাংলাদেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ
ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীদের দেশে সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ দিতে এবং চিকিৎসার উদ্দেশ্যে কাউকে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিংয়ের ওপরও জোর দেন তিনি।
সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস ৭ম অবস্থানে রয়েছে। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত।
আরও পড়ুন: হৃীলার গহীন পাহাড়ে টেকনাফে যৌথবাহিনীর অভিযান চলছে
রোগটি জটিল রূপ নিলে এক বছরের মধ্যে শতকরা ৪০ থেকে ৬০ ভাগ রোগীর মৃত্যু হয় উল্লেখ করে বক্তারা প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। এছাড়া অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও সার্জারি পরিহার এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান বক্তারা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।
সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেনের মৃত্যু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন