০৪:২৭ পি.এম
ইস্তাম্বুল, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া, তিনি তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য বিদ্যমান কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা এবং অতিরিক্ত শুল্ক কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
আজ ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির তুর্কি ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষভাবে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
আলোচনার সময়, বাণিজ্যমন্ত্রী তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন। তিনি এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুর্কির বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এসময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের
প্রসঙ্গত, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুর্কিতে সফর করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন