প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল এবং অন্যান্য কাঁচামালের সন্ধান পেয়েছে। এই কেমিক্যালগুলি বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা হয়েছিল এবং অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মেসার্স এম আর ট্রেডার্সের গুদামটি সিলগালা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেসার্স এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ ছিল। প্রতিষ্ঠানটি এসব পণ্য ক্রয়, আমদানি বা বৈধভাবে মজুদের জন্য কোনো দলিলপত্র দেখাতে পারেনি। তাই গুদামটি সিলগালা করা হয়।
একই অভিযোগের তদন্তে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর সি-১২৯৩৪৮২ এর মাধ্যমে ভারত থেকে ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট বন্ড সুবিধায় আমদানি করেছিল। তবে সরেজমিনে অভিযান চলাকালীন প্রতিষ্ঠানটি আমদানি করা কেমিক্যালের মজুদ প্রদর্শন করতে পারেনি।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে সরানো হয়েছে কি না। বন্ডেড প্রতিষ্ঠানে আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং নন-বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ পাওয়ার মধ্যে সম্ভাব্য যোগসূত্র তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কেমিক্যালের প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য, বন্ড সুবিধার অপব্যবহার এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন