ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের


যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য পূরণে ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৩০তম ইউএস ট্রেড শো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংগঠনটির আশা।

আজ ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল জানান, গত ১৫ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। তিনি বলেন, আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

কামাল আরও বলেন, ‘পুরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগই অর্জিত হবে— এমন দাবি আমরা করছি না। তবে এই ট্রেড শো লক্ষ্য অর্জন সহজ করবে।’ তিনি উল্লেখ করেন, গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছিল অ্যামচ্যামের পক্ষ থেকে।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ

অ্যামচ্যাম সভাপতি জানান, বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অ্যামচ্যাম সরকারের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই একটি জ্বালানি রোডম্যাপ পাওয়ার প্রত্যাশা করছে। ট্রেড শোতে জ্বালানি খাত নিয়ে পৃথক সেমিনারের আয়োজনও করা হয়েছে।

কামাল বলেন, মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার যেখানে বেশি এবং বাংলাদেশে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে, সেসব খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ট্রেড শোতে বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে বাংলাদেশে এখনও কার্যক্রম শুরু না করা কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও আসবেন। নতুন ১০ থেকে ১২টি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে পারাকে এ আয়োজনের বড় অর্জন হিসেবে দেখছে অ্যামচ্যাম।

ট্রেড শোতে ৩৬ প্রতিষ্ঠান ও সাত স্টার্টআপ :

আরও পড়ুন: চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

আয়োজকদের তথ্যানুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩৬টি প্রতিষ্ঠান ও সাতটি স্টার্টআপ অংশগ্রহণ করবে। এতে মোট ৬৩টি বুথ থাকবে। অংশগ্রহণকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যাটারপিলার, শেভরন, এক্সন মবিল, মেটলাইফ, সিটি গ্রুপ, মাস্টারকার্ড, ভিসা, কোলগেট-পামোলিভ, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, পেপসিকো, কস্টকো, পিপিজি, ইউপিএস ও কারগিল।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য পৃথক জোন থাকবে। এছাড়া স্টার্টআপ জোন, সরাসরি কেনাকাটার জন্য কার্নিভাল জোন এবং ট্রেড শোর ইতিহাস তুলে ধরতে হেরিটেজ কর্নার রাখা হয়েছে।

তিন দিনের এ আয়োজনে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর বিষয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি সরকারি প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: শ্রমিক নেতাদের দাবি: আন্দোলনে সহিংসতা-ভাঙচুরের জন্য ভাড়াটে লোক নিয়োগ

আয়োজকরা জানান, ১৯৯২ সালে অ্যামচ্যামের উদ্যোগে বাংলাদেশে ইউএস ট্রেড শোর যাত্রা শুরু হয়। কয়েক বছর বন্ধ থাকার পর প্রায় আড়াই বছরের বিরতি শেষে এবার আবার এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এ বছর সংগঠনটির ৩০ বছর পূর্তিও উদযাপন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্য বিভাগের কমার্শিয়াল কাউন্সেলর পল জি ফ্রস্ট উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিএনপি আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


দিনাজপুরে বিএনপি আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেলা ইউনিটের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আদালত এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাড. মো. আব্দুল হালিম।

এ সভায় বক্তব্য দেন সরকারি আইনজীবী-জিপি অ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, অ্যাড. মো. আইনুল হক, এবং অ্যাড. মো. মাহফুজ আলী প্রমুখ।

সভা শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের মধ্যে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই: স্যামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দলের মধ্যে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই: স্যামি

ঢাকায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনের মাধ্যমে ক্যারিবীয়দের পরাজিত করার পরিকল্পনা করা হলেও, টাইগাররা নিজেদেরই ফাঁদে পড়েছে। সিলেটে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে দলের কাছ থেকে একই ধরনের লড়াকু মানসিকতা প্রত্যাশা করছেন ক্যারিবীয় প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে তিনি প্রথম টেস্টের তুলনায় আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না চান।

দুই টেস্টের মধ্যবর্তী সময়ে স্যামি মন্তব্য করেন, ‘আমি একই মানসিকতা চাই, তবে আরও একটু বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই। আমরা এখানে আসার পর থেকেই অধিনায়ক রস্টন চেজ খেলোয়াড়দের সামনে দলের লক্ষ্য ও মিশন তুলে ধরেছে। বছরের শেষটা ভালোভাবে শেষ করাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট জিতেছে। এর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেয়েছে তারা। তবে ক্যারিবীয়রা এখনো কোনো সিরিজ জিততে পারেনি। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ জয় তাদের লক্ষ্য।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সফরকারীদের জন্য কাজটি সহজ করবেন না, স্যামি এ বিষয়ে সচেতন।

তিনি বলেন, ‘ফিলকে আমি ভালো করেই চিনি। সে কখনোই প্রতিপক্ষের জন্য কাজটা সহজ করে দেবে না। সেও জিততে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমাদের খেলোয়াড়দের ক্ষুধা, দৃঢ়তা, পরিশ্রম করার মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখে আমি আত্মবিশ্বাসী। সিলেটে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন, এই টেস্ট চক্রের শেষটা বাংলাদেশে অ্যাওয়ে জয় দিয়ে করতে আমরা প্রস্তুত থাকব। আর নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়।’

স্যামি আরও বলেন, ‘এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চারে ছিল। তাই এখানে কী ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে বার্বাডোজে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা অর্জনে দলের সবাই মুখিয়ে আছে।’

বাংলাদেশ সিরিজের আগে চেন্নাইয়ে লাল বলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পকে ঢাকার টেস্টে স্পিনের বিপক্ষে ব্যাটারদের ভালো করার অন্যতম কারণ হিসেবে দেখছেন স্যামি।

ক্যারিবীয় কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে। একই সঙ্গে আমাদের ব্যাটাররা তাদের ব্যাটারদের তুলনায় স্পিন অনেক ভালোভাবে সামলেছে। আমার এবং ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফারের কাছে এটাই ছিল সবচেয়ে সন্তোষজনক বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে লড়াই করেছি, ম্যাচে টিকে থেকেছি, সেটিও ছিল দারুণ। তবে এর পেছনে প্রস্তুতি ক্যাম্পের অবদান বিশেষভাবে উল্লেখ করতে হবে। চেন্নাইয়ে অনুশীলন ও প্রস্তুতির সুযোগ করে দেওয়ায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ। সুপার কিংস একাডেমি এবং শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে আমরা অনুশীলন করেছি।’

‘ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার এবং একাডেমির হাই-পারফরম্যান্স কোচ শ্রী রামকৃষ্ণমূর্তি ব্যাটারদের নিয়ে যে কাজ করেছেন, তা এই কন্ডিশনে স্পিনের বিপক্ষে তাদের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে। এখানে আসার পরও আমরা প্রস্তুতি নিয়েছি। সেই প্রস্তুতির প্রতিফলন মাঠে দেখতে পাওয়াটা আমাদের জন্য আনন্দের,’–তিনি যোগ করেন।

টেস্ট দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের উন্নতি নিয়েও সন্তুষ্ট স্যামি। তার মতে, খেলোয়াড়রা এখন নিজেদের নির্ধারিত দায়িত্ব ও ভূমিকায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে।

তিনি বলেন, ‘টেস্ট দল হিসেবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে মনে হচ্ছে দলটি এখন স্থিতিশীল হচ্ছে। প্রত্যেক খেলোয়াড়কে যে নির্দিষ্ট দায়িত্ব ও ভূমিকা দেওয়া হয়েছে, তারা সেগুলোর সঙ্গে মানিয়ে নিচ্ছে।’

ঢাকার প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দলের পারফরম্যান্সে মুগ্ধ স্যামি। তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা তাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে। আমাদের ব্যাটাররাও স্পিনের বিপক্ষে ভালো সাড়া দিয়েছে। ফ্লয়েডের সঙ্গে আমার জন্য এটিই ছিল সবচেয়ে আনন্দের বিষয়। সে বলেছিল, বাংলাদেশ যে রানই করুক না কেন, আমরা তা তাড়া করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাঠে ছেলেদের সেই কাজ করতে দেখা দারুণ ছিল। চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসটি ছিল অসাধারণ।’

ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন জোমেল ওয়ারিকান। অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন অধিনায়ক রস্টন চেজ।

মজার বিষয় হলো, প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনাররা ১০ উইকেটের মধ্যে ৮টি নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৮.১ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি তারা।

অধিনায়ক হিসেবে রস্টন চেজের নেতৃত্বেরও প্রশংসা করেছেন স্যামি। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে দায়িত্ব পালন এবং নিজের পরিকল্পনায় অবিচল থাকার মানসিকতা মুগ্ধ করেছে তাকে।

স্যামি বলেন, ‘রস্টন চেজের নেতৃত্বের কথা আমাকে বলতেই হবে। টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম সেঞ্চুরির সময়ও আমরা তার নেতৃত্বের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বছর নানা কিছু ঘটলেও সে কখনো নিজের কণ্ঠস্বর হারায়নি, নেতৃত্বের জায়গা থেকে সরে যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা কাজ চালিয়ে গেছি। ফ্লয়েড রেইফারের সঙ্গে ব্যাটারদের ধারাবাহিক পরিশ্রমের ফল এখন দেখা যাচ্ছে। খেলোয়াড়রাও আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করছে।’

‘রবি রামপালের সঙ্গে বোলিং বিভাগে কাজ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরি এবং সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া—সবকিছুতেই উন্নতি দেখা যাচ্ছে। খেলোয়াড়রা যেভাবে পরিপক্বতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, সেটাই অগ্রগতি। আমার কাছে অগ্রগতিই সাফল্য। আমরা এভাবেই কাজ চালিয়ে যাব,’–স্যামি শেষ টানেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এই সুপারিশটি করেছে।

বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সুপারিশ করেছে কমিটি।

আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় এই সুপারিশটি করা হয়।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচল ও প্রবাহের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে বিশেষ আয়োজন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে বিশেষ আয়োজন চলছে

বলিউডের বাদশাহ, রোমান্সের রাজপুত্র এবং কোটি ভক্তের স্বপ্নের নায়ক হিসেবে পরিচিত শাহরুখ খান। পর্দায় তার হাসি দর্শকদের মুগ্ধ করে এবং তার উপস্থিতিতে ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এই নায়কের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের মান্নাতে যেন ভালোবাসার সব পথ এসে মেশে। অনুরাগীরা প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

এবার মান্নাতের বারান্দায় কিং খানকে দেখা যায়নি। কিন্তু বলিউড বাদশাহ ভক্তদের নিরাশ করেননি। বাড়ির সামনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। সেখানে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন লুকের পোস্টার প্রদর্শিত হচ্ছে। এছাড়া, পর্দায় শাহরুখের জনপ্রিয় বিভিন্ন সংলাপও ভেসে উঠছে। মান্নাতে এই প্রথম কোনো সিনেমা কেন্দ্র করে এমন বিশেষ আয়োজন করা হয়েছে।

তিন দশকেরও বেশি সময় ধরে শাহরুখ বলিউডে রাজত্ব করছেন। সাধারণ এক তরুণ থেকে তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার নাম। তার পথচলা যেন স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের একটি দীর্ঘ গল্প।

নব্বইয়ের দশকে বড় পর্দায় পা রেখেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন শাহরুখ। রোমান্টিক নায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা পেলেও নিজেকে একটি পরিচয়ে আটকে রাখেননি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’- একেক সিনেমায় একেক রূপে হাজির হয়েছেন তিনি।

কখনো রোমান্টিক প্রেমিক, কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, আবার কখনো জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, রসবোধ এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক তাকে দিয়েছে আলাদা পরিচিতি।

আজ ২ নভেম্বর ৬১ বছরে পা রাখলেন বলিউডের এই মহাতারকা। জন্মদিনে সামাজিক মাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রিয় নায়ককে ঘিরে নানা স্মৃতিচারণ দেখা যাচ্ছে। পর্দায় কিংবা মান্নাতের বারান্দায়- শাহরুখের অপেক্ষায় ভক্তদের ভালোবাসায় কোনো ভাটা নেই, তা আবারও স্পষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%