০৭:২০ পি.এম
কানাডীয় সংগীতশিল্পী অ্যাভ্রিল ল্যাভিন ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের সুখবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ‘কমপ্লিকেটেড’ গানের জন্য পরিচিত এই গায়িকা মাতৃত্বের আনন্দ উদযাপন করছেন।
অ্যাভ্রিল ১৩ নভেম্বর ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করে মা হওয়ার খবরটি জানান। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যা এসেছে।’ এরপর থেকেই ভক্ত ও অনুসারীদের শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন এই সংগীতশিল্পী।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, নবজাতকের ছোট্ট হাত ধরে আছেন অ্যাভ্রিল ও তার সঙ্গী। অন্য একটি ছবিতে, গায়িকা মেয়েকে কোলে নিয়ে আদর করছেন। শিশুটির পরনে ছিল চিতাবাঘের ছাপের পোশাক।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
ছবির শেষটিতে ছিল একটি বিশেষ চমক। একটি স্কেটবোর্ডের ওপর রাখা তিন জোড়া ভ্যান্সের জুতা—দুটি বড়দের এবং অন্যটি নবজাতকের। ছবিটি দেখে অনেকের মনে পড়ে গেছে অ্যাভ্রিলের ২০০২ সালের জনপ্রিয় গান ‘স্কেটার বয়’-এর কথা।
তবে গায়িকা এখনো মেয়ের নাম প্রকাশ করেননি। সন্তানের বাবার পরিচয়ও আনুষ্ঠানিকভাবে জানাননি তিনি।
অ্যাভ্রিলের এক প্রতিনিধি মার্কিন সাময়িকী পিপলকে জানিয়েছেন, নতুন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের নতুন অ্যালবামের কাজও চালিয়ে যাচ্ছেন এই শিল্পী। মা হওয়ার আনন্দ ভাগ করে নেওয়ার পর ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, অ্যাভ্রিলের বর্তমান সঙ্গীর পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিনোদনজগতের কেউ নন এবং ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ডিজনি প্লাসে ইতিহাস গড়ল
অ্যাভ্রিলের ব্যক্তিজীবনে এর আগে একাধিক সম্পর্ক ও বিয়ের ঘটনা ঘটেছে। ২০০৬ সালে ‘সাম ৪১’ ব্যান্ডের সংগীতশিল্পী ডেরিক হুইবলিকে বিয়ে করেন তিনি, যা ২০১০ সালে বিচ্ছেদের দিকে যায়। পরে ২০১৩ সালে নিকেলব্যাক ব্যান্ডের গায়ক চ্যাড ক্রোয়েগারকে বিয়ে করেন অ্যাভ্রিল, কিন্তু ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ২০২২ সালে সংগীতশিল্পী মড সানের সঙ্গে বাগ্দান হয় তার। তবে ২০২৩ সালে সেই বাগ্দানও ভেঙে যায়। নানা চড়াই-উতরাই পেরিয়ে, এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই গায়িকা—প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন