০৭:৫১ পি.এম
শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে চিহ্নিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে, তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইনের অধীনে তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
সমাবেশে রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ অন্যায়, জুলুমবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই প্রতিবাদ।
শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তিনিও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবন যাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।
ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন