ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দেশে রয়েছে ‘ভুদুম বাঁশ’, তবে বাজারে নেই


দেশে রয়েছে ‘ভুদুম বাঁশ’, তবে বাজারে নেই

দেশে একটি বিশেষ প্রজাতির বাঁশ রয়েছে, যা অস্বাভাবিক মোটা এবং প্রায় ২৫ মিটার উঁচু। এই বাঁশের নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় এর আকার অনেক বড়, এবং এর কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও, বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে ভুদুম বাঁশের কয়েকটি ঝাড় রয়েছে। দর্শনার্থীদের কাছে এর অস্বাভাবিক মোটা কাণ্ড বিশেষভাবে আকর্ষণ সৃষ্টি করেছে।

উদ্যানের মালি আবদুল আলিম গণমাধ্যমকে জানিয়েছেন, ভুদুম বাঁশের বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড ভেতরে ফাঁপা এবং নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি মনে হয়।

আরও পড়ুন: মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সেখানে ভুদুম বাঁশ ছাড়াও আরও ১৭ প্রজাতির বাঁশ রয়েছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় দেখা যায়। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে বরাক, ঘটি, লতা ও ডলুয়া বাঁশ অন্তর্ভুক্ত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুসারে, বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়, যেখানে ৫০০ প্রজাতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন এবং ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে ভুদুম বাঁশের উপস্থিতি বেশি। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় এর গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে ১১ সেন্টিমিটার এবং পুরুত্ব দাঁড়ায় প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটারে।

আরও পড়ুন: হিমাগারের আলুর দাম খুচরা বাজারে দ্বিগুণ

বিশেষজ্ঞদের মতে, ভুদুম বাঁশের মোটা কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের আসবাব ও নির্মাণসামগ্রী তৈরি করা সম্ভব। এর ব্যবহার বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি বাঁশটির শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়াও এই বাঁশ চাষের জন্য উপযোগী।

তবে চাষ সম্প্রসারণে প্রধান বাধা হলো চারা উৎপাদন। বংশবিস্তার তুলনামূলক জটিল হওয়ায় দেশে এখনো এর বাণিজ্যিক চাষ গড়ে ওঠেনি। বর্তমানে বিভিন্ন এলাকায় মূলত শখের বশে কিংবা বাগানের সৌন্দর্য বাড়াতে এ বাঁশ লাগানো হয়।

ভুদুম বাঁশের চারা উৎপাদনে আশার কথা জানিয়েছেন গবেষকরা। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষকের প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে এ বাঁশের নতুন চারা উৎপাদনের সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা উৎপাদন করা হয়।

দেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণ, আসবাব, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাদ্য হিসেবেও প্রচলিত। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও বাড়ছে এর ব্যবহার। ফলে ভুদুম বাঁশের চারা উৎপাদন ও চাষ সম্প্রসারণ করা গেলে কাঠের বিকল্প উপকরণ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন: লালমনিরহাটের বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ এর জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন ইউল্যাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ এর জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন ইউল্যাব

‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি ঘটেছে জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

ফাইনাল ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমন্বয় ও লড়াকু মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এবিজি স্পোর্টস সিটিতে ম্যাচটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রতি সমর্থন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ক্রিকেট ও ফুটবল—উভয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নির্ধারিত অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা খেলোয়াড়সহ বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ অবদান রাখা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রুহুল কবির রিজভী

রিজভী: শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই, পিতার আইনেই পলাতক অপরাধী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


রিজভী: শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই, পিতার আইনেই পলাতক অপরাধী

শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে চিহ্নিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে, তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আইনের অধীনে তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ অন্যায়, জুলুমবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই প্রতিবাদ।

শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তিনিও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবন যাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।

যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।

ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা কবির সিকদার ও লাল মিয়া বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা কবির সিকদার ও লাল মিয়া বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুরে যানবাহন থেকে চাঁদা আদায় করার অভিযোগে আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবির সিকদার এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফের স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চলাচলরত ট্রাক থামিয়ে টাকা আদায় করছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ‘টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করছিলেন। এ নিয়ে ট্রাকচালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ক্ষোভের সৃষ্টি হয়।

একাধিক ট্রাকচালক জানিয়েছেন, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছিলেন। অথচ এর আগে সেতু পারাপারে তাদের ১০০ টাকা করে টোল দিতে হয়েছে।

সরেজমিনে টাকা আদায়ের কারণ জানতে চাইলে সোহেল ও ইউসুফ দাবি করেন, ওই এলাকার বিএনপি নেতা লাল মিয়া সিকদার ও কবির সিকদারের নির্দেশে তারা টাকা আদায় করছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতেই উপজেলা বিএনপি ওই দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, ‘বিএনপির ওই দুই নেতার বিরুদ্ধে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর পর রোহিঙ্গার বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


১৮ বছর পর রোহিঙ্গার বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন বাতিল

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন নেওয়া এক রোহিঙ্গার নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধনটি বাতিল করা হয় প্রায় ১৮ বছর পর, যখন সম্প্রতি অনলাইন ডেটাবেইস থেকে তার তথ্য মুছে ফেলা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে নথি চালাচালির পর এই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করার সময় মোহাম্মদ ছলিম নামের ওই ব্যক্তির নিবন্ধন নম্বরের বিপরীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সরকারি নথি অনুযায়ী, মোহাম্মদ ছলিম প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। এরপর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। তিনি একই গ্রামের মৃত হাবিব উল্লাহর মেয়ে মোস্তফা খাতুনকে বিয়ে করেন।

নথিপত্রে দেখা যায়, ২০০৮ সালের ১০ জুলাই ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ থেকে তার নামে জন্ম নিবন্ধন করা হয়। সেখানে তার জন্ম তারিখ উল্লেখ করা হয় ১৯৬৫ সালের ৪ মার্চ। বাবার নাম হিসেবে স্থানীয় বাসিন্দা মৃত সোলতান আহমদ এবং মায়ের নাম হিসেবে আলতাজ বেগম উল্লেখ করা হয়। তাদের দুজনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়। নিবন্ধন নম্বর ছিল ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। পরে ২০২১ সালের ৮ জুন ওই নিবন্ধনের একটি প্রতিলিপিও দেওয়া হয় তাকে।

তবে জন্ম নিবন্ধনে বাবামায়ের নাম ব্যবহার করা ব্যক্তিদের পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের পর বিষয়টি সামনে আসে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে মোহাম্মদ ছলিম নিজের পরিচয় গোপন করে জন্ম নিবন্ধন নেওয়ার বিষয়টি স্বীকার করেন। ২০২৫ সালের ২১ এপ্রিল ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে বাবা-মা পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন করানোর কথাও তিনি স্বীকার করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেন তৎকালীন ইউএনও। পরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করে ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রতিবেদন জমা দেন। আবেদনকারীর পরিবারের সদস্য এবং স্থানীয় ১০ জন গণ্যমান্য ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে জন্ম নিবন্ধনটি তথ্য গোপন করে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিবন্ধনটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এরপর তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ তদন্তের নথি জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক নিবন্ধনটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে কাগজপত্র পাঠান।

তবে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নথি পাঠানোর পরও দীর্ঘদিন অনলাইন ডেটাবেইসে নিবন্ধনটির অস্তিত্ব থেকে যায়। প্রায় দেড় বছর ধরে বাতিলের প্রক্রিয়া আটকে থাকার কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

সর্বশেষ একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর বৃহস্পতিবার অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে দেখা যায়, মোহাম্মদ ছলিমের নামে করা বিতর্কিত নিবন্ধনটি আর ডেটাবেইসে নেই।

এ বিষয়ে ব্যারিস্টার নুরুল আজিম মন্তব্য করেন, "একজন মিয়ানমারের নাগরিক কিভাবে বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন পেলেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের জালিয়াতি রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি।"

তিনি আরও বলেন, "শুধু নিবন্ধন বাতিল করলেই হবে না। এর পেছনে কারা জড়িত এবং কিভাবে ইউনিয়ন পরিষদ থেকে এমন সনদ দেওয়া হলো, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জন্ম নিবন্ধন তৈরির ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%