০৮:৪৬ পি.এম
মরিসিও পচেত্তিনো যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচের পদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের ‘অন্যতম কঠিন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফুটবলের অন্যতম চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুটবলকে আবেগঘন বিদায় জানানোর সময় ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ চোখের পানি ধরে রাখতে পারেননি। এর কিছু সময় আগে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি বরখাস্ত হওয়া মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হিসেবে তাঁর নাম ঘোষণা করে।
আগামী ১৮ নভেম্বর থেকে ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করবেন এই কোচ। সামনে তাঁর জন্য রয়েছে বিশাল চ্যালেঞ্জ। গত ৪০ বছরের মধ্যে ঘরোয়া মৌসুমে ইউনাইটেডের সবচেয়ে বাজে সূচনা হয়েছে। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে রয়েছে দলটি।
আরও পড়ুন: ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার কাপ্তাই লেকে
জানা গেছে, পচেত্তিনো ওল্ড ট্রাফর্ডে আড়াই বছরের চুক্তি করেছেন। তিনি ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন।
জর্জিয়ার ফেয়েটভিলে এক সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, “এই অসাধারণ দেশ এবং আপনাদের সবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, এটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত।”
পচেত্তিনো চলতি বছরের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষোলোতে তুলেছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে শনিবার ও আগামী মঙ্গলবার হাইতির বিপক্ষে পরপর দুটি কনকাকাফ নেশন্স লিগের ম্যাচে দলকে পরিচালনা করবেন তিনি।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সময় প্রিমিয়ার লিগে ফেরার কথা ভাবেননি বলে জানান পচেত্তিনো। তবে ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ হাতছাড়া করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পচেত্তিনো বলেন, “আমি কখনোই বলিনি যে প্রিমিয়ার লিগে ফিরতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের সঙ্গে কাজ করার সুযোগ ক্যারিয়ারে খুব বেশি আসে না। এমন সুযোগ এলে তা ফিরিয়ে দেওয়া কঠিন।”
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ও মহাসচিব জেটি ব্যাটসন বলেছেন, পচেত্তিনো খেলোয়াড় ও ফুটবল সংস্কৃতির প্রতি নেতৃত্ব, পেশাদারিত্ব এবং অঙ্গীকারের মাধ্যমে ফেডারেশনে স্থায়ী অবদান রেখে গেছেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, পচেত্তিনোর বিদায়ের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন প্রায় এক কোটি ডলার পেতে যাচ্ছে। তাঁর কোচিং স্টাফের বিদায়ের খরচ বাবদ এর সঙ্গে আরও অর্থ যোগ হবে।
ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “উচ্চগতির আক্রমণাত্মক ফুটবল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলার প্রতি নিবেদন এবং ব্যক্তিগত খেলোয়াড়দের উন্নয়নে অসাধারণ সাফল্যের জন্য পচেত্তিনো সুপরিচিত।”
আরও পড়ুন: ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের ৩-২ হার, কোচ ও অধিনায়কের লাল কার্ড
ক্লাবটি আরও বলেছে, “বিভিন্ন লিগে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন পচেত্তিনো।”
২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। তবে ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে বেশিরভাগ সময়ই সাফল্যের ধারার বাইরে রয়েছে তারা।
রেড ডেভিলসদের পুরোনো গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব পাওয়া অষ্টম স্থায়ী কোচ পচেত্তিনো। তিনি সাউদাম্পটনের দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর টটেনহ্যামে যোগ দেন। সেখানে পাঁচ মৌসুমের কোনোটিতেই তাঁর দল পঞ্চমের নিচে শেষ করেনি। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল টটেনহ্যাম।
পিএসজির দায়িত্বে থেকে কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতেন পচেত্তিনো। ২০২১ সালে ফ্রেঞ্চ কাপ এবং ২০২২ সালে লিগ ওয়ান শিরোপা জিতলেও প্যারিসে চুক্তির মেয়াদ শেষ করতে পারেননি তিনি।
আরও পড়ুন: স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে কামিন্সের বক্তব্যে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম
২০২৩ সালে চেলসির ডাগআউটে ফেরেন পচেত্তিনো। তবে সেখানে মাত্র এক মৌসুম টিকেছিলেন।
আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার এর আগেও একাধিকবার ইউনাইটেডের কোচ হওয়ার পথে ছিলেন। এবার দায়িত্ব নিয়ে আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁকে।
মাঠে ও মাঠের বাইরে গভীরভাবে বিভক্ত একটি ক্লাবকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জও নিতে হবে পচেত্তিনোকে।
গত মাসে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে বাদ দেওয়া হয়েছিল। ক্যারিকের কৌশলের সমালোচনা করেছিলেন তিনি। অন্যদিকে ক্লাবের বিনিয়োগের অভাব নিয়ে প্রকাশ্যে ইউনাইটেডের কর্তৃপক্ষের সমালোচনা করেন লিসান্দ্রো মার্তিনেজ।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ এর জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন ইউল্যাব
একজন খেলোয়াড় হিসেবে একাধিক শিরোপা জেতা জনপ্রিয় কোচ ক্যারিককে বরখাস্ত করার পর ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।
দুই দশক ধরে তীব্র ও ধারাবাহিক প্রতিবাদ সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লেজার পরিবার এখনো ইউনাইটেডের সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রেখেছে। ২০০৫ সালে লিভারেজড টেকওভারের মাধ্যমে ম্যালকম গ্লেজার ক্লাবটি কিনেছিলেন। ওই অধিগ্রহণের ফলে ক্লাবের ওপর বিপুল ঋণের বোঝা চাপে।
২০২৪ সালে ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ সংখ্যালঘু মালিক হিসেবে যোগ দেওয়ার পর নতুন দিনের যে আশা তৈরি হয়েছিল, সেটাও পরে ম্লান হয়ে গেছে।
শুক্রবার এক আবেগঘন বিবৃতিতে ক্যারিক ইউনাইটেডের জন্য ‘শুধু সাফল্যই’ কামনা করেছেন। ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসা ‘কখনো শেষ হবে না’ বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভিনিসিউসের জোড়া গোলের পরও ব্রাজিলের কাছে জাপানের হার
সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন