০৭:৫৮ পি.এম
টাঙ্গাইলের মির্জাপুরে যানবাহন থেকে চাঁদা আদায় করার অভিযোগে আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবির সিকদার এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফের স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চলাচলরত ট্রাক থামিয়ে টাকা আদায় করছিলেন।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ‘টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করছিলেন। এ নিয়ে ট্রাকচালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ক্ষোভের সৃষ্টি হয়।
একাধিক ট্রাকচালক জানিয়েছেন, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছিলেন। অথচ এর আগে সেতু পারাপারে তাদের ১০০ টাকা করে টোল দিতে হয়েছে।
সরেজমিনে টাকা আদায়ের কারণ জানতে চাইলে সোহেল ও ইউসুফ দাবি করেন, ওই এলাকার বিএনপি নেতা লাল মিয়া সিকদার ও কবির সিকদারের নির্দেশে তারা টাকা আদায় করছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতেই উপজেলা বিএনপি ওই দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, ‘বিএনপির ওই দুই নেতার বিরুদ্ধে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন