ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’


কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। ছবিটি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১১ ডিসেম্বর শুরু হবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের মূল প্রতিযোগিতায় বিজয়ী সিনেমার জন্য ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তাঁর “বনলতা সেন”ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না।’

আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

তিনি আরও উল্লেখ করেন, ‘অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে “বনলতা সেন” শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।’

বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’ও রয়েছে।

এছাড়া ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত দুটি পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্লাম্বার’ প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর ভিত্তিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার।

আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর এই অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এবার বিশ্বমঞ্চে নিজের স্থান করে নেওয়ার সুযোগ পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি জাহিদুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি জাহিদুল হাসান

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। শনিবার নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ডিআইজি পরিদর্শনের সময় জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দপ্তরীয় কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে, ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়ন এবং দপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর আগে, পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিবিআইয়ের সহযোগিতায় ৭০ বছরের বৃদ্ধ শাহজাহান আলী আট মাস পরে ফিরলেন পরিবারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


পিবিআইয়ের সহযোগিতায় ৭০ বছরের বৃদ্ধ শাহজাহান আলী আট মাস পরে ফিরলেন পরিবারে

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার পর ওই বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।

নিখোঁজ বৃদ্ধের নাম শাহজাহান আলী (৭০), যিনি সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।

পিবিআই সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় তার ছেলে বাবুলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য‘-এর সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও অবস্থান করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে কোনো ভাবেই তার পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।

পরে শনিবার (১৪ নভেম্বর) ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া শেরপুরে পিবিআই কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তার ছেলের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে বাবুল।

বাবাকে পেয়ে বাবুল বলেন, "আমি পিবিআই ও আজকের তারুণ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার বাবাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সৃষ্টিকর্তা তাদেরকেও ভালো করবে। আমি সব সময় দোয়া করবো।"

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, "আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধের পরিচয় জানতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে গতকাল পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্যদের কাছে কৃতজ্ঞ।"

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, "আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে একজন নিখোঁজ বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী

যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরু সংক্রান্ত একটি প্রস্তুতি সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, সভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। কার্যক্রম শুরু হবে প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকরী করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পের সঙ্গে জড়িত সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি আজ কার্যক্রম শুরুর পর্যায়ে এসে পৌঁছেছে।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের দায়িত্ব শেষ করার জন্য আহ্বান জানান।

সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন (পরীক্ষামূলক পরিচালনা) এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অংশীজনরা প্রস্তুতির বিষয়গুলো নিয়ে মতামত বিনিময় করেন এবং টার্মিনালটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকারের দাবি করলেন আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকারের দাবি করলেন আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেছেন, ‘বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার। তাই শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে সর্বাধিক বরাদ্দ এক লাখ ৩৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।’

এই বক্তব্য তিনি শনিবার (১৪ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে বাজেটে এ ধরনের বরাদ্দ দেওয়ার কোনো নজির আগে দেখা যায়নি। বর্তমানে স্কুল-কলেজের শিক্ষকরাও শতভাগ বেতন-ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক প্রদান করছেন এবং তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করছেন। এর ফলে শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হবে।

তিনি উল্লেখ করেন, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন নস্যাৎ করতে এরশাদ সরকার কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের অফার করেছিল কিন্তু আমাদের টলাতে পারেনি। শিক্ষার্থীদের দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। কোনো কিছুতে ভয় পেলে চলবে না। লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলা যাবে না।’

আমানউল্লাহ আমান আরও বলেন, যে আস্থা নিয়ে দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভোট দিয়েছিলেন, তিনি আজ সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় পুরোহিতদের সম্মানি ভাতা ইতিমধ্যেই শুরু হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, কেরানীগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমরা ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু ফ্যাসিস্টদের আমলে তারা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উপজেলায় ডেকে নিয়ে তাদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে। তবে একমাত্র হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তন করতে পারেনি। গত ১৭ বছরে এই কলেজের কোনো উন্নয়নই ফ্যাসিস্টরা করেনি। আগামীতে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করা হবে ইনশাআল্লাহ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উমর ফারুক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা কালীন অধ্যক্ষ মো. মতিউর রহমান, বর্তমান অধ্যক্ষ তালুকদার মো. নুরুল আলম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%