ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি


কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং বিপুল অঙ্কের জরিমানা আদায়ের বিরুদ্ধে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার রাতে শহরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই প্রতিবাদের আয়োজন করেন। এ সময় তাঁদের অভিযোগ, পূর্ব নোটিশ বা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ থেকে ৮ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে ক্ষুব্ধ ব্যবসায়ীরা উল্লেখ করেন, পর্যটননির্ভর কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য বর্তমানে পর্যটন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কক্সবাজারে আসছেন। এই সময়ে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে এ ধরনের অভিযান এবং অস্বাভাবিক জরিমানা ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ীরা আরও বলেন, যদি কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু অভিযানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা, অপরাধের ধরন বিবেচনা করা এবং জরিমানার ক্ষেত্রে সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, অভিযানের ধরন ও জরিমানার পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সমাবেশ থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দেয়, তবে প্রয়োজনে কক্সবাজার শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পর্যটন মৌসুমে পর্যটকসেবা, হোটেল-রেস্তোরাঁসহ শহরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, পর্যটন মৌসুমের পিক সময়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার মতো কর্মসূচি কক্সবাজারের অর্থনীতি ও পর্যটনশিল্পের জন্য কল্যাণকর হবে না, তেমনি আইন প্রয়োগের নামে অস্বাভাবিক বা অসামঞ্জস্যপূর্ণ জরিমানা করাও গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, আইন প্রয়োগ ও ব্যবসায়ীদের স্বার্থ—দুই বিষয়েই ভারসাম্য বজায় রাখা জরুরি। অনিয়ম থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, শনিবার কক্সবাজার সফরে অবস্থান করছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অভিযানের নামে অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।

কক্সবাজারের পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে এ বিরোধের সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: পচেত্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: পচেত্তিনো

মরিসিও পচেত্তিনো যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচের পদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের ‘অন্যতম কঠিন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফুটবলের অন্যতম চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুটবলকে আবেগঘন বিদায় জানানোর সময় ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ চোখের পানি ধরে রাখতে পারেননি। এর কিছু সময় আগে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি বরখাস্ত হওয়া মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

আগামী ১৮ নভেম্বর থেকে ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করবেন এই কোচ। সামনে তাঁর জন্য রয়েছে বিশাল চ্যালেঞ্জ। গত ৪০ বছরের মধ্যে ঘরোয়া মৌসুমে ইউনাইটেডের সবচেয়ে বাজে সূচনা হয়েছে। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে রয়েছে দলটি।

জানা গেছে, পচেত্তিনো ওল্ড ট্রাফর্ডে আড়াই বছরের চুক্তি করেছেন। তিনি ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন।

জর্জিয়ার ফেয়েটভিলে এক সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, “এই অসাধারণ দেশ এবং আপনাদের সবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, এটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত।”

পচেত্তিনো চলতি বছরের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষোলোতে তুলেছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে শনিবার ও আগামী মঙ্গলবার হাইতির বিপক্ষে পরপর দুটি কনকাকাফ নেশন্স লিগের ম্যাচে দলকে পরিচালনা করবেন তিনি।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সময় প্রিমিয়ার লিগে ফেরার কথা ভাবেননি বলে জানান পচেত্তিনো। তবে ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ হাতছাড়া করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

পচেত্তিনো বলেন, “আমি কখনোই বলিনি যে প্রিমিয়ার লিগে ফিরতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের সঙ্গে কাজ করার সুযোগ ক্যারিয়ারে খুব বেশি আসে না। এমন সুযোগ এলে তা ফিরিয়ে দেওয়া কঠিন।”

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ও মহাসচিব জেটি ব্যাটসন বলেছেন, পচেত্তিনো খেলোয়াড় ও ফুটবল সংস্কৃতির প্রতি নেতৃত্ব, পেশাদারিত্ব এবং অঙ্গীকারের মাধ্যমে ফেডারেশনে স্থায়ী অবদান রেখে গেছেন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, পচেত্তিনোর বিদায়ের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন প্রায় এক কোটি ডলার পেতে যাচ্ছে। তাঁর কোচিং স্টাফের বিদায়ের খরচ বাবদ এর সঙ্গে আরও অর্থ যোগ হবে।

ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “উচ্চগতির আক্রমণাত্মক ফুটবল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলার প্রতি নিবেদন এবং ব্যক্তিগত খেলোয়াড়দের উন্নয়নে অসাধারণ সাফল্যের জন্য পচেত্তিনো সুপরিচিত।”

ক্লাবটি আরও বলেছে, “বিভিন্ন লিগে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন পচেত্তিনো।”

২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। তবে ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে বেশিরভাগ সময়ই সাফল্যের ধারার বাইরে রয়েছে তারা।

রেড ডেভিলসদের পুরোনো গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব পাওয়া অষ্টম স্থায়ী কোচ পচেত্তিনো। তিনি সাউদাম্পটনের দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর টটেনহ্যামে যোগ দেন। সেখানে পাঁচ মৌসুমের কোনোটিতেই তাঁর দল পঞ্চমের নিচে শেষ করেনি। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল টটেনহ্যাম।

পিএসজির দায়িত্বে থেকে কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতেন পচেত্তিনো। ২০২১ সালে ফ্রেঞ্চ কাপ এবং ২০২২ সালে লিগ ওয়ান শিরোপা জিতলেও প্যারিসে চুক্তির মেয়াদ শেষ করতে পারেননি তিনি।

২০২৩ সালে চেলসির ডাগআউটে ফেরেন পচেত্তিনো। তবে সেখানে মাত্র এক মৌসুম টিকেছিলেন।

আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার এর আগেও একাধিকবার ইউনাইটেডের কোচ হওয়ার পথে ছিলেন। এবার দায়িত্ব নিয়ে আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁকে।

মাঠে ও মাঠের বাইরে গভীরভাবে বিভক্ত একটি ক্লাবকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জও নিতে হবে পচেত্তিনোকে।

গত মাসে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে বাদ দেওয়া হয়েছিল। ক্যারিকের কৌশলের সমালোচনা করেছিলেন তিনি। অন্যদিকে ক্লাবের বিনিয়োগের অভাব নিয়ে প্রকাশ্যে ইউনাইটেডের কর্তৃপক্ষের সমালোচনা করেন লিসান্দ্রো মার্তিনেজ।

একজন খেলোয়াড় হিসেবে একাধিক শিরোপা জেতা জনপ্রিয় কোচ ক্যারিককে বরখাস্ত করার পর ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।

দুই দশক ধরে তীব্র ও ধারাবাহিক প্রতিবাদ সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লেজার পরিবার এখনো ইউনাইটেডের সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রেখেছে। ২০০৫ সালে লিভারেজড টেকওভারের মাধ্যমে ম্যালকম গ্লেজার ক্লাবটি কিনেছিলেন। ওই অধিগ্রহণের ফলে ক্লাবের ওপর বিপুল ঋণের বোঝা চাপে।

২০২৪ সালে ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফ সংখ্যালঘু মালিক হিসেবে যোগ দেওয়ার পর নতুন দিনের যে আশা তৈরি হয়েছিল, সেটাও পরে ম্লান হয়ে গেছে।

শুক্রবার এক আবেগঘন বিবৃতিতে ক্যারিক ইউনাইটেডের জন্য ‘শুধু সাফল্যই’ কামনা করেছেন। ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসা ‘কখনো শেষ হবে না’ বলেও জানান তিনি।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন জানিয়েছেন, কর্মজীবী মায়েদের সন্তানের জন্য নিরাপদ এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কে যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "জনগণের জন্য যা কল্যাণকর, সরকার সেটাই করতে চায়।"

আজ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করার জন্য নির্বাচনী ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যে দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, যেকোনো জনকল্যাণমূলক এবং ভালো কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে, তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ার বিষয়ক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা এক ব্যবসায়ীকে আটক করে তিন লাখ টাকা চাঁদা আদায় করেছে। গতকাল শুক্রবার, উপজেলার তেবাড়িয়া এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে জোনাইলের চামটা বিলে আব্দুল কাদেরকে আটক করে তিন লাখ টাকা আদায় করা হয়। শনিবার, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।

অভিযোগের মধ্যে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্যসচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জোনাইলের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিল বাবুল হোসেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেতুর পাশে সোঁতিজাল বসানো জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন সন্দেহ করেন যে, ব্যবসায়ী আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে এই অভিযান পরিচালনায় সহায়তা করেছেন।

আব্দুল কাদের সাংবাদিকদের জানান, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে তার জায়গা-জমি রয়েছে। সোঁতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। ওই দিন দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান। একপর্যায়ে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করেন। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের দেওয়া হয়। আরো এক লাখ টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

আব্দুল কাদের বলেন, আফসার আলী তার হাত থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

তবে বিএনপি নেতা আফসার আলী এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তিনি জড়িত না থাকায় আত্মীয়-স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা কোনো টাকা-পয়সা লেনদেনের অভিযোগ সঠিক নয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি আমরা যাচাই-বাছাই করে দেখছি, আসলে সেখানে কী ঘটেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%