০৫:৪৬ পি.এম
দীর্ঘ সাত বছর পর সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং সংগীতশিল্পীর মা শাহরিয়া আখতার বুলু অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
এই অ্যালবামটিতে মোট ৮টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। জয় শাহরিয়ার নিজেই সব গানে কণ্ঠ দিয়েছেন এবং গানগুলোর কথা ও সুর রচনা করেছেন।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন-এর মতো বিশ্বজোড়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। তবে ডিজিটাল মুক্তির পাশাপাশি বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের স্বাদ দিতে সিডি, ক্যাসেট এবং একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।
নতুন অ্যালবাম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সিডি-ক্যাসেট প্রকাশের ভাবনা নিয়ে এই শিল্পী আরও যোগ করেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’
‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।
আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন