ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত


জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, যদি কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হয় অথবা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

এই বৈঠকটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত

দীর্ঘ সাত বছর পর সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং সংগীতশিল্পীর মা শাহরিয়া আখতার বুলু অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

এই অ্যালবামটিতে মোট ৮টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। জয় শাহরিয়ার নিজেই সব গানে কণ্ঠ দিয়েছেন এবং গানগুলোর কথা ও সুর রচনা করেছেন।

আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন-এর মতো বিশ্বজোড়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। তবে ডিজিটাল মুক্তির পাশাপাশি বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের স্বাদ দিতে সিডি, ক্যাসেট এবং একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।

নতুন অ্যালবাম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সিডি-ক্যাসেট প্রকাশের ভাবনা নিয়ে এই শিল্পী আরও যোগ করেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


সিরাজদিখানে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার কৃষিবান্ধব কার্যক্রমের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চায়।" তিনি আরও উল্লেখ করেন, কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। এতে সরিষার আবাদ বাড়বে, কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "কৃষকদের শুধু প্রণোদনা দিলেই হবে না, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে, যাতে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন।" অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক হাটহাজারী বিমানবন্দর হতে পারে নতুন পর্যটনকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক হাটহাজারী বিমানবন্দর হতে পারে নতুন পর্যটনকেন্দ্র

॥ খোরশেদ আলম শিমুল ॥

চট্টগ্রাম (উত্তর), ১৪ নভেম্বর, ২০২৬ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর দ্বারা নির্মিত চট্টগ্রামের হাটহাজারী বিমানবন্দর বর্তমানে কালের পরিবর্তনের ফলে প্রায় বিলীন হওয়ার পথে রয়েছে। যদি যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন করা হয়, তাহলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

হাটহাজারী পৌরসভার আলামপুর ও আদর্শগ্রাম এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৪৩ সালে প্রায় ৩৭ একর জমির ওপর ব্রিটিশ শাসকগোষ্ঠী দ্বারা নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জঙ্গি ও সরবরাহকারী বিমানগুলোর জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৫ সালের সেপ্টেম্বরে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই বিমানঘাঁটির অধিকাংশ স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছে বিমানবন্দরটি ঘিরে এখনো নানা স্মৃতি ও গল্প প্রচলিত রয়েছে। তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা যায়, একসময় যুদ্ধবিমানের ওঠানামার শব্দে পুরো এলাকা মুখরিত থাকত। রানওয়েতে সারি-সারি বিমান দাঁড়িয়ে থাকত। জ্বালানি সংগ্রহের পর সেসব বিমান যুদ্ধের মিশনে যেত। বিশেষ করে জাপানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে বিমানঘাঁটিটি ব্যবহৃত হতো বলে তারা জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান আমলে বিমানবন্দরটি চালু বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার পরও বিভিন্ন সরকারের আমলে এ ঐতিহাসিক স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে বিমানবন্দর এলাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান প্রত্নতাত্ত্বিক ও সামরিক নিদর্শনের অনেক কিছুই হারিয়ে গেছে। বর্তমানে বিমানবন্দরটির কিছু অংশ বেদখল হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের পুরোনো স্থাপনাগুলো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। রানওয়ের বেশ কিছু অংশ এখনো দৃশ্যমান। জ্বালানি তেলের রিজার্ভারের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক ভবন ও সিগন্যাল ঘর আগাছায় ঢেকে গেছে। ভবনগুলোর দেয়ালে শেওলা জমেছে, খসে পড়েছে পলেস্তারা, ভেঙে পড়ছে ইট। প্রশাসনিক ভবনের পাশে স্থানীয়ভাবে পাকাঘর নির্মাণের কারণে পুরোনো স্থাপনাগুলোর অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।

তবে ঐতিহাসিক স্থাপনাটির পাশাপাশি এলাকাটির অপার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। বিমানবন্দরের আশপাশের ৫০০ থেকে ৬০০ গজের মধ্যে পাহাড় অবস্থিত। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানিতে ছড়াগুলো প্রাণ ফিরে পায়। পাহাড় ও সমতলের অপূর্ব মেলবন্ধনে সৃষ্টি হয় মনোরম প্রাকৃতিক পরিবেশ। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত পর্যটক এলাকায় আসেন।

এলাকাটিতে নির্মাণাধীন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফার্মভিত্তিক ক্যাম্পাস, জেলা সরকারি দুগ্ধ ও ছাগল খামার, কৃষি ইনস্টিটিউট এবং হর্টিকালচার সেন্টার রয়েছে। ঐতিহাসিক বিমানবন্দর, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও এসব প্রতিষ্ঠানকে সমন্বিত করে পরিকল্পিত পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব বলে স্থানীয়রা মনে করছেন। এতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেও হাটহাজারী বিমানঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৩৯ সালে শুরু হওয়া এ যুদ্ধে জাপানি বাহিনী বার্মা (বর্তমান মিয়ানমার) সীমান্ত দিয়ে দ্রুত অগ্রসর হলে ব্রিটিশ ভারতের কাছে চট্টগ্রাম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসা অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী বিমান ও স্থলপথে আরাকান সীমান্ত এবং বার্মার অভ্যন্তরে পাঠানো হতো। দুর্গম পাহাড়ি এলাকা ও বর্ষায় কাদামাটির কারণে স্থলপথে রসদ পরিবহন কঠিন হয়ে পড়ায় মিত্রবাহিনী আকাশপথে সরবরাহব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। এ প্রয়োজন থেকেই ১৯৪৩ সালে হাটহাজারীতে সামরিক বিমানঘাঁটি স্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ১৯৬১ সালে প্রকাশিত ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান বাহিনীর কমব্যাট ইউনিট’ শীর্ষক গ্রন্থে ভারতবর্ষের বিভিন্ন বিমানঘাঁটির বিবরণ রয়েছে। লেখক মওরারের এ গ্রন্থের তথ্য অনুযায়ী, হাটহাজারী বিমানঘাঁটি মূলত সামরিক সরবরাহের সুবিধার্থে নির্মিত হয়েছিল। এটি পরিবহন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স যৌথভাবে এখান থেকে সরবরাহকারী বিমান পরিচালনা করত। ঘাঁটিটিতে একটি রেডিও রিলে কেন্দ্রও ছিল, যা ১২৮তম আর্মি কমিউনিকেশন সিস্টেম স্কোয়াড নামে পরিচিত ছিল।

তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জমি অধিগ্রহণ করে বিমানঘাঁটিটি নির্মাণ করা হয়। এতে প্রশাসনিক ভবন, সিগন্যাল হাউস, রানওয়ে ও জ্বালানি তেলের রিজার্ভার স্থাপন করা হয়েছিল। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানঘাঁটি সে সময়ের যোগাযোগব্যবস্থার বিবেচনায় সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।

আলামপুর এলাকার বাসিন্দা ও ডাক বিভাগের পোস্টমাস্টার মো. সেলিম বাসসকে বলেন, বিমানবন্দর নির্মাণের সময় তাদের পূর্বপুরুষেরা ভিটেবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তাদের জমি ব্যবহার করে ব্রিটিশরা সিগন্যাল হাউসসহ বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যুদ্ধ শেষ হওয়ার পর তাদের পরিবার আবার বসতভিটায় ফিরে আসে। পূর্বপুরুষদের কাছে শুনেছেন, যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ এবং জাপানি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার অভিযানে এ বিমানঘাঁটি ব্যবহৃত হতো।

আদর্শগ্রাম এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ব্রিটিশ আমলে জমি নিয়ে এখানে বিমানবন্দর স্থাপন করা হয়েছিল। এর অবশিষ্ট স্থাপনাগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে পর্যটক আসেন। বিশেষ করে শুক্র ও শনিবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। সরকার এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুললে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এ বিষয়ে তিনি হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বাসসকে বলেন, ঐতিহাসিক বিমানবন্দরটি উপজেলার আলামপুর গ্রাম ও আশপাশের প্রায় ৩৭ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকলেও ঐতিহাসিক এ স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পুরোনো স্থাপনাগুলো সংরক্ষণের পাশাপাশি সেখানে পর্যটনকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা গবেষণাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা হাটহাজারী বিমানবন্দর তাই কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। যথাযথ উদ্যোগের মাধ্যমে এ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম যেমন ইতিহাস জানার সুযোগ পাবে, তেমনি হাটহাজারীতেও বিকশিত হতে পারে নতুন পর্যটন সম্ভাবনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার নতুন মজুরির প্রস্তাব দেবেন বিজিএমইএ সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সোমবার নতুন মজুরির প্রস্তাব দেবেন বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতির কারণে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। তবে, মালিকরা সোমবার (১৬ নভেম্বর) নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন।

শনিবার (১৪ নভেম্বর) কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন।

মজুরি বৃদ্ধির দাবিতে গত তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ-আন্দোলন চলছে। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শিথিল হলেও, অনেক শিল্পমালিক পুরোপুরি কারখানা সচল করতে সক্ষম হননি। এর ফলে, কিছু কারখানা বন্ধ রয়েছে এবং কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কার্যক্রম চলছে।

এমন অবস্থার মধ্যে, মজুরি বোর্ডের তৃতীয় সভার দুদিন আগে বিজিএমইএ ভবনে শিল্পমালিকরা জরুরি বৈঠকে বসেন। তারা সিদ্ধান্ত নেন যে, চলমান শ্রম অসন্তোষের কারণে তারা ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে একটি মহল। এর ফলে, শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি ক্রেতাদের কাছে ভাবমূর্তির সংকট তৈরি করছে।

বিজিএমইএ জানায়, চলমান আন্দোলনের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদনে যেতে পারেনি। তবুও, মালিকপক্ষ মজুরি বোর্ডে বেতন কাঠামোর প্রস্তাব দেবেন।

এ সময় শিল্পমালিকরা কারখানা সচল রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%