০২:২৬ পি.এম
নোয়াখালীর সুবর্ণচরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ আটক যুবদল নেতা মো. মাসুদকে উপজেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছিলেন উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকসহ গ্রেপ্তারের ঘটনার পরদিন শনিবার রাতে মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ডিবি পুলিশ শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) এবং মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন