০৯:০৫ পি.এম
সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহের মধ্যে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা নথিভুক্ত করেছে।
রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উদ্ধৃতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নথিভুক্ত ১১ হাজার ৫৮৭টি অপরাধের মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইন ভঙ্গের ঘটনা, ৩ হাজার ১৯১টি অবৈধ সীমান্ত অতিক্রম বা নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: মার্কিন রাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে ৪ বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জন এবং বেআইনি উপায়ে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ১৮ জনকে সীমান্ত রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। এছাড়া, আইন লঙ্ঘনকারী প্রবাসীদের যাতায়াতে পরিবহন সেবা দেওয়া, আশ্রয় প্রদান বা অবৈধভাবে কাজে নিয়োজিত রাখার অভিযোগে ২৯ জন সহযোগীকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল পারমিট বা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। একইসাথে, ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি ত্যাগের চূড়ান্ত প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
কঠোর সতর্কবার্তা জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো ব্যক্তি সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে, যাতায়াতে যানবাহন প্রদান করে বা থাকার জায়গা ও অন্যান্য সুবিধা দেয়, তাহলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে। একইসাথে, অবৈধ ব্যক্তিদের সহায়তায় ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
আরও পড়ুন: নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম নিয়ে বিমানের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন