ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়


প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সমর্থনের প্রসঙ্গে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, প্রশাসনের কর্মকর্তাদের যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকা তিনি ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না। তবে, এই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অনুষ্ঠিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ক্যাডার বা কর্মস্থল যাই হোক, তাদের প্রথম ও প্রধান পরিচয় হলো— তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। নাগরিকদের সঙ্গে অফিসে সেবা নিতে আসার সময় মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। যদি কারও আবেদনপত্রে ভুল থাকে, তাহলে তাকে শুধু ফিরিয়ে না দিয়ে, কীভাবে তা সংশোধন করা যায় সেই পরামর্শ দেওয়াটাই মানবিকতার প্রতীক।

আরও পড়ুন: মোংলায় পশুর নদীতে গোসল করতে গিয়ে যুবক সাবিত খান নিখোঁজ

তিনি আরও বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি।

এসময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ‘নিজের সঙ্গে যেমন আচরণ প্রত্যাশা করেন, অন্যের সঙ্গেও তেমন আচরণ করার’ নীতি অনুসরণ করার জন্য আহ্বান জানান।

সরকারপ্রধান পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচায়ক। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, একটি সরকার চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে জনগণ রায় দিয়েছে। তাই এটি এখন জনগণের দলিল। সরকারের এই এজেন্ডা বা ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজটি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে করতে হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা পোষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষাংশে তিনি পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়তে আমাদের চারপাশ ও অফিস-আদালত পরিচ্ছন্ন রাখতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার দিবে শ্রমিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার দিবে শ্রমিকপক্ষ

গার্মেন্টস শিল্পে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে নিম্নতম মজুরি বোর্ড দ্বিতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব দিতে যাচ্ছে। তবে মালিকপক্ষ এখনও তাদের প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি, এ বিষয়ে তারা কাজ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ সভায় উভয় পক্ষকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল মজুরি বোর্ডের পক্ষ থেকে। ওই সভায় শ্রমিক ও মালিক— উভয় পক্ষই পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব উপস্থাপনে সম্মত হয়েছিল।

সেই অনুযায়ী, সোমবারের সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব এখনও চূড়ান্ত না হওয়ায় সভায় তাদের অবস্থান কী হবে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, "আগামীকালের সভায় উপস্থাপনের জন্য আমরা এখনো ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছি।" তিনি জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের ভিত্তিতে তারা একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, "প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, যা শ্রমিকদের বর্তমান দাবি; অথবা এর চেয়েও বেশি হতে পারে।" বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, "বিভিন্ন শিল্পাঞ্চলে রোববার ৪০টি কারখানা বন্ধ থাকায় চলমান অস্থিরতা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন।" তবে তিনি জানান, তারা সভায় রয়েছেন এবং মজুরি বোর্ডের দ্বিতীয় সভার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার পর তাদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি সোমবার জমা দেওয়া হতে পারে, আবার না-ও হতে পারে।

উল্লেখ্য, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং গার্মেন্টস শিল্পে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর অবসরের ঘোষণায় মরিনিয়োর মন্তব্য: ‘এখনো অনেক লক্ষ্য বাকি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রোনালদোর অবসরের ঘোষণায় মরিনিয়োর মন্তব্য: ‘এখনো অনেক লক্ষ্য বাকি’

পর্তুগাল জাতীয় ফুটবল দলের সদস্য ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের সিদ্ধান্তের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্বদেশি কোচ জোসে মরিনিয়ো।

রোনালদো জাতীয় দলের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে অবসরের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন এই ফুটবল মহাতারকা।

রিয়াল মাদ্রিদে রোনালদোর কোচ হিসেবে দায়িত্ব পালন করা মরিনিয়ো বলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তবে তিনি মনে করেন, জাতীয় দল থেকে বিদায় নেওয়ার অর্থ রোনালদোর ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি নয়।

মরিনিয়ো মন্তব্য করেন, 'তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং আমি সেটিকে সম্মান করি। তবে তিনি ক্যারিয়ার শেষ করেননি। যারা তাকে চেনেন, তারা জানেন, এখনো তার অনেক লক্ষ্য রয়েছে।'

পর্তুগিজ কোচের আশা, রোনালদো যেদিন পুরোপুরি ফুটবলকে বিদায় জানাবেন, সেই দিনটি যেন জাতীয় দল ছাড়ার ঘোষণার দিনের চেয়ে আলাদা ও সুন্দর হয়।

জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি রোনালদো। তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলে যাচ্ছেন। এই ৪১ বছর বয়সী ফুটবলার পেশাদার ক্যারিয়ারের এক হাজার গোলের লক্ষ্য তাড়া করছেন, যা প্রথম ফুটবলার হিসেবে অর্জন করার চেষ্টা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় পশুর নদীতে গোসল করতে গিয়ে যুবক সাবিত খান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


মোংলায় পশুর নদীতে গোসল করতে গিয়ে যুবক সাবিত খান নিখোঁজ

মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সাবিত খান (২০) নামের এক যুবক। এ ঘটনা ঘটেছে রোববার (৮ নভেম্বর) বিকেলে।

ঘটনার পর পশুর নদীর বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌপুলিশের একাধিক তল্লাশি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোলিমাবাদ খানপাড়া এলাকার বাসিন্দা ফিলটার খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস এবং বহনের কাজে নিয়োজিত ছিল ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের একটি বাল্কহেড কার্গো। সাবিত খান ওই বাল্কহেড কার্গোতে এস্কর্ট (নিরাপত্তাকর্মী বা প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালন করতে সম্প্রতি দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় আসেন।

রোববার বিকেলে তিনি শহরের বাগেরহাট জেটি সংলগ্ন পশুর নদীর ঘাটে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে তিনি তলিয়ে যান। আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যেই তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে দৃষ্টির আড়ালে চলে যান।

ঘটনার খবর পাওয়ার পর মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড পশ্চিম জোন এবং স্থানীয় নৌপুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের খুলনা বিশেষ ডুবুরি দল ও কোস্ট গার্ডের দ্রুতগামী উদ্ধারকারী বোট নদীর সম্ভাব্য পয়েন্টগুলোতে তল্লাশি চালাচ্ছে।

উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জোয়ারের প্রবাল স্রোত এবং নদীতে পানির নিচে ঘোলাটে পরিবেশ থাকার কারণে ডুবুরিদের নদীর তলদেশে কাজ করতে বেশ প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। তবুও ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা হাল না ছেড়ে পশুর নদীর ভাটির দিকে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের দুবলার চরে সাগরের পানিতে গোসলে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন। একটানা ৫৬ ঘণ্টার যৌথ অভিযান শেষে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবনের চর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।

পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা পশুর নদী ও সংলগ্ন উপকূলীয় এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও প্রশাসন নদীতে গোসল করা বা চলাচলের ক্ষেত্রে পর্যটক, জাহাজ শ্রমিক ও স্থানীয় অধিবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%