০৯:০৫ পি.এম
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ জন মক্তব শিক্ষার্থীর জন্য পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মক্তবে অধ্যয়নরত ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সময় তাদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবরার জানান, "এখন আমি নিজেই কুরআন পড়তে পারি। প্রতিদিন ভোরে মক্তবে এসে কুরআন শিখতে আমার খুব ভালো লাগে। খুদ্দামুল কুরআনের উদ্যোগে নিয়মিত কুরআন শেখার সুযোগ পাচ্ছি। নিজের একটি কুরআন পেয়ে আমি অনেক খুশি।"
আরও পড়ুন: সকাল-সন্ধ্যায় যেসব জিকির ও দোয়া করবেন
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, "স্কুলের পড়াশোনার পাশাপাশি কুরআন শিখতে পেরে আমি খুব আনন্দিত। খুদ্দামুল কুরআন আমাদের মতো শিশুদের কুরআন শেখার সুন্দর সুযোগ করে দিয়েছে। আমি বড় হয়ে পুরো কুরআন শিখতে চাই এবং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়তে চাই।"
অভিভাবক এনামুল হাসান আরিফ মন্তব্য করেন, "সন্তানরা স্কুলের পড়াশোনার পাশাপাশি মক্তবে কুরআন শিখছে, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। খুদ্দামুল কুরআন শিশুদের দ্বীনি শিক্ষার প্রসারে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।"
খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বখতিয়ার হোসাইন সরদার জানান, শিশুদের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ বাড়ানো এবং কুরআনের শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের উদ্দেশ্য। শৈশব থেকেই দ্বীনি শিক্ষার সুযোগ বাড়ানোর মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করছেন।
বোর্ডের সূত্রে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে পরিচালিত ‘সুবাহী মক্তব’ বর্তমানে দেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে। চলতি বছর এসব মক্তবে প্রায় দুই লাখ ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় আম্মাপারা বিভাগে অংশ নেয় ৪৫ হাজার শিক্ষার্থী। নভেম্বর মাসজুড়ে দেশব্যাপী কুরআন সবক কর্মসূচি চলমান রয়েছে। কুষ্টিয়ার এই আয়োজন সেই কর্মসূচির অংশ।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন