০৪:০১ পি.এম
ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ এই কর্মসূচি আয়োজন করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে বিরোধী পক্ষের পক্ষ থেকে।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এই কর্মসূচি শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এছাড়া, দিল্লির এই সমাবেশে বিভিন্ন রাজ্যের বর্তমান এবং সাবেক মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আমেরিকায় সফরের প্রস্তুতি নিচ্ছেন পোপ লিও
বিরোধী জোটের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসার নেত্রী নেহা বোরাও রামলীলা ময়দানে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের দাবি, সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েত ঘটতে পারে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব। যদি ভিড়ের সংখ্যা বাড়তে থাকে, তাহলে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই জমায়েত বন্ধ করে দেওয়া হবে।
ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গত মাস থেকে প্রায় প্রতিদিনই বিরোধী দল, শিক্ষার্থী সংগঠন এবং তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি বিক্ষোভ করে আসছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়া হচ্ছে।
তবে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, ভুলভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা পুনরায় নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিরোধীরা বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।
আরও পড়ুন: ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া: কেসিএনএ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন