ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ব্র্যাক ব্যাংক দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করলো


ব্র্যাক ব্যাংক দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করলো

বাংলাদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখা, কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবেন এবং অন্য মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। এর ফলে গ্রাহকদের একই তথ্য বারবার প্রদান করা কিংবা নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। ব্যাংকটির দাবি, এই সেবা গ্রাহকদের জন্য ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ, দ্রুত, নিরবচ্ছিন্ন এবং ব্যক্তিকেন্দ্রিক করে তুলবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন এই উদ্যোগকে ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ব্যাংকের বিভিন্ন সেবা চ্যানেলকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে, যদি কোনো গ্রাহক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার আবেদন শুরু করেন, তাহলে পরবর্তী সময়ে শাখা বা কল সেন্টারের মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। একইভাবে ঋণ বা ক্রেডিট কার্ডের আবেদনও এক চ্যানেলে শুরু করে অন্য চ্যানেলে চালিয়ে নেয়া যাবে। যদি কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে যেখানে কাজ শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুন: গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ১৩.৮৮ শতাংশ

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এস হাসান বলেন, "ওমনিচ্যানেল ব্যাংকিং শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। ডিজিটাল সুবিধা ও মানবিক সেবার সমন্বয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।"

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের তথ্য বিভিন্ন চ্যানেলে সমন্বিতভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে চ্যানেল পরিবর্তন করলেও একই তথ্য বারবার দিতে হবে না। ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকের আগের যোগাযোগ ও লেনদেনের প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। এর ভিত্তিতে গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সেবা এবং বিশেষ অফার দেয়ার সুযোগ তৈরি হবে।

এ সুবিধা শুধু নতুন অ্যাকাউন্ট খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অ্যাকাউন্ট খোলা, ঋণ, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বিদ্যমান গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকরাও এ অভিজ্ঞতার আওতায় আসবেন। এমনকি যারা এখনো ব্র্যাক ব্যাংকের গ্রাহক নন, তারাও অ্যাকাউন্ট, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন শুরু ও সম্পন্ন করতে পারবেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, "আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার সমন্বয়ে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।"

আরও পড়ুন: সরকার ৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়লেও বিভিন্ন মাধ্যমে সেবা নিতে গিয়ে গ্রাহকদের তথ্য পুনরায় দেয়া, একই কাজের জন্য একাধিকবার যোগাযোগ এবং আবেদনপ্রক্রিয়ার জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ। ব্র্যাক ব্যাংকের নতুন এই উদ্যোগ এসব সীমাবদ্ধতা কতটা কমাতে পারে, তা নির্ভর করবে সেবার বাস্তবায়ন, তথ্যের নিরাপত্তা এবং সব চ্যানেলে সমান মানের সেবা নিশ্চিত করার ওপর।

ব্যাংকটির চারটি প্রধান সেবা মাধ্যমের আওতায় রয়েছে ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার ১০০-এর বেশি এজেন্ট আউটলেট, কল সেন্টার এবং দুটি ডিজিটাল চ্যানেল-মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। এসব চ্যানেলের যেকোনোটি ব্যবহার করেই গ্রাহকরা ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন। এমনকি স্মার্টফোন ব্যবহার না করেও শাখা বা কল সেন্টারের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

এ সেবা ব্যবহারের জন্য আলাদা কোনো ওমনিচ্যানেল চার্জ দিতে হবে না বলে জানিয়েছে ব্যাংকটি। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য বা সেবার প্রচলিত ফি ও চার্জ বহাল থাকবে। গ্রাহকদের সহায়তায় ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) ডেডিকেটেড সাপোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু: শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। তবে বর্তমানে চলমান রিকশা মালিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। বৈধ এবং অবৈধ রিকশাগুলো আপাতত চলতে থাকবে।

রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলের জন্য সরকার বিধিমালা প্রণয়ন করেছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে।

নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করা বাধ্যতামূলক। অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও তিনি জানান।

শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটি ই-রিকশার ইকোনোমিক লাইফ টাইম নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত হবে। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং এটি ধাপে ধাপে চলতে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে চলমান রিকশাগুলোকে এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না বলেও তিনি জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দুই জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮০০০ টাকা এবং নবায়ন ফি ৪০০০ টাকা। চারজন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০,০০০ টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫০০০ টাকা। ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ৩০ হাজার টাকা মজুরির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


আশুলিয়ার পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ৩০ হাজার টাকা মজুরির দাবি

ঢাকার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। শিল্প পুলিশের সদস্যরা কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছেন যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। তবে পাঁচটি কারখানার শ্রমিকরা প্রবেশের পরেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কর্মবিরতি পালনকারী কারখানার সংখ্যা নিশ্চিত করেছেন।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে আজ সাধারণ ছুটি ঘোষণা করা সব কারখানা খুলে দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে, এমন পরিস্থিতির কথা মাথায় রেখে কাজ করছে ইরানের সশস্ত্র বাহিনী।

রোববার (১ নভেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, ‘শত্রুপক্ষ যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানকে কোনোভাবেই অপ্রস্তুত অবস্থায় ধরা যাবে না এবং তারা প্রয়োজন অনুযায়ী যথাযথ জবাব দেবে।’

জাভানি আরও জানান, ইরানের সামরিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা শুধু আত্মরক্ষামূলকই নয়, প্রয়োজনে আগাম বা আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে সক্ষম।

তিনি উল্লেখ করেন, ইরান মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষ আকাশপথে বা সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করলে, সেই এলাকা তাদের জন্য একটি ‘মৃত্যুপুরী’তে পরিণত হবে।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলছে তেহরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি পর্যালোচনা চলছে। সংলাপের দরজা খোলার উদ্যোগ ইতিবাচক হলেও, এই মুহূর্তে বৈঠকের প্রয়োজন দেখছে না ইরান। তবে সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরাঘচি বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আমাদের অস্ত্রভাণ্ডার আধুনিক করা হয়েছে, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা হয়েছে এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। আমাদের বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার জবাবে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহি। তিনি বলেন, হামলার ইঙ্গিত পেলেই জবাবের সময় ও ধরন ঠিক করা হবে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

সিলেটের কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের কারণে ধলাই সেতু ঝুঁকির সম্মুখীন হয়েছে। সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উপর দিয়ে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। অভিযোগ রয়েছে, সেতুর পিলারের গোড়ায় বালু উত্তোলন চলছে। এতে গভীর গর্ত তৈরি হয়েছে এবং সেতুর ধসের আশঙ্কা বাড়ছে। সেতুর আশপাশে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এর ভিত্তি ও স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারিতে বারবার অভিযান চালানো হলেও বালু উত্তোলন থামানো যাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমমন্ত্রী জড়িতদের ধরিয়ে দিতে কঠোর বার্তা দিয়েছেন।

সাদাপাথর চুরির পর এবার একই এলাকার একটি সেতু ধ্বংসে বালুখেকোরা উঠেপড়ে লেগেছে। দিনের আলো কিংবা রাতের আঁধারে ধলাই নদীর বুকে বালু উত্তোলন চলছে। এটি শুধুমাত্র নদী থেকে বালু তোলার ঘটনা নয়; অভিযোগ রয়েছে, কোম্পানীগঞ্জের ধলাই সেতু হুমকির মুখে পড়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত এই সেতুটি দুই তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ২০০৩ সালে নির্মিত ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি একসময় সিলেট বিভাগের দীর্ঘতম ছিল। বর্তমানে এটি দৈর্ঘ্যের দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সেতুর আশপাশে ও পিলারের গোড়ায় বালু উত্তোলনের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। সেতুর নিচে তাকালে গভীর গর্ত দেখা যায়। পিলারের গোড়ায় বালু তুলে নেওয়ার ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী এই ধ্বংসযজ্ঞ দেখলেও ভয়ে মুখ খোলেন না।

কোম্পানীগঞ্জের অন্যতম ভরসা ধলাই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হবে, দুর্ভোগ বাড়বে এবং অর্থনৈতিক ক্ষতির শঙ্কা তৈরি হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, মাঝেমধ্যে অভিযান চালানো হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষে আবারও আগের কার্যক্রম শুরু হয়। প্রশাসনের সাথে লুকোচুরি খেলে এই বালুখেকোরা, তবে সেতুটি বাঁচাতে অভিযান অব্যাহত রয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা চলছে।

বালু উত্তোলন নিয়ন্ত্রণ, সেতুর নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, "দোষী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।" তাদের ধরা হলে কোনো নেতা বা এলাকাবাসীর সুপারিশ কাজে আসবে না। প্রয়োজনে এলাকাবাসী তাদের ধরিয়ে দিতে নির্দেশ দেন মন্ত্রী।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ধলাই সেতুটি উদ্ভোধন করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%