ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জ্বালানী সংকট মোকাবিলায় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন


জ্বালানী সংকট মোকাবিলায় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেছেন যে, সরকার জ্বালানী সংকট মোকাবিলায় পুনর্ব্যবহাযোগ্য জ্বালানীতে গুরুত্ব প্রদান করছে।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাইন্স পলিসি ডায়লগ অন ব্ল্যাক কার্বন অ্যান্ড আদার শর্ট লাইভড ক্লাইমেট পল্যুটেন্টস’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন উল্লেখ করেন, অতীতের নীতির ফলে আমাদের জ্বালানি খাতে ঝুঁকি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সরকার জ্বালানির উৎসকে বহুমুখী করতে চায়। পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে সরকারের গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্পও চালু রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা। নতুন প্রকল্পগুলোতে বৈদ্যুতিক যানবাহনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার সিএনজির মতো পরিবেশবান্ধব যানবাহন চালুর উদ্যোগের কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বিএনপির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এছাড়া, প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধকরণ এবং পাটজাত ও পরিবেশবান্ধব পণ্যের প্রসারে বিএনপি সরকার উদ্যোগ নিয়েছিল।

বিগত বিএনপি সরকারের সময় দেশব্যাপী সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই সংস্কৃতিকে আবার নতুন করে ফিরিয়ে আনতে ও আরও বিকশিত করতে চাই।

আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাহদী আমিন বলেন, আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা হবে না; বরং প্রকৃতিকে সংরক্ষণ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা এমন প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম হাতে নিতে চাই, যেখানে পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হবে। কারণ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাণ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম বিশুদ্ধ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। এজন্য আমাদেরকে বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশবান্ধব কার্যক্রমগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার মাধ্যমে আমরা জলাধার তৈরি করতে চাই। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখা ও পানিসম্পদের ব্যবস্থাপনা আরও সহজ হবে।

আরও পড়ুন: নিজ উদ্যোগে খেলার মাঠ তৈরি, বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরজান গুসটাফসোনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এ এস এম আব্দুল আওয়াল এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ উদ্যোগে খেলার মাঠ তৈরি, বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


নিজ উদ্যোগে খেলার মাঠ তৈরি, বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ‘দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ’- এই প্রবাদবাক্যটি জীবনের পথে চলতে অনেকের জন্য সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা এমন একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। তারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে গ্রামের তরুণদের জন্য একটি খেলার মাঠ নির্মাণের অনন্য নজির তৈরি করেছেন। এই উদ্যোগ ইতোমধ্যেই সারা দেশের জন্য একটি রোলমডেল হিসেবে পরিগণিত হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুপুর গ্রামের বাসিন্দাদের প্রশংসা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিষয়টি জানলেন, তখন তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠান। এর ফলস্বরূপ, ক্রীড়া মন্ত্রণালয় দেলদুয়ার উপজেলায় সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করে মাঠের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আজ জাতীয় ক্রীড়া পরিষদে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রতিশ্রুতি ঘোষণা করেন। তিনি দেলদুয়ারের এই মহৎ উদ্যোগের জন্য উদ্যোক্তা ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করার কথাও জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী এবং বাবুপুর গ্রামের মাঠ তৈরির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মহৎ উদ্যোগের সফলতার জন্য সবাই একত্রিত হলে তা সম্ভব হয়। এই চিন্তা মাথায় রেখে গ্রামের ছেলে-মেয়েদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে বাবুপুরের কিছু গ্রামবাসী খেলার মাঠ তৈরির উদ্যোগ নেন। ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করতে বাবুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভার আয়োজন করা হয়, যেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেন।

মাঠ তৈরির অন্যতম উদ্যোক্তা মো. খোরশেদ আলম এ বিষয়ে বলেন, ‘এই গ্রামে বাচ্চাদের খেলার সুযোগ-সুবিধা ছিল না। খাস জমিতে ফসল কাটার পর যে ১৫ দিন জমিটি খালি থাকত, সে সময় সেখানে সবাই খেলাধুলায় মেতে উঠত। কিন্তু পরে আবারও সেই একই চিত্র দেখা যেত। ফলে তরুণরা খেলাধুলার সুযোগ না পেয়ে মাদকাসক্ত ও অন্যান্য অসামাজিক কাজে জড়িয়ে পড়ত।’

তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা অনেকে মিলে তরুণদের ফিরিয়ে আনার উদ্যোগ নিই। আয়োজিত সভায় সকলের অংশগ্রহণ তাদের উৎসাহিত করে তোলে। ২০০, ৪০০, ৫০০ টাকা থেকে শুরু করে সকলেই চাঁদা দিতে থাকলে ঐ সভায় প্রায় ৮ লাখ টাকা তহবিলে জমা হয়। এমনকি একজন চা বিক্রেতাও ২০০ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এভাবে প্রায় দেড় মাসের মধ্যে ৩২ লাখ টাকা সংগৃহীত হয়, যেখানে প্রবাসীসহ আশপাশের গ্রামবাসীও অবদান রেখেছেন।

সেই টাকা দিয়ে ইকবাল হোসেন সুজনের ৫৯ শতাংশ জমি ক্রয় করে মাঠের জন্য জায়গা নেয়া হয়। গত ২৯ অক্টোবর সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করে ও জাতীয় সংগীত বাজিয়ে জমিটিকে স্থায়ীভাবে খেলার মাঠের জন্য নির্ধারণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুথী বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বাসসের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, ‘শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য স্থায়ী খেলার মাঠের অভাব পূরণের জন্য বাবুপুর গ্রামের সাধারণ জনগণ বাবুপুর মৌজার ১৮১৬ নং দাগের ৫৯ শতাংশ জমি ক্রয়ের জন্য স্থানীয়দের উদ্যোগে ৩২ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে। যদিও খেলার মাঠের জন্য জমি দলিল করে দেওয়া হয়নি। ২৯ অক্টোবর জমিটি খেলার মাঠের জন্য উদ্বোধন করা হয়েছে।’

সরকারের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির যে উদ্যোগ রয়েছে, তার ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ খেলার মাঠ তৈরিতে বাবুপুরে ৫৯ শতাংশের সাথে আরও ১৮০ শতক জায়গা প্রয়োজন।

জোহরা সুলতানা জুথী বলেন, ‘পাকা রাস্তা থেকে জমিটি ২৫০ ফুট পূর্বদিকে অবস্থিত ১৮১৬ নং দাগটি বর্তমানে ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে ধান রয়েছে। এটি তিন ফসলি আবাদি জমি। ১৮১৬ দাগের আশেপাশে কোনো সরকারি খাস জমি নেই। দাগের আশপাশে ‘খ’ তফসিলভুক্ত জমি ও ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, যার শ্রেণি নামা ও কান্দা। ২০২৫-২৬ সালে বাবুপুর মৌজার কান্দা শ্রেণির প্রতি শতকের বাজার মূল্য ৬৩ হাজার ২১২ টাকা ও নামা শ্রেণির মূল্য ৩১ হাজার ৮৭৫ টাকা।

ঐ দাগের আশেপাশে ১৩০৩ নং দাগের ২২ শতক জমি, ১৮১৭ নং দাগের ৩২ শতক জমি, ১৮১৮ নং দাগের ৩১ শতক জমি, ১৮১৩ নং দাগের ২০ শতক জমি, ১৮২১ নং দাগের ৩১ শতক জমিসহ মোট ১৮০ শতক জমি রয়েছে। ২৩৯ শতক জমি নিয়ে মাঠ তৈরি করা হলে বাকি ১৮০ শতক জমি অধিগ্রহণ করে খেলার মাঠ বানাতে হবে। এজন্য ১৮০ শতক কান্দা শ্রেণির জমির মূল্য তিনগুণ হিসেবে ৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা।

এছাড়া ১৩০২ নং দাগের জমিতে একটি বাড়ি রয়েছে। সে হিসেবে অবকাঠামো, গাছপালার মূল্য হিসেবে আরও প্রায় ৬০ লাখ টাকার প্রয়োজন। সব মিলিয়ে ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা প্রয়োজন।

ক্রীড়া প্রতিমন্ত্রী পুরো বিষয়টি জেনে অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ধরনের একটি মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সরকারের পক্ষ থেকে উপজেলার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অন্যদেরও তা অনুকরণের আহ্বান জানিয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে বলেন, ‘এভাবেও এগিয়ে আসা যায়, বিষয়টি আমাকে সত্যিই অবাক করেছে। খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি, তা হবে বিশেষ কিছু। একইসাথে বাবুপুর গ্রাম পুরো দেশের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, নরওয়ে ও বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে এই সম্পর্কের বিস্তার ঘটে। নরওয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের বিকাশে নরওয়ে সবসময় সহযোগিতা করে আসছে।

স্পিকার বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের ফলে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনে সংসদীয় গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। স্বৈরাচারী সরকার গুম, খুন, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতাদের বারবার কারাবরণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, নরওয়ে ও ইউরোপের অন্যান্য দেশ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসনে সহায়তা করতে পারে।

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, দীর্ঘকাল ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে।

বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে সারাবিশ্বের শান্তিরক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, নরওয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তার ও মানবাধিকার সুরক্ষায় সবসময় সহায়তা দিতে প্রস্তুত।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময় এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেন। এছাড়া চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম ও জুলাই সনদ সম্পর্কে তারা মতবিনিময় করেন।

এ সময় স্পিকার ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য নরওয়ের কোম্পানিকে আমন্ত্রণ জানান।

বৈঠকে নরওয়ের দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : পিএসসি বা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।

আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অধ্যাপক ড. শামীমা সুলতানাকে শপথবাক্য পাঠ করান।

অধ্যাপক শামীমা সুলতানা গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করেছেন।

এছাড়া, এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময়কাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, পুলিশ ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন: শিমুল বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, পুলিশ ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন: শিমুল বিশ্বাস

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পরিবহন নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি মন্তব্য করেছেন যে, রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, পুলিশ, পরিবহন মালিক এবং শ্রমিকদের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

শিমুল বিশ্বাস উল্লেখ করেন, এই চারটি পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সমঝোতা এবং দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে অসাধ্যকেও সাধন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, রাজধানীর যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতা দূর করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা শহরে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে ছয়টি বাস রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস মন্তব্য করেন, ঢাকা নগরের জন্য এটি একটি সুসংবাদ। নানা যুদ্ধ, সংকট ও দুর্বিপাকের মধ্যেও রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর এই উদ্যোগ নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করবে। ঢাকা শহরের বিশৃঙ্খল অবস্থা, অসহনীয় যানজট এবং মানুষের জীবন ও সম্পদের অনিরাপত্তার অবসান সকলের কাম্য। তবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হলে কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

রাজধানীর জনসংখ্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা নগরে বর্তমানে প্রায় তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছে। প্রায় চার কোটি মানুষের এই নগরী বিশ্বের অন্যতম বৃহৎ জনবসতিপূর্ণ শহর। এত বিপুলসংখ্যক মানুষের বসবাসের শহরে সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

শিমুল বিশ্বাস আরও বলেন, বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং বিশৃঙ্খলা অন্যতম। এসব সমস্যা দেশের অগ্রযাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা গেলে তার ইতিবাচক প্রভাব দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, ঢাকা মহানগর বাংলাদেশের সামগ্রিক চিত্র বহন করে। একজন মানুষের মুখ দেখে যেমন তার ব্যক্তিত্ব ও শারীরিক অবয়ব সম্পর্কে ধারণা পাওয়া যায়, তেমনি ঢাকা শহরের অবস্থা দেখেও বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে একটি ধারণা তৈরি করেন। বিদেশি অতিথিরা বিমানবন্দর থেকে সচিবালয় কিংবা কোনো হোটেলে যাওয়ার পথে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা ও যানজট দেখলে গোটা দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে ফিরে যান। এই মন্তব্য কোনো নির্দিষ্ট পরিবহন মালিক, শ্রমিক বা ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং পুরো বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক মূল্যায়ন তৈরি হয়। তাই রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন দেশের ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

এ সময় তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি চারটি পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এগুলো হলো— পরিবহন শ্রমিক, মালিক, পুলিশ এবং সাংবাদিক। দেশের প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিককে দায়িত্বশীল হতে হবে। পরিবহন খাতে যারা বিনিয়োগ করেছেন, সেই মালিকদেরও নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনায় এগিয়ে আসতে হবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিশেষ করে ট্রাফিক বিভাগের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদেরও দায়িত্বশীল ও শক্তিশালী লেখনীর মাধ্যমে এই উদ্যোগের পক্ষে ভূমিকা রাখতে হবে।

শিমুল বিশ্বাস বলেন, এই চার পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠিত হলে সড়ক পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এখন সবাই পরিবর্তন দেখতে চান। বিশৃঙ্খলা থেকে দেশকে বের করে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার প্রত্যাশা মানুষের। দেশের সব যুদ্ধ, সংঘাত ও লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত দুঃখ, দারিদ্র্য, বৈষম্য এবং অনাচার থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আরও বলেন, বিশৃঙ্খলা আর সহ্য করার কোনো প্রয়োজন নেই। পরিবহন খাতের সবাইকে নিজ নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসতে হবে।

রাজধানীর সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের আধিক্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরের সড়কের একটি বড় অংশ রিকশাসহ বিভিন্ন যানবাহনের দখলে রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা ও যাতায়াতের প্রয়োজনে এসব যানবাহনের গুরুত্ব রয়েছে। তবে একই সঙ্গে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, যাতায়াতে দীর্ঘ সময় নষ্ট এবং কর্মঘণ্টার অপচয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। যানজটের কারণে প্রতিদিন যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তা হিসাব করলে এর ভয়াবহতা উপলব্ধি করা যায়।

তিনি বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। মানুষের কর্মঘণ্টা বাঁচবে, পণ্য ও যাত্রী পরিবহনে সময় কম লাগবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও কর্মক্ষম। এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি এবং পরিবহনসহ সব খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ, সমুদ্রসম্পদ, পাহাড় এবং বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আরও বলেন, অতীতে বিভিন্ন সরকার পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। কিন্তু নানা প্রতিবন্ধকতা এবং স্বার্থান্বেষী মহলকে প্রশ্রয় দেওয়ার কারণে এসব উদ্যোগ প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে এবার পরিবর্তনের ব্যাপারে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন এবং জবাবদিহি ও দায়িত্বশীলতার ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগকে ত্বরান্বিত করেছেন।

এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শিমুল বিশ্বাস বলেন, এই উদ্যোগ যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ছবি তোলার মধ্য দিয়ে শেষ না হয়। বাস্তবে এর সুফল নগরবাসীর কাছে পৌঁছে দিতে হবে।

পরিবহন খাতের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এ খাতের বিভিন্ন সীমাবদ্ধতা, ত্রুটি এবং সমালোচনার বিষয়গুলো সম্পর্কে তারা অবগত। এসব বিষয়ে আত্মসমালোচনা গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, দেশের পরিবহন খাতের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন সময় এসেছে সেই অভিজ্ঞতা ও অবদানকে কাজে লাগিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার। সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং এর সুফল পুরো দেশের মানুষ ভোগ করবে।

অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক মশিউর রহমান, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন এবং সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%