ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু: শাহে আলম


সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। তবে বর্তমানে চলমান রিকশা মালিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। বৈধ এবং অবৈধ রিকশাগুলো আপাতত চলতে থাকবে।

রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলের জন্য সরকার বিধিমালা প্রণয়ন করেছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে একই রাস্তা সকালে জামায়াতের, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন

নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করা বাধ্যতামূলক। অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও তিনি জানান।

শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটি ই-রিকশার ইকোনোমিক লাইফ টাইম নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত হবে। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং এটি ধাপে ধাপে চলতে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে চলমান রিকশাগুলোকে এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না বলেও তিনি জানান।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতির সংকট নিয়ে নাগরিক সংলাপ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দুই জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮০০০ টাকা এবং নবায়ন ফি ৪০০০ টাকা। চারজন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০,০০০ টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫০০০ টাকা। ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ৩০ হাজার টাকা মজুরির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


আশুলিয়ার পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ৩০ হাজার টাকা মজুরির দাবি

ঢাকার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। শিল্প পুলিশের সদস্যরা কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছেন যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। তবে পাঁচটি কারখানার শ্রমিকরা প্রবেশের পরেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কর্মবিরতি পালনকারী কারখানার সংখ্যা নিশ্চিত করেছেন।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে আজ সাধারণ ছুটি ঘোষণা করা সব কারখানা খুলে দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে, এমন পরিস্থিতির কথা মাথায় রেখে কাজ করছে ইরানের সশস্ত্র বাহিনী।

রোববার (১ নভেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, ‘শত্রুপক্ষ যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানকে কোনোভাবেই অপ্রস্তুত অবস্থায় ধরা যাবে না এবং তারা প্রয়োজন অনুযায়ী যথাযথ জবাব দেবে।’

জাভানি আরও জানান, ইরানের সামরিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা শুধু আত্মরক্ষামূলকই নয়, প্রয়োজনে আগাম বা আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে সক্ষম।

তিনি উল্লেখ করেন, ইরান মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষ আকাশপথে বা সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করলে, সেই এলাকা তাদের জন্য একটি ‘মৃত্যুপুরী’তে পরিণত হবে।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলছে তেহরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি পর্যালোচনা চলছে। সংলাপের দরজা খোলার উদ্যোগ ইতিবাচক হলেও, এই মুহূর্তে বৈঠকের প্রয়োজন দেখছে না ইরান। তবে সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরাঘচি বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আমাদের অস্ত্রভাণ্ডার আধুনিক করা হয়েছে, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা হয়েছে এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। আমাদের বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার জবাবে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহি। তিনি বলেন, হামলার ইঙ্গিত পেলেই জবাবের সময় ও ধরন ঠিক করা হবে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

সিলেটের কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের কারণে ধলাই সেতু ঝুঁকির সম্মুখীন হয়েছে। সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উপর দিয়ে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। অভিযোগ রয়েছে, সেতুর পিলারের গোড়ায় বালু উত্তোলন চলছে। এতে গভীর গর্ত তৈরি হয়েছে এবং সেতুর ধসের আশঙ্কা বাড়ছে। সেতুর আশপাশে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এর ভিত্তি ও স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারিতে বারবার অভিযান চালানো হলেও বালু উত্তোলন থামানো যাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমমন্ত্রী জড়িতদের ধরিয়ে দিতে কঠোর বার্তা দিয়েছেন।

সাদাপাথর চুরির পর এবার একই এলাকার একটি সেতু ধ্বংসে বালুখেকোরা উঠেপড়ে লেগেছে। দিনের আলো কিংবা রাতের আঁধারে ধলাই নদীর বুকে বালু উত্তোলন চলছে। এটি শুধুমাত্র নদী থেকে বালু তোলার ঘটনা নয়; অভিযোগ রয়েছে, কোম্পানীগঞ্জের ধলাই সেতু হুমকির মুখে পড়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত এই সেতুটি দুই তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ২০০৩ সালে নির্মিত ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি একসময় সিলেট বিভাগের দীর্ঘতম ছিল। বর্তমানে এটি দৈর্ঘ্যের দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সেতুর আশপাশে ও পিলারের গোড়ায় বালু উত্তোলনের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। সেতুর নিচে তাকালে গভীর গর্ত দেখা যায়। পিলারের গোড়ায় বালু তুলে নেওয়ার ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী এই ধ্বংসযজ্ঞ দেখলেও ভয়ে মুখ খোলেন না।

কোম্পানীগঞ্জের অন্যতম ভরসা ধলাই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হবে, দুর্ভোগ বাড়বে এবং অর্থনৈতিক ক্ষতির শঙ্কা তৈরি হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, মাঝেমধ্যে অভিযান চালানো হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষে আবারও আগের কার্যক্রম শুরু হয়। প্রশাসনের সাথে লুকোচুরি খেলে এই বালুখেকোরা, তবে সেতুটি বাঁচাতে অভিযান অব্যাহত রয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা চলছে।

বালু উত্তোলন নিয়ন্ত্রণ, সেতুর নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, "দোষী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।" তাদের ধরা হলে কোনো নেতা বা এলাকাবাসীর সুপারিশ কাজে আসবে না। প্রয়োজনে এলাকাবাসী তাদের ধরিয়ে দিতে নির্দেশ দেন মন্ত্রী।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ধলাই সেতুটি উদ্ভোধন করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন

রাজধানীর ৬টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হলো।

রোববার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উল্লেখ করেন, "দায়িত্ব গ্রহণের দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছি। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। তবে বাস মালিক ও শ্রমিকদের অসহযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।"

তিনি আরও বলেন, "ঢাকাবাসী একসময় মনে করেছিল, এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না। আগে রাজধানীতে ৯৮টি বাস রুট ছিল। বিভিন্ন ব্যানারে বাস চলাচল করায় চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা হতো, ঘটত দুর্ঘটনা। পরে রুটের সংখ্যা কমিয়ে ৩২টিতে আনা হয়। এর মধ্যে আজ ছয়টি রুটে কার্যক্রম শুরু হয়েছে।"

গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। এ ছাড়া ঘাটারচর থেকে ডেমরা এবং ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন। অন্যদিকে, ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস।

ডিএমপি কমিশনার বলেন, "আগে ছয়টি রুটে ১৮টি আলাদা ব্যানারে বাস চলাচল করত। সেগুলোকে একটি কোম্পানির আওতায় আনা হয়েছে। এখন শৃঙ্খলার সঙ্গে বাস চলাচল করবে। এতে অসুস্থ প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা কমবে। বাসচালক ও শ্রমিকেরা বেতনভিত্তিক ব্যবস্থায় কাজ করবেন।"

তিনি আরও জানান, ২৫টি সার্কুলার বাস রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে ছোট আকারের বাস চক্রাকারে চলাচল করবে। প্রতিটি বাস নির্ধারিত রুটে সারাদিন চলবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে মিনি বাস পাওয়া গেলে বাকি চারটি রুট নিয়েও কাজ শুরু করা সম্ভব হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "আপাতত ছয়টি রুটে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। ৩২টি রুটের বাসের জন্য থাকবে আলাদা আলাদা রং ও নম্বর। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখেই যাত্রীরা বুঝতে পারবেন, কোন বাস কোন রুটে চলাচল করছে।"

পরিবহন মালিকরা জানাচ্ছেন, নতুন ব্যবস্থায় চালকদের নির্ধারিত বেতন দেয়া হবে। ফলে যাত্রী তোলার জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং সড়কে বিশৃঙ্খলা তৈরির প্রবণতা কমবে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’। তবে অবকাঠামোগত ও পরিচালনাগত সংকটের কারণে লোকসানের মুখে একপর্যায়ে বন্ধ হয়ে যায় উদ্যোগটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%