ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

অ্যাশ-পার্পল শাড়িতে গ্ল্যামারাস সুনেরাহের সামাজিক মাধ্যমে প্রশংসা


অ্যাশ-পার্পল শাড়িতে গ্ল্যামারাস সুনেরাহের সামাজিক মাধ্যমে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই তাঁর ফ্যাশন সচেতনতা ও ব্যতিক্রমী সাজের জন্য আলোচনায় আসেন। পর্দার বাইরেও তাঁর পোশাক ও স্টাইল নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের অভাব নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন ফটোশুটের ছবিতে তিনি ভিন্ন এক গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁর সাজ নিয়ে চলছে নানা আলোচনা।

নতুন ফটোশুটে সুনেরাহ বেছে নিয়েছেন একটি জমকালো অ্যাশ-পার্পল রঙের শাড়ি। শাড়ির সঙ্গে তিনি পরেছেন পাথর ও চুমকির কারুকাজে সাজানো একটি হাই-নেক স্লিভলেস ব্লাউজ। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে ঝুলন্ত পাথরের দুল রয়েছে। তাঁর হাতে একটি ছোট্ট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউখেলানো চুলের সাজ পুরো লুককে বাড়তি মাত্রা যোগ করেছে।

ফটোশুটের বিভিন্ন ছবিতে সুনেরাহ কখনো হাস্যোজ্জ্বল, কখনো আত্মবিশ্বাসী ও অভিজাত ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। এর মাধ্যমে তিনি জানান দিচ্ছেন যে, তিনি নিজেকে ভালোবাসার একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

ছবিগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীরা ভিড় জমিয়েছেন। তাঁরা পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে সুনেরাহর অভিব্যক্তি- সবকিছু নিয়েই প্রশংসা করছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে নতুন ফটোশুটে সুনেরাহর উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর তিনি ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য দিয়েও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণীয় তার অভিনয় ও উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণীয় তার অভিনয় ও উপস্থিতি

ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর এই দিনে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

রাজীবের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায়। পেশাগত জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় তিনি মঞ্চ নাটকে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে তার পদার্পণ ঘটে। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তিনি তারকাখ্যাতি অর্জন করেন। যদিও তিনি নায়ক হিসেবে অভিনয় শুরু করেছিলেন, ধীরে ধীরে ভিলেন চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান।

ঢাকাই সিনেমায় প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী রাজত্ব গড়েন এই গুণী অভিনেতা। তার কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে তিনি মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।

অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

গুণী এই অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণের কারণে আজও ঢাকাই সিনেমার এই খলনায়ক দর্শকদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।

রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ট্র্যাজেডিতে গোলরক্ষক ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ট্র্যাজেডিতে গোলরক্ষক ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ

হেসুস দে মিগুয়েলের মৃত্যুর ঘটনায় শাস্তি পেয়েছেন হেসুস ওওনো। টেনেরিফের ফরোয়ার্ডের প্রাণঘাতী ট্যাকলের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এফসি আন্দোরার এই গোলরক্ষককে।

২৫ বছর বয়সী ওওনো গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে টেনেরিফের ফরোয়ার্ড দে মিগুয়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন। ওই ঘটনায় গুরুতর আহত হন দে মিগুয়েল, যিনি পরদিন ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

শৃঙ্খলা কমিটি জানায়, সিদ্ধান্ত গ্রহণের সময় তারা রেফারির প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ওপর নির্ভর করেছে। প্রতিবেদনে উল্লেখ ছিল, ওওনো খেলা চলাকালে "অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করেন", যার জন্য তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনার মর্মান্তিক পরিণতি, অর্থাৎ হেসুস দে মিগুয়েল আলামেদার মৃত্যু, সর্বজনবিদিত। বর্ণিত আচরণ এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা, যৌক্তিক।”

এদিকে, ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় আয়োজন না করার সিদ্ধান্তও নিয়েছে ফেডারেশন। যোগ করা সময়ের সাত মিনিটে সংঘর্ষের পর ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

ফেডারেশন জানিয়েছে, “মর্মান্তিক ঘটনাটি যেখান থেকে ঘটেছিল, সেখান থেকে খেলা পুনরায় শুরু করার প্রয়োজন এ সিদ্ধান্তের মাধ্যমে এড়ানো গেল।”

ঘটনার সময় ম্যাচের স্কোর ছিল ২-২। ফেডারেশনের আরেকটি কমিটি সেই ফলাফলই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, “এই অসাধারণ ও শোকাবহ পরিস্থিতিতে এটিই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।”

৪ নভেম্বর ওওনোর পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এফসি আন্দোরা। সেখানে তিনি জানান, জীবনের “সবচেয়ে কঠিন সময়” পার করছেন এবং দে মিগুয়েলের মৃত্যুর কারণে “অপরিসীম কষ্ট” অনুভব করছেন।

বৃহস্পতিবার আন্দোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক ওওনো এখনও সিদ্ধান্ত নেননি তিনি আবার ফুটবলে ফিরবেন কি না।

মানসো বলেন, “বর্তমানে সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ফেরার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। আমাদের কাজ হলো তাকে সব ধরনের সমর্থন দেওয়া এবং পাশে থাকা। আমরা তাকে প্রয়োজনীয় সময় ও ব্যক্তিগত পরিসর দেব। সে ফিরে আসতে চাইলে, কখন ফিরবে কিংবা আদৌ ফিরবে কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার। যখন সে নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই এমন সিদ্ধান্ত নেবে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত

ভারতের মণিপুরে আবারও সহিংসতার একটি নতুন ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ির দিকে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এই হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি মা ও তার ছেলে এবং একটি ভাই-বোন অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এই হামলার ঘটনা ঘটে। এই সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে যাত্রীবাহী দুটি গাড়ি উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ ছিল। সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে চার যাত্রী প্রাণ হারান।

হামলার পর গাড়ির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের মৃতদেহ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী এবং অসম রাইফেলসের সদস্যরা উপস্থিত হন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন স্থানগুলোতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে উখরুলের এই হামলার মাত্র এক দিন আগে রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলমান রয়েছে। এই সংঘাতের ফলে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি এবং জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে প্রশ্ন উঠেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

সরকার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারের জন্য প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করছে।

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। একইসঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হবে।

স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ৬০০ কোটি টাকা হতে পারে।

বিএসসিএলের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই সমুদ্রসীমায় বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা বিদ্যমান। তবে বর্তমানে বিস্তৃত এই জলসীমায় নিয়মিত পর্যবেক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সেজন্য চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানের তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমবে।

বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি করা হয়েছে।

এই ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় একটি স্যাটেলাইটের পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে পুনরায় পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে। ফলে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি ও কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে— এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে।

এছাড়া অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতেও সহায়তা করবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে এই স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য রয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়। এ প্রযুক্তির ফলে উপকূল থেকে অনেক দূরে অবস্থান করলেও এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনা সহজ হবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল হ্রাস ও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে— এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ ডেটাভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনায় এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি ও বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।

তবে এআইএস প্রযুক্তির কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মূল উদ্দেশ্য নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোথায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ এআইএস জানাবে নৌযানটি কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্যের সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে।

তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পাশাপাশি নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এই প্রযুক্তিও কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান ড. মুহাম্মদ ইমাদুর রহমান। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%