০২:২২ পি.এম
ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর এই দিনে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
রাজীবের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায়। পেশাগত জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় তিনি মঞ্চ নাটকে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে তার পদার্পণ ঘটে। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তিনি তারকাখ্যাতি অর্জন করেন। যদিও তিনি নায়ক হিসেবে অভিনয় শুরু করেছিলেন, ধীরে ধীরে ভিলেন চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
ঢাকাই সিনেমায় প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী রাজত্ব গড়েন এই গুণী অভিনেতা। তার কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে তিনি মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।
অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
গুণী এই অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণের কারণে আজও ঢাকাই সিনেমার এই খলনায়ক দর্শকদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।
আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন