১০:৩৮ পি.এম
রংপুর, ১৫ নভেম্বর, ২০২৬ : কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন, যা কৃষি, কৃষকের অধিকার এবং কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজনে এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে এই দাবি জানানো হয়।
তারা উন্নত দেশগুলোর প্রতি নতুন এবং দীর্ঘমেয়াদি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য সব ধরনের অর্থায়ন অনুদান হিসেবে প্রদান করা উচিত, ঋণ হিসেবে নয়।
আরও পড়ুন: জামালপুরে বিষ প্রয়োগে কৃষকের ২০ শতাংশ আধাপাকা ধান নষ্টের অভিযোগ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সঙ্গে সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বনেতাদের সামনে কৃষি ও কৃষকের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে ছয় দফা দাবি জানানো।
শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নারী অধিকারকর্মী লিপিকা ইয়াসমিন, শিক্ষার্থী মোমিনুল ইসলাম, কৃষক আব্দুল হান্নান এবং ডিওপিএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সুবল মুখার্জি।
ডিওপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্যে বলেন, খাদ্যনিরাপত্তা ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় প্রয়োজনীয় অর্থায়ন অবশ্যই শর্তহীন হতে হবে। এ অর্থায়নে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বা ঋণের কোনো সুযোগ থাকা উচিত নয়।
তিনি সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও মৎস্যজীবীদের কৃষক পরিচয়পত্র, শস্যবিমা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা।
আরও পড়ুন: শেরপুরে ৩০০ বিঘার লেবু বাগানে ১৫০ শ্রমিকের কর্মসংস্থান
বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরা তীব্র সংকটের মুখোমুখি হচ্ছেন। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই। তারপরও এ সংকটের সবচেয়ে বড় বোঝা তাদেরই বহন করতে হচ্ছে।
নারী অধিকারকর্মী লিপিকা ইয়াসমিন তার বক্তব্যে স্থানীয় সমস্যার সমাধান এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রংপুরকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি অঞ্চল’ (এগ্রিকালচারাল জোন) হিসেবে ঘোষণা করার দাবি জানান।
তিনি বলেন, কপ৩১ সম্মেলনের প্রথম সপ্তাহে যে অগ্রগতি হয়েছে, তা কৃষকদের জন্য অত্যন্ত হতাশাজনক।
‘কার্বন ব্রিফ’-এর একটি বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বার্ষিক প্রায় ৪০ বিলিয়ন ডলার থেকে কমে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এ অর্থায়নের পরিমাণ প্রায় ৭১ শতাংশ কমেছে।
আরও পড়ুন: চাটমোহরে গোডাউন থেকে ৪১২ বস্তা সার উদ্ধার
অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি আলোচ্যসূচিতেই অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসেও খাদ্য ও কৃষি খাতের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা আর্থিক প্রতিশ্রুতি ঘোষণা করা হয়নি।
তিনি আরও বলেন, সম্মেলনে বাংলাদেশের জন্য ৩০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেওয়া হলেও তা দেশের জলবায়ু পরিবর্তনজনিত বার্ষিক ক্ষতির মাত্র ০ দশমিক ২ শতাংশ পূরণ করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার।
লিপিকা ইয়াসমিন বলেন, ‘কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় জীবাশ্ম জ্বালানি ও ঋণ- উভয়কেই না বলতে হবে। এর পরিবর্তে খাদ্যনিরাপত্তা ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: দেশে রয়েছে ‘ভুদুম বাঁশ’, তবে বাজারে নেই
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন