০২:৩০ এম
গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি কারখানার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, শ্রমিক সেজে নাশকতার অভিযোগে গত শনিবার গ্রেফতারকৃত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং শ্রমিক অসন্তোষ নিরসন করে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এছাড়া, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্প কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য কাজ করছেন। গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। গতকাল সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ক্রমাগত অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, টানা কয়েকদিনের অস্থিরতা ও আন্দোলনের পর গতকাল সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।
সরেজমিনে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর এবং সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। কারখানাগুলোতে সকাল থেকেই পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবি টহল দলকেও সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। কোথাও কোথাও কৃতিকার ঘটনার খবর পাওয়া যায় কিনা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ কারখানার শ্রমিকরা আজ বাসা থেকে বের হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, এপর্যন্ত ৪০টির বেশি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন