১০:৪০ পি.এম
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণে চিত্রনায়ক জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। তিনি জয়কে উদ্দেশ্য করে বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’ এই ঘটনার ফলে এফডিসিতে উত্তেজনার সৃষ্টি হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। যদিও এফডিসিতে উপস্থিত থাকা সত্ত্বেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কিছু সদস্য কর্মসূচিতে যোগ দেননি।
কর্মসূচির পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে হেলাল খান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। জয় তাঁর অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলেও হেলাল খান ক্ষোভ প্রকাশ করতে থাকেন। সেখানে উপস্থিত কয়েকজনকেও তিনি ফ্যাসিস্ট আখ্যা দেন। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন এই অভিনেতা।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
জয় চৌধুরী এ ঘটনার বিষয়ে জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা মূলত ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। এছাড়া জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্যও তাঁদের সেখানে আসা। জয় বলেন, ডি এ তায়েবের পক্ষে কথা বলার কারণে এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। তবে জয় দাবি করেন, ওই ব্যক্তিদের এফডিসিতে আসা কিংবা মানববন্ধনে অংশ না নেওয়ার বিষয়ে ডি এ তায়েব নিজেও কিছু জানতেন না।
এদিনের মানববন্ধনে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন