ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

হিমাগারের আলুর দাম খুচরা বাজারে দ্বিগুণ


হিমাগারের আলুর দাম খুচরা বাজারে দ্বিগুণ

রংপুরের পীরগঞ্জে বর্তমানে হিমাগারে আলুর ক্রেতা নেই। তবে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের জন্য আলু কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। হিমাগারে আলুর দাম কম হলেও খুচরা বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না। এর ফলে কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সাধারণ ক্রেতারা বাড়তি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে লাভবান হচ্ছেন।

পীরগঞ্জ উপজেলার ৪টি হিমাগার পরিদর্শন করে জানা গেছে, বর্তমানে স্টিক আলু প্রতি কেজি ৯ টাকা, ডায়মন্ড ১০ টাকা, বার্মা ১২ টাকা, পাকরি ২০ টাকা এবং জাম আলু ২৭ টাকায় বিক্রি হচ্ছে। হিমাগারে এসব আলুর পর্যাপ্ত মজুত থাকলেও ক্রেতার অভাবে বেচাকেনা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) হিমাগারে গিয়ে আলুচাষি আমজাদ, রবিউল ইসলাম ও হারুন অর রশিদের সাথে কথা হয়। তাঁরা জানান, বীজ, সার ও কীটনাশক কিনে আলু চাষ করতে হয় বাড়তি দামে। উৎপাদন মৌসুমে কিছু আলু জমি থেকে বিক্রি করে বাকি অংশ লাভের আশায় স্থানীয় হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু বাজারে চাহিদা না থাকায় সংরক্ষিত আলু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না।

আরও পড়ুন: দেশে রয়েছে ‘ভুদুম বাঁশ’, তবে বাজারে নেই

চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হিমাগারে তাঁদের আলু ও বস্তা পড়ে রয়েছে। ব্যবসায়ীরা কম দামে আলু কিনে বাজারে নিয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আলু উৎপাদন ও সংরক্ষণের ঝুঁকি কৃষকের, অথচ লাভের বড় অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। কৃষকের এই দুরবস্থা দেখার যেন কেউ নেই।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, তাঁরা বড় পাইকারদের কাছ থেকে আলু কিনে থাকেন। এরপর পরিবহন, বাজারের খাজনা ও শ্রমিকের খরচ বহন করতে হয়। অনেক সময় বস্তার মধ্যে পচা ও নষ্ট আলু পাওয়া যায়। এসব খরচ ও লোকসান বিবেচনায় নিয়ে কিছুটা বেশি দামে আলু বিক্রি করতে হয় বলে তাঁদের দাবি।

উপজেলার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, হিমাগারে প্রতি কেজি ৯ টাকা দরের স্টিক আলু খুচরা বাজারে প্রায় ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ হিমাগারের দামের তুলনায় খুচরা বাজারে আলুর দাম দ্বিগুণেরও বেশি। অন্যান্য জাতের আলুও তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা জানান, হিমাগারে আলুর দাম কম হলেও খুচরা বাজারে তার কোনো প্রতিফলন নেই। কৃষক কম দামে আলু বিক্রি করছেন, আবার ভোক্তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এতে কৃষক ও ক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের সংসার খরচে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

আরও পড়ুন: মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

ক্রেতাদের অভিযোগ, বাজারে আলুর সরবরাহ ও দামের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হিমাগার থেকে কম দামে আলু বের হলেও খুচরা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। মাঝখানে একাধিক হাত বদলের কারণে সাধারণ মানুষের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, হিমাগার থেকে খুচরা বাজার পর্যন্ত আলুর সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থায় সমন্বয়ের অভাব রয়েছে। এ সুযোগে মধ্যস্বত্বভোগীদের লাভের পরিমাণ বাড়ছে। কৃষক যাতে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পান এবং ভোক্তারা যাতে যৌক্তিক দামে আলু কিনতে পারেন, সে জন্য বাজার তদারকি ও নজরদারি জোরদার করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যমন্ত্রী: সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বাণিজ্যমন্ত্রী: সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা হবে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সিলেট অঞ্চলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং চলমান চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘ওসমানী হাসপাতালের আধুনিকায়ন, ১ হাজার ২০০ শয্যার নতুন হাসপাতাল, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা হচ্ছে।’

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।’

তিনি জানান, ‘সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরো উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে।’

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

স্বাস্থ্যসেবাকে কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর। রোগের চিকিৎসায় একজন মানুষকে আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। এ কারণে সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে, যাতে মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পেতে পারে।’

ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। সরকার প্রদত্ত এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।’

তিনি জানান, ‘আজ সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরো সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে আইনগত সুযোগেই বাংলাদেশে আসতে হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


শেখ হাসিনাকে আইনগত সুযোগেই বাংলাদেশে আসতে হবে: আইনমন্ত্রী

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, আইনি সুযোগের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, এটি একটি আইনি প্রক্রিয়া হবে।

আজ শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় আপিল বিভাগের নির্ধারিত সময় পার হলে মওকুফের (ডিলে কনডন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। তিনি উল্লেখ করেন, “উনারাই সে আইন করে গেছে। আমাদের সংবিধান আছে।” ১৯৭৩ সালের সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এই সংশোধনী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে বিবিসিতে শুক্রবারের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।”

ভারত সরকার কি বাংলাদেশ সরকারের সঙ্গে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “এটা ওনারা বলতে পারবেন।”

আইনমন্ত্রী আরও বলেন, বিগত ১৬, ১৭ বছরে দেশের বিভিন্ন জেলায় যত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধের প্রসিকিউশন টিম ও তদন্ত টিম যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্তে নামবেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

তিনি উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সমস্ত মানবতাবিরোধী অপরাধের বিচার করবো। আমরা সে পথ ধরে হাঁটছি।”

আইনমন্ত্রী বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে এবং তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যখন যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।

এছাড়া, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না।” সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান জানান, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছিল। রায় ঘোষণার ৫৭ দিন পরে ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়।

এ রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এই দুই আসামি বর্তমানে পলাতক।

এ মামলার অপর আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ বিপুল বিস্ফোরক উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ বিপুল বিস্ফোরক উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান সম্পন্ন করে।

বিজিবি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের প্রবেশ প্রতিরোধের লক্ষ্যে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা ৪৮টি বিস্ফোরকের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে পরিচিত। এর পাশাপাশি, বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময়, জড়িত ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। কানাইঘাট থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে এবং ১২০ জনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

এছাড়া, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে সীমান্ত নজরদারি কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসোভোয় দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ, পাটপণ্যে মুগ্ধ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


কসোভোয় দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ, পাটপণ্যে মুগ্ধ মন্ত্রী

কসোভোয় দক্ষ কর্মীর অভাব রয়েছে এমন খাতে বাংলাদেশ সরকারের সহযোগিতার ভিত্তিতে দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপির সঙ্গে বৈঠক করেন। কসোভোর মন্ত্রী বাংলাদেশের এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় এই বৈঠক।

বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উভয় দেশের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে সমস্যা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। কসোভোর মন্ত্রী তার দেশের বন্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বায়ুর মান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তাকে জানান।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। উভয় পক্ষ একমত হয় যে বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করবে। এর ফলে বর্জ্য পুনর্ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থাসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে, শামা ওবায়েদ ইসলাম তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। তিনি প্লাস্টিকের পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার ও বৈশিষ্ট্য তুলে ধরেন। ফিতোরে প্যাকোলি-দালিপি পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য কসোভোর মন্ত্রীকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%