ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে ৩০০ বিঘার লেবু বাগানে ১৫০ শ্রমিকের কর্মসংস্থান


শেরপুরে ৩০০ বিঘার লেবু বাগানে ১৫০ শ্রমিকের কর্মসংস্থান

শেরপুর, ১৫ নভেম্বর ২০২৬ : আজিজুল হক শেরপুর জেলার সদর ও নকলা উপজেলার ৩০০ বিঘা জমিতে লেবু চাষ করেছেন। এই বাগানে প্রায় ১৫০ জন নারী ও পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতি সপ্তাহে এই বাগান থেকে ১৫০ মণ লেবু সংগ্রহ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

বলাইরচর, চরমোচারিয়া ও নকলা উপজেলার নারায়নখোলা ইউনিয়নের এই জমিতে পূর্বে প্রচলিত ফসলের চাষ হতো। বর্তমানে সেখানে বিস্তীর্ণ লেবুর বাগান গড়ে উঠেছে। চোখের সামনে সারি সারি লেবু গাছের দৃশ্য। গাছের ডালে ঝুলছে থোকায় থোকায় সবুজ লেবু। বাগান জুড়ে নারী ও পুরুষ শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ গাছ থেকে লেবু তুলছেন, কেউবা বাছাই ও বাজারজাতের প্রস্তুতিতে নিয়োজিত রয়েছেন। আজিজুল হক লেবু চাষের মাধ্যমে সফলতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

শেরপুর সদরের বলাইরচর ইউনিয়নের রামের চর গ্রামের কৃষি উদ্যোক্তা মো. আজিজুল হক ২০১৪ সালে সদরের লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ১৫ বিঘা জমিতে ১২ লাখ টাকা খরচ করে ৩ হাজার লেবুর চারা রোপণ করেন। দুই বছর পর কাঙ্ক্ষিত লাভ হওয়ায় তিনি ৫০ বিঘা জমিতে লেবু চাষ শুরু করেন।

আরও পড়ুন: কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

কৃষি বিভাগ জানায়, পরিকল্পিতভাবে লেবু চাষ করে সফলতা অর্জনের ফলে আজিজুল হকের মোট জমির পরিমাণ ১২ বছরে ৩০০ বিঘা হয়ে উঠেছে। এসব জমিতে তিনি ৫০ হাজার লেবুর চারা রোপণ করেছেন। শেরপুর সদরের দুটি ও নকলা উপজেলার একটি ইউনিয়নের এসব বাগান থেকে তিনি প্রতি সপ্তাহে ১০ লাখ টাকা আয় করছেন।

লেবু তোলা, বাছাই ও পরিচর্যার কাজে প্রায় ১৫০ জন নারী ও পুরুষ শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাদের অনেকের জন্য এই বাগান জীবিকার অন্যতম অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি হওয়ায় এসব শ্রমিক ও তাদের পরিবার উপকৃত হচ্ছেন। তারা প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা মজুরি পান।

লেবু বাগানের কৃষি শ্রমিক রেহানা বেগম বাসস’কে জানান, "একসময় কাজ ছাড়া বাড়িতে অলস বসে থাকতে হতো। সব সময় কাজ পাওয়া যেত না। এখন লেবুর বাগানে নিয়মিত কাজ করার সুযোগ হয়েছে। গাছের গোড়ার আগাছা পরিষ্কার, লেবু সংগ্রহসহ বিভিন্ন কাজ করি। কাজ করলে দৈনিক ভিত্তিতে মজুরি পাই। এতে সংসারের খরচ চালাতে স্বামীকে সহযোগিতা করতে পারছি। ছেলেমেয়েদের পড়াশোনা ও পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতেও এই আয় অনেক কাজে লাগছে।"

কৃষি শ্রমিক হাসমত আলী বলেন, "লেবুর বাগান হওয়ার কারণে আমাদের এলাকায় অনেকের কাজের সুযোগ হয়েছে। আগে কৃষিকাজ মৌসুমভিত্তিক ছিল। কোনো সময় কাজ থাকত, আবার কোনো সময় বাড়িতে বেকার বসে থাকতে হতো। কিন্তু লেবুর বাগানে সারা বছরই কমবেশি কাজ থাকে। গাছের পরিচর্যা, ডালপালা ছাঁটাই, সার ও কীটনাশক প্রয়োগ, সেচ দেওয়া এবং লেবু সংগ্রহের মতো কাজে শ্রমিক প্রয়োজন হয়। এতে আমরা নিয়মিত আয় করতে পারছি। পরিবারের ভরণপোষণের পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানো সহজ হচ্ছে।"

আরও পড়ুন: জামালপুরে বিষ প্রয়োগে কৃষকের ২০ শতাংশ আধাপাকা ধান নষ্টের অভিযোগ

শেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক আকন্দ বাসস’কে জানান, "লেবু একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। এ ফসলের চাহিদা বাজারে প্রায় সারা বছরই থাকে। ফলে পরিকল্পিতভাবে লেবু চাষ করতে পারলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। তবে লেবু চাষে ভালো ফলন পেতে হলে উন্নত ও মানসম্মত চারা নির্বাচন, সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ, পরিমাণমতো সার প্রয়োগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। একইসাথে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

তিনি আরও বলেন, "কৃষকদের আমরা এসব বিষয়ে মাঠ পর্যায়ে সরাসরি পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। লেবু চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষি শ্রমিকদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।"

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বাসস'কে বলেন, "কৃষিতে প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল ও অর্থকরী ফসল চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। লেবু চাষ তেমনই একটি সম্ভাবনাময় উদ্যোগ। শেরপুরে প্রায় ৩০০ বিঘা জমিতে লেবুর বাগান গড়ে ওঠার বিষয়টি কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক। এতে একদিকে যেমন কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে এসব বাগানে নারী ও পুরুষ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: চাটমোহরে গোডাউন থেকে ৪১২ বস্তা সার উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ দাবি খালনায় জলবায়ু ন্যায়ের অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ দাবি খালনায় জলবায়ু ন্যায়ের অনুষ্ঠানে

"নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই। আগে এই নদীতে মাছ পড়তো। এখন শুধু আমরা খেওয়া (খেয়া নৌকা) চালাইয়ে বেঁচে আছি। নদীর বাঁচানোর জন্যি এইখানে আইছি। আমরা নদীতে ভালো পানি চাই, বেশি বেশি মাছ চাই।"

এভাবে খুলনার ভৈরব-রূপসা নদীর সংযোগ জেলখানা ঘাটের নৌকার মাঝি পারভেজ হাওলাদার (২৮) নিজের দাবির কথা তুলে ধরছিলেন। জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা ও উপকূলীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি কলসী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি।

রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা পারভেজ আরো বলেন, "আমাদের জীবন-জীবিকা সব নদীতেই। তাই নদী রক্ষা আন্দোলন করতিছি, যাতে কাজ কইরে বাঁচতি পারি।"

জলবায়ু সংকটের বিরুদ্ধে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনা শহরের ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে একটি ব্যতিক্রমী প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) খুলনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। পারভেজ ছাড়াও এই কর্মসূচিতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অর্ধ শতাধিক মানুষ অংশ নেন।

কর্মসূচি চলাকালে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা, অব্যাহত কার্বন নিঃসরণসহ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস, নদীর গতিপথ পরিবর্তন এবং লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ উপকূলীয় জনগণের জীবন ও জীবিকাকে বিপন্ন করছে।

বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশ তথা উপকূলের মানুষ দায়ী নয়। অথচ প্রতিনিয়ত এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি দুর্যোগের শিকার হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা এবং তা ভুক্তভোগী দেশগুলোকে দিতে হবে।

তারা বলেন, এটি কোনো দান, ঋণ বা অনুদান নয়। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত ও ক্ষতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি জানান নারী নেতা সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের কর্মসূচি ব্যবস্থাপক বিপ্লব কুণ্ডু, প্রকল্প সমন্বয়ক শারমিন আক্তার লিনা, ক্রয় ও প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন প্রমুখ।

কর্মসূচি চলাকালে নৌকার ওপর খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, নদীর নাব্যতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, নদী বাংলাদেশের জীবন, জীবিকা, অর্থনীতি ও পরিবেশের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা, পলি জমা এবং মানবসৃষ্ট অন্যান্য কারণে অনেক নদী নাব্যতা হারাচ্ছে। এর ফলে নৌচলাচল, কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর জনগণের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ছে।

সুতরাং মানববন্ধনে নৌকাটিকে নদীনির্ভর জীবন, জীবিকা, পরিবেশ ও উপকূলীয় মানুষের অস্তিত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। আর খালি কলসিগুলো উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক। উপকূলে সর্বত্র পানি থাকলেও পানযোগ্য পানির নিত্য সংকট। তাই নদীতে এসেও পানি মিলছে না- এমন ধারণা থেকে খালি কলসি ব্যবহার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে টিলা কাটার মহোৎসবে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সিলেটে টিলা কাটার মহোৎসবে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

সিলেটে টিলা কাটার মহোৎসব চলছে। একের পর এক টিলা কেটে বসতবাড়ি, প্লট ও স্থাপনা তৈরি করা হচ্ছে। প্রশাসনের মামলা ও অভিযান সত্ত্বেও টিলা কাটা থামছে না। স্থানীয়রা প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।

রাত কিংবা দিন, অবিরাম টিলা কাটা চলছে। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামে টিলা কাটার দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদ টিমকে দেখে শ্রমিকরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একটি মাটিবাহী ট্রাকও। ট্রাকচালকের দাবি, স্থানীয় চেয়ারম্যান ট্রাকটি ভাড়া করেছেন।

তবে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তার মুখোমুখি হলে তিনি বলেন, কোথায় টিলা কাটা হচ্ছে, তা খোঁজ নেয়ার কথা জানান।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় অবৈধভাবে টিলা কেটে মাটি ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

একই ইউনিয়নের শ্মশানের টিলা এলাকায় গিয়ে দেখা যায়, কেটে ফেলা হয়েছে টিলার একটি অংশ। প্রথমে স্থানীয়দের কেউ কেউ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে একজনের কাছ থেকে টিলা কাটার তথ্য বেরিয়ে আসে।

সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডেও টিলা কেটে এবং সেই মাটি দিয়ে প্লট, দালানকোঠা ও অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে। টিলা কাটার শাস্তি ও জরিমানার বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সাইনবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু তাতেও টিলা কাটা বন্ধ হচ্ছে না।

টিলার ওপর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেকে। উপর থেকে দেখলে ঘরগুলোকে খেলনার মতো মনে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব স্থাপনা নির্মাণ থামানো যাচ্ছে না।

টিলা কাটা বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, যেখানেই টিলা কাটা হচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হচ্ছে।

পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বনানী দাস বলেন, টিলা কাটা রোধে মামলা ও অভিযান অব্যাহত রয়েছে।

তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের নির্দেশে একটি দুষ্ট চক্র টিলাগুলো ধ্বংস করছে।

সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে ১ হাজার ৮৭৫টি টিলা রয়েছে। এসব টিলার মোট আয়তন ৪ হাজার ৮১১ একর। তবে গত আড়াই দশকে এ অঞ্চলের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগ ও কামরাঙ্গীরচরে যুবলীগের ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


লালবাগ ও কামরাঙ্গীরচরে যুবলীগের ২ সদস্য গ্রেফতার

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাসুম (৪৪) এবং হৃদয় হাসান (২৪)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে লালবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া মাসুম লালবাগ থানার একজন সক্রিয় যুবলীগ সদস্য এবং ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর একজন সহযোগী। অন্যদিকে, হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানার একজন সক্রিয় যুবলীগ সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বাজারের চাহিদা পূরণের জন্য একাধিক দফায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ডলারের বাজারে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। একইসাথে, ব্যাংকগুলোর মধ্যে যদি কোনো কারসাজি ঘটে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাটি সতর্ক করেছে।

বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২৫ টাকার কাছাকাছি অবস্থান করছে। রোববার (১৫ নভেম্বর) ব্যাংকগুলোর মধ্যে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯৯ পয়সায়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। ফলে, এক কর্মদিবসের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১৩ পয়সা বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারি আমদানির খরচ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহের হ্রাসের কারণে ডলারের বাজারে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%