ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটমোহরে গোডাউন থেকে ৪১২ বস্তা সার উদ্ধার


চাটমোহরে গোডাউন থেকে ৪১২ বস্তা সার উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে ৪১২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। যেসব কৃষক সার নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই সার ফেরত দিচ্ছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ সার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এবং উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের মধ্যে প্রায় ৩ হাজার বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকারি দামে কৃষকদের কাছে সার বিক্রির কার্যক্রম চলছে। বিক্রিত সারের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি অন্তর্ভুক্ত রয়েছে। তবে অনেক কৃষক বিকেল পর্যন্ত ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সার বিপণন সুষ্ঠুভাবে করার জন্য স্থানীয় ডিলারদের সঙ্গে বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।

আরও পড়ুন: কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১২টার দিকে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা উপজেলার ছাইকোলা বাজারের পাশে প্রদীপ পালের সারের গোডাউনে হামলা চালিয়ে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যায়। ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, যারা সার ফেরত দেবেন, তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না। এরপর থেকে ৪১২ বস্তা সার ফেরত এসেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সার ডিলার প্রদীপ পালের ম্যানেজার নিরঞ্জন ঘোষ নিরু বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় ২ জন কৃষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সার লুটের ঘটনায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি তদন্ত সম্পন্ন করলেও, এখনও প্রতিবেদন দেয়নি বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমারিওর দাবি, আনচেলত্তিকে আর ব্রাজিলে দেখতে চান না

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


রোমারিওর দাবি, আনচেলত্তিকে আর ব্রাজিলে দেখতে চান না

জাপানের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগের দাবি জানিয়েছেন দেশের ফুটবল কিংবদন্তি রোমারিও। সাবেক বিশ্বকাপজয়ী এই তারকার মতে, ক্লাব ফুটবলে আনচেলত্তির সাফল্য থাকলেও জাতীয় দলের কোচ হিসেবে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে আনচেলত্তিকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়ে রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কোচ হিসেবে আনচেলত্তিকে স্বীকৃতি দিলেও ব্রাজিলের দায়িত্বে তার পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন রোমারিও। তিনি মন্তব্য করেন, ‘আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি।’

১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদকেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন!’

ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। তবে বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন রোমারিও মনে করেন, আরেকটি বিশ্বকাপের স্বপ্ন নষ্ট হওয়ার আগেই পদক্ষেপ নেয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা

সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানাতে সক্রিয় হয়েছেন। তাঁদের মতে, হুয়াংয়ের নেতৃত্বের বিকল্প এনভিডিয়ায় নেই। হুয়াংকে হারালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদে পাঠানো চিঠির মাধ্যমে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা হুয়াংকে সমর্থন জানান। কিছু ব্যক্তি পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনার আহ্বান জানান।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, এনভিডিয়ায় সরবরাহব্যবস্থাপনা অসাধারণ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন জেনসেন হুয়াং। তবে তিনি বলেন, গুরুত্বপূর্ণ অনেক চুক্তি লিখিত চুক্তির বদলে ব্যক্তিগত আস্থার ভিত্তিতে হয়েছিল। হুয়াং না থাকলে এসব গুরুত্বপূর্ণ চুক্তির কিছু হারিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্যাভিন বেকার শুক্রবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে পাঠানো এক চিঠিতে বলেন, হুয়াংকে দ্রুত প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া উচিত হবে না। এতে শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা হুয়াংকে আবার ফিরিয়ে আনার সম্ভাবনাসহ সব বিকল্প বিবেচনার আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিষ্ঠান দুটির এনভিডিয়ায় বিনিয়োগ রয়েছে।

এদিকে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ শিরোনামে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। এতে হুয়াংকে সিইও পদে পুনর্বহাল, ঘটনার বিষয়ে স্বাধীন তদন্ত এবং পরিচালনা পর্ষদের পদক্ষেপের ব্যাখ্যা দাবি করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চিঠিটিতে প্রায় এক লাখ মানুষ স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে এনভিডিয়ার বর্তমান ও সাবেক কর্মী, ব্যবসায়িক অংশীদার, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং বিনিয়োগকারীরা রয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ওয়াই কম্বিনেটরের প্রধান নির্বাহী গ্যারি ট্যানও আছেন।

হুয়াংয়ের প্রতি এই সমর্থন এনভিডিয়ার বৈশ্বিক অবস্থান এবং এআই শিল্পে প্রতিষ্ঠানটির গুরুত্বকে সামনে এনেছে। ভিডিও গেমের জন্য কম্পিউটার চিপ তৈরি দিয়ে যাত্রা শুরু করা এনভিডিয়া এখন এআই প্রকল্পে ব্যবহৃত উন্নত চিপের বাজারে প্রভাবশালী অবস্থানে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বড় এআই প্রকল্পের জন্য প্রয়োজনীয় উন্নত চিপের বাজারের আনুমানিক ৯০ শতাংশ প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে।

গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। এক কর্মী এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন কর্মকর্তাদের নজরে থাকা এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর এ পরিস্থিতি তৈরি হয়। হুয়াংয়ের পদত্যাগের পর তাঁকে ফিরিয়ে আনার দাবি তুলে প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এই সমর্থন এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ওপর নতুন চাপ তৈরি করেছে। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে সম্প্রতি গঠিত লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার সকাল ৬ টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘আকভান’। তবে এর গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ০১ (এক) নম্বর (পুন:) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১৪৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১৪৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিকদের অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার অঞ্চলে ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

রোববার (১৫ অক্টোবর) থেকে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা অনুসারে এসব কারখানা বন্ধ থাকবে।

আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ১৫ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মন্তব্য করেন, "একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতিও।"

শনিবার সকালে আশুলিয়ায় ৪০টির বেশি কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া আরও ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে ফ্যাশন ডট কম, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, এনভয় গ্রুপ, নিউ এইজ গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আশুলিয়ার অন্যান্য এলাকায় আজও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সেসব কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি। শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ১৩২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে মালিকপক্ষ জানিয়েছে, ন্যূনতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। পোশাক খাত এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%