১০:২৭ পি.এম
জামালপুরের সরিষাবাড়ী এলাকায় পূর্ববিরোধের কারণে বিষ প্রয়োগের মাধ্যমে এক কৃষকের ২০ শতাংশ জমির আধাপাকা আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) এই ঘটনার জন্য ভুক্তভোগী কৃষক মো. জব্বের ফকির প্রতিবেশী হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে ১৬ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এটি ঘটেছিল গতকাল শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে। অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর আদ্রা গ্রামের মৃত কালু ফকিরের ছেলে জব্বের ফকিরের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। পৈতৃক সূত্র ও নাদাবি দলিলের মাধ্যমে জমির মালিকানা পেয়ে জব্বের ফকির ২০ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। বর্তমানে ধানটি আধা পাকা অবস্থায় রয়েছে এবং তিনি মাত্র ১৫ দিন পর ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন।
জব্বের ফকির অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তবুও হাবিবুর রহমান ও তার লোকজন দীর্ঘদিন ধরে জমিটি দখল করার চেষ্টা করছেন এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এরই জেরে শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তার প্রায় ২০ শতাংশ জমির ধানক্ষেতে ঘাস মারার বিষ প্রয়োগ করে। এতে তার জমির সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হবে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী কৃষক জব্বের ফকির এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন