০২:২৩ পি.এম
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করা যাবে না। কর্মীদের অনুরোধ করা হয়েছে, মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনো অবস্থাতেই ৮ হাজার টাকার বেশি প্রদান না করার জন্য। একইসঙ্গে, দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: সৌদি কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালো
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, যে এজেন্সি মেডিকেল স্লিপ প্রদান করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে, সেই আগের এজেন্সি দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠাবে। এই ক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা ঘটলে, সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে। অভিযোগ জানাতে [email protected] এই ইমেইল ব্যবহার করা যাবে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর করবে এবং কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য মন্ত্রণালয় অনুরোধ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন