ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালো


সৌদি কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালো

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিমানবন্দর থেকেই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া এই সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা। দীর্ঘদিন পর প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে এসে কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মৃত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে আরও তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, মৃত সাতজনের মধ্যে চারজনের বিমা করা থাকায় তাদের পরিবার আরও ১০ লাখ টাকা করে পাবেন।

গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় ভয়াবহ আগুনে মোট ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান। তাদের মধ্যে ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়েছিল। পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি সাতজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার তাদের মরদেহ দেশে ফেরত আনা হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানিয়েছেন, ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে।

নিহত শ্রমিকদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন; আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী। এছাড়া নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন রয়েছেন।

আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

প্রিয়জনকে হারানোর বেদনার পর এবার শেষবারের মতো একনজর দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। নওগাঁ শহরের পার নওগাঁ তাজের মোড় এলাকার মৃত শাহিনের স্ত্রী পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানুষটাক তো হারায়েই ফেলছি। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন লাশটা অন্তত দেশে থাকলে ছাওয়াল-পোয়ালরা বাপের লাশটা দেখতে পাবে।’

মরদেহ বিমানবন্দর থেকে গ্রহণ করে নিজ নিজ গ্রামে নিয়ে দাফন সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জমান জানিয়েছেন, স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মরদেহ দাফন সংক্রান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির: আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


জামায়াত আমির: আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে দেশে আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে।

তিনি শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চের আগে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের অন্যতম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এটা বাস্তবায়ন না হওয়ায় বাকি ছয় দফা জন্ম নিয়েছে। যদি একটা দফা বাস্তবায়ন হতো, তাহলে বাকি ছয় দফাও মাথা তুলে দাঁড়াতে পারতো না।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি জাতিকে হতাশ করেছে। কথা দিয়ে কথা ভঙ্গ করেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে। আমরা বিএনপিকে বলেছিলাম, ভালোয় ভালোয় এখান থেকে ফিরে আসুন। গণরায় বাস্তবায়ন করুন। না হলে আপনাদের উচ্চ মূল্য দিতে হবে। সেদিকেই সম্ভবত বিএনপি এগোচ্ছে।’

শফিকুর রহমান বলেন, ‘মানুষের কপালে যখন দুর্ভোগ লেখা থাকে, তখন ওই দুর্ভোগের ঠিকানায় না পৌঁছে তার শান্তি হয় না। বিএনপি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। অতীত স্বৈরাচারের ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি। এর সঙ্গে প্রতিদিন নতুন নতুন জঞ্জাল জাতির জন্য সৃষ্টি করছে তারা।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদিন আগে চার দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরেছেন। কী জন্য গিয়েছিলেন, কী করে এসেছেন, জাতির সামনে তাকে এটা খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, পরিণতি তারা এখন ভোগ করছে।’

দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দাবিগুলো মেনে নেন, সুস্থ ধারায় ফিরে আসুন। আগামী ৯ নভেম্বর সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে ঘোষণা দিন, আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন করব। যদি এই ঘোষণা দেন, তাহলে পরবর্তী আর কোনো কর্মসূচি আপাতত বিরোধী দলের নেয়ার প্রয়োজন হবে না। যদি তা না দেন, তাহলে জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়ব।’

বৃহত্তর ত্যাগের জন্য জাতিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুবসমাজকে কারো ছলনায় কান না দেয়ার জন্য বলবো। কারণ তোমরা রাজপথে লড়াই করে জাতিকে সাময়িক এই মুক্তি এনে দিয়েছ। এই মুক্তি দীর্ঘস্থায়ী করার জন্য আরেকবার লড়াই করতে হবে। দেশে আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় টোকা দিচ্ছে।’

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত, নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স প্রবেশ

সরকারি বাহিনী অভিযোগ করেছে যে, ইয়েমেনের এডেন বিমানবন্দর এবং প্রেসিডেন্ট প্রাসাদকে লক্ষ্য করে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয়দের মতে, বিস্ফোরণের পরপরই প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপির কাছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুতিরা।

এডেন হচ্ছে ইয়েমেনের একটি প্রাচীন বন্দর শহর এবং এটি দেশের বাণিজ্যিক রাজধানী। রাজধানী সানা থেকে বিতারিত হওয়ার পর, ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুতিরা এখানে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শুক্রবার এডেনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, শহরটির আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর প্রেসিডেন্ট প্রাসাদে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে, ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, সৌদি আরবের মদিনা প্রদেশ লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীর পাঠানো একটি ড্রোনকে তারা প্রতিহত করে ধ্বংস করেছে।

তবে, হুতিরা মদিনায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্রের দাবি, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালায়নি। মদিনার আকাশে ড্রোন ভূপাতিত করার সৌদি দাবি মিথ্যাচারের অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, ইয়েমেনের সংঘাতে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তাহীনতা ও মানবিক সহায়তার সংকটের কারণে লাহজের খারাজ শরণার্থী শিবিরের প্রায় ৯ হাজার ৫০০ বাসিন্দা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার ১২ রাশির কেমন কাটবে, জেনে নিন রাশিফলে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


শনিবার ১২ রাশির কেমন কাটবে, জেনে নিন রাশিফলে

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬)। বৈদিক জ্যোতিষশাস্ত্রের নির্দেশনা অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের কর্ম, অর্থ, স্বাস্থ্য, প্রেম এবং পারিবারিক জীবনে বিভিন্ন প্রভাব ফেলে। তাই আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন কাটবে, তা জানা প্রয়োজন। কোথায় সতর্ক থাকা উচিত, সেটাও দেখা যাক।

১। মেষ রাশি (Aries): আজ আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব কাজে সহায়ক হতে পারে। তবে শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া উচিত। দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের চিন্তা করতে পারেন, তবে ঝুঁকি যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। প্রেমের সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন। দাম্পত্য জীবনে সুখের পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

২। বৃষ রাশি (Taurus): আজ সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরিবারের কোনো প্রবীণ সদস্যের শারীরিক অবস্থার কারণে উদ্বেগ সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবেশ থাকবে এবং কাছের মানুষের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা ও সময়ের অপচয় এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।

৩। মিথুন রাশি (Gemini): আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্কতা প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন। প্রেমের মানুষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনায় সাময়িক বাধা আসতে পারে। ভ্রমণের পরিকল্পনা ও জরুরি কাজের কারণে পরিবর্তন করতে হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সহকারে কথা বলুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিলে উত্তেজিত না হয়ে আলোচনার মাধ্যমে সমাধান করুন।

৪। কর্কট রাশি (Cancer): আজ ভ্রমণ বা অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। তাই প্রয়োজনীয় বিশ্রাম নিন এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগী থাকুন। আর্থিক বিষয়ে হিসাব করে এগোনো ভালো। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন।

৫। সিংহ রাশি (Leo): নেতিবাচক চিন্তা দূরে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে আর্থিক লেনদেন ও ব্যয়ের ক্ষেত্রে সংযত থাকুন। ব্যক্তিগত সমস্যা অযথা অন্যের সামনে প্রকাশ না করে সমাধানের চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে কথা বলার সময় নম্রতা বজায় রাখুন। আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা বিশেষ আমন্ত্রণ পেতে পারেন।

৬। কন্যা রাশি (Virgo): আজ ইতিবাচক মনোভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে। ধর্মীয় বা মানবকল্যাণমূলক কাজে অর্থ ব্যয়ের সুযোগ আসতে পারে, যা মানসিক তৃপ্তি দেবে। দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে প্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এতে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। প্রেমের সম্পর্কে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশ করুন।

৭। তুলা রাশি (Libra): আজ ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস আপনার অগ্রগতিতে সহায়ক হতে পারে। পরিকল্পিত বিনিয়োগ থেকে ভবিষ্যতে লাভের সম্ভাবনা থাকলেও সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে যাচাই করুন। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় সময় ব্যয় হতে পারে। অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ পাবেন।

৮। বৃশ্চিক রাশি (Scorpio): ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন। মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। অতীতের কোনো আনন্দময় স্মৃতি আজ মন ভালো করে দিতে পারে। অবসর সময়ে বিনোদনমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতা বজায় রাখলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৯। ধনু রাশি (Sagittarius): ব্যবসায়ীদের জন্য দিনটি সম্ভাবনাময় হতে পারে। ঘনিষ্ঠ বন্ধু বা পরিচিতজনের সহযোগিতায় নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। আপনার হাসিখুশি ও রসিক স্বভাব অন্যদের আকৃষ্ট করবে। মানসিক চাপ এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। এতে নিজের জন্য অবসর সময় বের করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন।

১০। মকর রাশি (Capricorn): শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় অংশ নিতে পারেন। কোনো প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি ঋণ চাইলে আর্থিক অবস্থা ও ফেরত দেয়ার সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আবেগের বশে অর্থ ধার দেয়া থেকে বিরত থাকুন। প্রেমের মানুষের কাছ থেকে উপহার বা বিশেষ স্বীকৃতি পেতে পারেন, যা আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। অলসতা কাটিয়ে কাজে মনোযোগী হন। দাম্পত্য জীবনে ভালোবাসা ও বোঝাপড়া বজায় থাকবে।

১১। কুম্ভ রাশি (Aquarius): আজ কোনো কাজে প্রত্যাশিত ফল না পেলেও হতাশ হবেন না। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যান। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যায় আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের চিন্তায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। অবসর সময়কে সৃজনশীল কাজে ব্যবহার করুন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সুযোগ আসতে পারে।

১২। মীন রাশি (Pisces): আজ পুরনো কোনো শারীরিক সমস্যার কারণে অস্বস্তি দেখা দিতে পারে। চিকিৎসা বা অন্যান্য কারণে বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমের সম্পর্কে স্বাভাবিক সৌহার্দ্য বজায় থাকতে পারে। দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে শান্তভাবে আলোচনা করে সমাধান করুন। স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হবে। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে পৌঁছাতে ‘কয়েক বছর’ লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মোট মূল্য ২১০ কোটি ডলার। ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের জন্য আহ্বান জানান। রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে কার্যকর একমাত্র অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এটি ঘটে চলতি মাসের শুরুতে জেলেনস্কি ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে বিরোধের পর। যুক্তরাষ্ট্র তখন রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছিল।

অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহর থেকে বাসিন্দারা বাসের বহরে করে অন্য স্থানে যেতে শুরু করেছেন। শুক্রবার যুদ্ধবিরতির চতুর্থ দিনে এই কার্যক্রম শুরু হয়। বাসিন্দাদের বহনকারী একটি মানবিক সহায়তা বহর ইউক্রেনের খেরসন অঞ্চল পেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া উপদ্বীপে পৌঁছেছে।

শহরটিতে অবশিষ্ট প্রায় দুই হাজার বাসিন্দাকে ইউক্রেন বা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। দুই দেশের কর্মকর্তারা ত্রাণ বিতরণ ও সরিয়ে নেয়ার কার্যক্রম তদারক করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%