ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পাতায়ায় বাংলা খাবারের চাহিদা বাড়লেও কাজের সুযোগে পিছিয়ে বাংলাদেশি কর্মীরা


পাতায়ায় বাংলা খাবারের চাহিদা বাড়লেও কাজের সুযোগে পিছিয়ে বাংলাদেশি কর্মীরা

থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় বাংলাদেশি খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে, সেখানে কাজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি কর্মীরা। হোটেল ও রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, আসিয়ানভুক্ত দেশের নাগরিকেরা অধিক সুবিধা পাওয়ায় বাংলাদেশিরা কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে, ঢাকা-ব্যাংককের মধ্যে শ্রমবিষয়ক চুক্তির মাধ্যমে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করার আহ্বান জানাচ্ছেন প্রবাসীরা।

পাতায়া, রাতভর পর্যটকদের জন্য অপেক্ষা করে। রাজধানী ব্যাংকক থেকে সড়কপথে প্রায় দেড়শ কিলোমিটার দূরের এই পর্যটননগরীতে সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করা, হাঁটা বা কেনাকাটা—সব মিলিয়ে অবসর কাটানোর নানা আয়োজন রয়েছে। তাই, থাইল্যান্ডের এই শহর পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য।

স্থানীয়দের ও পর্যটকদের বাংলাদেশি ও ভারতীয় খাবারের স্বাদ দিতে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে পাতায়ায়। এর মধ্যে বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানও রয়েছে।

আরও পড়ুন: রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

পাতায়ার কারি হেভেন রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা মানসুরা আলম সনি জানান, ‘বাংলাদেশ থেকে অনেকে থাইল্যান্ডে এসে পাতায়ায় ঘুরতে আসেন। তাদের খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না। তাদের কথা ভেবেই এখানে ১০ বছর আগে রেস্তোরাঁটি গড়ে তুলেছি। আগে আমার তিনজন কর্মী ছিলেন, এখন আছেন আটজন।’

শখের বশে গড়ে তোলা এসব রেস্তোরাঁর খাবার ও আতিথেয়তায় মুগ্ধ অতিথিরাও। আগে থেকে জানালে পর্যটক ও অতিথিদের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশনের সুযোগও রয়েছে বাংলাদেশিদের পরিচালিত এসব হোটেল-রেস্তোরাঁয়। একজন পর্যটক মন্তব্য করেন, ‘এখানে খেতে এলে মনে হয়, রেস্তোরাঁয় নয়, নিজের বাসায় খাচ্ছি। খাবার খুব ভালো।’

তবে, বাংলাদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়া কঠিন হওয়ায় রেস্তোরাঁগুলোতে অন্য দেশের নাগরিকদের নিয়োগ দিতে হচ্ছে বলে উদ্যোক্তারা জানান। কারি হেভেন রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা নেপালি ও বার্মিজ কর্মী রাখি। কারণ, তারা এলে থাইল্যান্ডে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। ভিসা ও ওয়ার্ক পারমিটসহ তাদের পেছনে বছরে মাত্র চার থেকে পাঁচ হাজার বাত খরচ হয়। কিন্তু বাংলাদেশ থেকে কর্মী আনতে পারি না, কারণ কর দিতে হয় অনেক বেশি। একটি ওয়ার্ক পারমিটের জন্য সারা বছর চার ধরনের কর দিতে হয়। এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এ কারণে বাংলাদেশ থেকে কোনো কর্মী আনি না।’

এই পরিস্থিতিতে, ঢাকা ও ব্যাংককের দ্বিপক্ষীয় সম্পর্ক কাজে লাগিয়ে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের জন্য সহজে কাজের সুযোগ তৈরির তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। তাদের মতে, এতে একদিকে যেমন বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দেশে প্রবাসী আয়ও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

পাতায়ার প্রাণো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের শ্রমবিষয়ক কোনো চুক্তি নেই। এ ধরনের চুক্তি হলে বাংলাদেশ থেকে শ্রমিক পর্যায়ের কর্মীরাও এখানে আসতে পারতেন। বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসেন, তাদের বেশিরভাগই ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করেন। তারা নিচের স্তরের কাজ করতে পারেন না। বাংলাদেশে শ্রমিকের অভাব নেই, অন্যদিকে এখানে শ্রমিকের সংকট রয়েছে। আমরা এই ব্যবধানকে কাজে লাগাতে পারি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ এম


এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান

তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যদি তারা ইরানে হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

রয়টার্সের কাছে ইরানের দুই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এ লক্ষ্য অর্জনের জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করেননি। তেহরান কিভাবে বা কোথায় এ ধরনের হামলা চালাবে, সে বিষয়ে তারা কিছু জানাননি। তবে একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ইন্টারনেট সংযোগসহ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর পাশাপাশি তা মেরামতের কাজেও বাধা সৃষ্টি করবে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের একজন বলেছেন, “যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে আর কোনো রেড লাইন থাকবে না... সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে সামরিক ঘাঁটি, এমনকি গোপন ঘাঁটিগুলোও এর আওতাভুক্ত হবে।”

ওয়াশিংটনকে সতর্ক করে তিনি বলেন, “আগুন নিয়ে না খেলতে।” সাবমেরিন ক্যাবলগুলোর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেগুলো ধ্বংস করা সহজ।

গত বুধবার (২১ অক্টোবর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির তলদেশে থাকা সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯৯ শতাংশই সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভরশীল। তবে টেলিকমিউনিকেশন গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মউল্ডিনের মতে, ইরানের এ ধরনের হামলার বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে, কারণ আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রবাহিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি জিতলেন স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ এম


মেসি জিতলেন স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’

লিওনেল মেসি শুক্রবার স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন। এই পুরস্কারটি উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানোর কাজের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয়।

আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের বয়স বর্তমানে ৩৯ বছর। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে প্রশংসা করেন। তার সামাজিক কাজের জন্যও বিশেষভাবে প্রশংসা করা হয়।

অনুষ্ঠানটি স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে অনুষ্ঠিত হয়। মেসি যখন সেখানে পৌঁছান, তখন বাজছিল ব্যাগপাইপ এবং ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস প্রকাশ করেন। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।

পুরস্কারটি রাজকন্যা লিওনর তুলে দেন। তিনি স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী এবং তার নামেই এই পুরস্কারটি। মেসির হাতে তিনি একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন।

মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করে লিওনর বলেন, ‘তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটি করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।’

মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন এবং একটি বিশ্বকাপও জিতেছেন। ক্লাব পর্যায়ে তার ট্রফির সংখ্যা কয়েক ডজন। বার্সেলোনায় তিনি ২১ বছর কাটিয়েছেন এবং সেখানে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

২০২১ সালে বার্সা ছেড়ে তিনি ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইঁতে চলে যান। সেখানে তিনি দুই বছর ছিলেন। বর্তমানে তিনি এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন।

আর্জেন্টিনার হয়ে তিনি সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী। এ মাসের শুরুতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন। বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ১৯৮১ সালে শুরু হয়। এটি স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাবান পুরস্কার হিসেবে পরিচিত। অনেক সময় একে স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও উল্লেখ করা হয়। এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরোর (প্রায় ৭০ লাখ টাকা) পুরস্কার অর্থও যুক্ত থাকে। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতিবছর এটি প্রদান করা হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।

শুক্রবার আরও কয়েকজন পুরস্কার গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।

ক্রীড়া বিভাগে পূর্বে পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। এছাড়াও ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভনও এই পুরস্কার পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ এম


ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি অস্বাস্থ্যকর

জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। দীর্ঘ সময় ধরে জনস্বাস্থ্যের জন্য এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সেনেগালের রাজধানী ডাকারের বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে, মেগাসিটি ঢাকার বাতাসেও দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সেনেগালের রাজধানী ডাকার বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। এ সময় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮৭০, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির নির্দেশ করে।

অন্যদিকে, একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল। ঢাকার বায়ুমান সূচক ছিল ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগের দিন শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৪৪। অর্থাৎ, এক দিনের ব্যবধানে ঢাকার বাতাসের মানের অবনতি ঘটেছে এবং দূষণের মাত্রা বেড়েছে।

বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও কয়েকটি শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে ভারতের মুম্বাই, কলকাতা ও দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুরের সিঙ্গাপুর, চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিশরের কায়রো।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বাতাসের শহরের তালিকায় রয়েছে মালয়েশিয়ার কুচিং, উজবেকিস্তানের তাসখন্দ, উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, চীনের চেংদু, কুয়েতের কুয়েত সিটি, মঙ্গোলিয়ার উলানবাটর, ভিয়েতনামের হ্যানয়, বাহরাইনের মানামা এবং নেপালের কাঠমান্ডু।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।

বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘসময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোর ও সুনামগঞ্জের যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ এম


টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোর ও সুনামগঞ্জের যেসব এলাকায়

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি বিজ্ঞপ্তিতে জানায়, গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব জোনাল অফিস জানিয়েছে, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তন করা হবে। এজন্য বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়নসহ লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে দোয়ারাবাজার সাব জোনাল অফিস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%