০২:৩০ পি.এম
রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও, তৃতীয় দিনে সিনেমাটি দুর্দান্তভাবে ফিরে এসেছে। শুধু তাই নয়, তৃতীয় দিনের আয় অনুযায়ী, প্রভাস অভিনীত আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’কে পিছনে ফেলেছে এটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার (তৃতীয় দিন) ভারতের বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। এর ফলে ভারতে মুক্তির প্রথম তিন দিনে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ‘রামায়ণ’ ভালো ব্যবসা করছে। তৃতীয় দিনে বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ৬০ কোটি রুপি। ফলে বিদেশে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।
আরও পড়ুন: পারশার স্বামী আসাদ নূর কিনা, নেটিজেনদের মধ্যে আলোচনা
ভাষাভিত্তিক আয়ের হিসাবেও হিন্দি সংস্করণ এগিয়ে রয়েছে। তৃতীয় দিনে ১৯ হাজার ৯২৭টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫৩ কোটি রুপি। এছাড়া, ৯০৭টি প্রদর্শনী থেকে কন্নড় সংস্করণে ৬ কোটি ৩০ লাখ, ১ হাজার ৫৮৬টি প্রদর্শনী থেকে তেলুগু সংস্করণে ৬ কোটি এবং ৫৯৩টি প্রদর্শনী থেকে মালয়ালাম সংস্করণে আয় হয়েছে ২ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটি ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছিল। তবে দ্বিতীয় দিনে সেই আয় কমে ৪৮ কোটি ৫ লাখ রুপি হয়েছে। উৎসবকেন্দ্রিক ব্যস্ততার কারণে দ্বিতীয় দিনের আয়ে প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি শনিবার ইনস্টাগ্রামে জানান, দীপাবলির আগের ব্যস্ততা দর্শক উপস্থিতিতে প্রভাব ফেললেও সন্ধ্যার প্রদর্শনীগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাওয়া যায়।
তৃতীয় দিনের আয় নিয়ে ‘রামায়ণ’কে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তির তৃতীয় দিনে ভারতের বাজারে ৬৯ কোটি ১০ লাখ রুপি আয় করেছিল। বিপরীতে একই দিনে ‘রামায়ণ’ আয় করেছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ তৃতীয় দিনের আয়ের হিসাবে ৭০ লাখ রুপি ব্যবধানে ‘আদিপুরুষ’কে ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুক্তির আগে বিশ্বজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এছাড়া, গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ অনেকে।
মুক্তির প্রথম তিন দিনের আয় বলছে, ‘রামায়ণ’কে ঘিরে দর্শকদের আগ্রহ বেশ জোরালো। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতেও বক্স অফিসে এই সাফল্যের ধারা ধরে রাখতে পারে কি না সিনেমাটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন