০৩:২৯ পি.এম
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর জন্য সাধারণত ফোনের গ্যালারিতে প্রবেশ করে সেটি খুঁজে বের করতে হয়। তবে, এই সমস্যাকে কমানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
এই ফিচারের মাধ্যমে চ্যাট করার সময় ব্যবহারকারীরা ফোনে সম্প্রতি তোলা বা সংরক্ষিত ছবি ও ভিডিও দেখতে পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘রিসেন্ট মিডিয়া সাজেশনস’ (Recent Media Suggestions) নামক এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করেছে টেসলা
নতুন ফিচারটি চালু হলে, চ্যাট করার সময় লেখার ঘরের আশপাশে ফোনে সর্বশেষ যুক্ত হওয়া ছবি বা ভিডিও দেখা যাবে। ফলে, ব্যবহারকারীদের বারবার ফোনের গ্যালারিতে ঢুকে খোঁজাখুঁজি করতে হবে না। পছন্দের ছবিতে চাপ দিলেই সেটি পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ ফিচারটিতে ছবি দেখানোর জন্য দুটি পদ্ধতি পরীক্ষা করছে। কিছু ব্যবহারকারীর চ্যাট লেখার ঘরের ওপরে সাম্প্রতিক ছবির ছোট নমুনা দেখা যেতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে ক্যামেরার জায়গায় সর্বশেষ ছবির নমুনা প্রদর্শিত হতে পারে।
ছবি পাঠানোর আগে সেটি এডিট করার বা সম্পাদনার সুযোগও থাকবে। ব্যবহারকারীরা ছবিতে কিছু লিখতে পারবেন, স্টিকার যোগ করতে পারবেন কিংবা ক্যাপশন দিতে পারবেন। এরপর তারা নিজের ইচ্ছায় ছবিটি পাঠাতে পারবেন।
শুধু ক্যামেরায় তোলা ছবি নয়, ফোনে সংরক্ষিত স্ক্রিনশট, ডাউনলোড করা ছবি এবং অন্যান্য অ্যাপ থেকে পাওয়া ছবিও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে না।
আরও পড়ুন: গ্রামীণফোন চালু করল বাংলা কিউআর, দেশের প্রথম অপারেটর
যারা চ্যাটের মধ্যে এভাবে ছবি দেখাতে আগ্রহী নন, তাদের জন্য ফিচারটি বন্ধ রাখার ব্যবস্থা থাকবে। এজন্য হোয়াটসঅ্যাপের Settings থেকে Chats অপশনে গিয়ে Recent media suggestions নির্বাচন করে সেটি বন্ধ করতে হবে। বন্ধ করার পর চ্যাটে আর এ ধরনের পরামর্শ প্রদর্শিত হবে না।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি অন্যান্য ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন