প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কার্তিক মাসের শেষ সপ্তাহের শুরুতে রয়েছে। ভোরের প্রকৃতি মিহিন কুয়াশায় ঢাকা পড়েছে। শিশিরের বিন্দু ঘাসের ঢগায় মুক্তার মতো জ্বলজ্বল করছে। পূবের আকাশে লাল সূর্য উঁকি দিলে, তার মিষ্টি রোদ শিশির বিন্দুতে পড়লে সৌন্দর্য প্রকৃতিজুড়ে আলোড়ন তোলে।
এমন প্রকৃতি বর্তমানে উত্তরের জেলা পঞ্চগড়ে বিরাজমান। ঋতুর পালাবদলের প্রক্রিয়ায় এখানে শীত পড়তে শুরু করেছে। দিনের বেলায় কড়া রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীত আসলে সাধারণত দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় থাকে।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। এর আগে গত ২৭ অক্টোবর এ জেলায় তাপমাত্রা নেমে এসেছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নভেম্বরের মাঝামাঝি শীতের তীব্রতা আরো বাড়বে।
স্থানীয়দের মতে, গত কয়েক দিন ধরে দিনের বেলায় কড়া রোদ বিরাজমান। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে আসে, ফলে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে কাঁথা-কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে। সকালে কখনো হালকা, কখনো মাঝারি কুয়াশায় ঢাকা থাকে ফসলের মাঠসহ পুরো এলাকা।
এদিকে, প্রান্তিক জনপদটির বাসিন্দারা শীতবরণের প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং গরম কাপড় বের করতে শুরু করেছেন। শহর থেকে গ্রামাঞ্চলের হাট-বাজার পর্যন্ত লেপ-তোশকের দোকানে ভিড় বেড়েছে।
জেলা শহরের বাসিন্দা হারুন অর রশিদ জানান, এখন রাত ও সকালে বেশ ঠাণ্ডা পড়ছে। দিনে আবার ভীষণ গরম। রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো সম্ভব নয়।
শহরের ভ্যানচালক রমিজ উদ্দিন বলেন, এখন সকালে বের হলে মোটা কাপড় পরতে হচ্ছে। সামনে শীত আরো বাড়বে বলে মনে হচ্ছে। তখন আমাদের কষ্টকর পরিস্থিতিতে পড়তে হবে।
শহরের একটি লেপ-তোশকের দোকানের কর্মী মাহফুজ বলেন, শীত বাড়লে লেপ-তোশকের চাহিদা বাড়ে। বর্তমানে কাজের চাপ একটু বেশি। দিনরাত কাজ করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করলেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
নভেম্বরের মধ্যভাগে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন