০২:২৯ পি.এম
দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা সুরিয়ার সিনেমাগুলো চলতি বছরে একের পর এক সাফল্য অর্জন করছে। এই ধারাবাহিকতায়, তাঁর নতুন সিনেমা ‘সিন’ বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। মুক্তির মাত্র আট দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী ২১১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।
জিথু মাধবন পরিচালিত এই ক্রাইম কমেডি সিনেমাটি ৬ নভেম্বর দীপাবলির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটির প্রতি আগ্রহ বজায় রয়েছে। বিশেষ করে ভারতের তামিলনাড়ুতে সিনেমাটির ব্যবসা বেশ ভালো যাচ্ছে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে অর্থাৎ শুক্রবার ছবিটি ৬ কোটি রুপি আয় করেছে। এটি সিনেমাটির জন্য এক দিনে সর্বনিম্ন আয় হলেও, আট দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় ১১৭ কোটি ৭০ লাখ রুপি দাঁড়িয়েছে। গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৯৫ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২২ কোটি ১০ লাখ রুপি।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকরা এখন সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের ব্যবসা নিয়ে আগ্রহী। বিশেষ করে, দ্বিতীয় সপ্তাহান্তে ভারতের বাজারে আয় ১৫০ কোটি রুপি মাইলফলক স্পর্শ করতে পারে কিনা, সেটি দেখার বিষয়।
এদিকে, সুরিয়ার আগের দুই সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘কারুপ্পু’র আয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে ‘সিন’। পূর্ববর্তী সিনেমা দুটি যথাক্রমে ১২২ কোটি ৫৪ লাখ ও ১৯৮ কোটি ১৮ লাখ রুপি আয় করেছিল।
‘সিন’ সিনেমায় পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসায় সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে হয়। তবে একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানের চেষ্টা চালিয়ে যান তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। বিশেষ চরিত্রে দেখা গেছে জ্যোতিকাকে।
এদিকে, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জনকে অস্বীকার করেছেন পরিচালক জিথু মাধবন। মুক্তির পর ছবিটির প্রশংসা করেছেন নির্মাতা অ্যাটলি ও অভিনেতা মহেশ বাবুও।
আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন