প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, তবে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। দেশব্যাপী সব ধরনের ফ্লাইট প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর টেলিযোগাযোগ ও রাডার ব্যবস্থায় বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে এই অবস্থা সৃষ্টি হয়। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এই অচলাবস্থা শুরু হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বিমান চলাচল বন্ধের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ‘গ্রাউন্ড স্টপ’ আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং রাত ৮টা ১৫ মিনিটে (ইস্টার্ন টাইম) আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করেছেন যে, এই বিপর্যয়ের প্রভাব কাটিয়ে ফ্লাইট সূচি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগবে এবং বিমানবন্দরগুলোতে আটকে পড়া হাজার হাজার যাত্রীর ভোগান্তি অব্যাহত থাকবে।
কীভাবে ঘটল এই বিপর্যয়?
শন ডাফি জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। পুরনো রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ (ওভারলোড) তৈরি হওয়ায় অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাৎক্ষণিকভাবে সারা দেশে উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়।
তিনি আরও বলেন, "আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা অত্যন্ত পুরনো। নতুন কোনো যন্ত্রপাতির কারণে নয়, বরং পুরনো যুগের সরঞ্জাম (লিগ্যাসি ইকুইপমেন্ট) বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।" আধুনিক ও অত্যাধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে মার্কিন কংগ্রেসের কাছে ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার বরাদ্দ চেয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, সাইবার হামলার কোনো প্রমাণ নেই। বিষয়টি তদন্তে বিশেষ দল কাজ করছে, তবে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি। এটি নিছকই টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট।
উভয় মন্ত্রীই দেশের পরিবহন ও আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়েছেন। শন ডাফি হুঁশিয়ারি দিয়ে বলেন, জরুরি ভিত্তিতে এই ব্যবস্থার আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতেও এমন বিপর্যয় বারবার ঘটবে এবং নিরাপত্তার স্বার্থে তারা আবারও ফ্লাইট বন্ধ করতে বাধ্য হবেন।
চলতি বছরের শুরুতে জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের নিউইয়র্কে আগমনের সময় এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও একই ধরনের নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছিল। সূত্র: বিবিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন