১১:৫৩ এম
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের বাসিন্দা ইবনে জাহিদ (৩৪) এবং অন্যজন সোনাগাজী উপজেলার বাসিন্দা সালাহ উদ্দিন আকবর (৪৪)।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নে বিশেষ অভিযান চালাচ্ছিল। এসময় পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে শান্তি পরিবহনের একটি বাসে দুইজন অস্ত্র নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। বাসটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ব-১১-০২৫০।
এই তথ্যের ভিত্তিতে নয়টিলা মাজার গেটসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে পুলিশ। পরে বাসটি সেখানে পৌঁছালে যাত্রীদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় ইবনে জাহিদ ও সালাহ উদ্দিন আকবরের কাছ থেকে উদ্ধার করা হয় একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, "অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন