প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের তৈরি পোশাক শিল্প খাতভিত্তিক খেলাপি ঋণের হারে শীর্ষে অবস্থান করছে। চলমান শ্রমিক আন্দোলন এই উদ্বেগ এবং শঙ্কাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। কারখানাগুলোর মধ্যে স্বাভাবিক লেনদেনের পরিমাণ কমতে শুরু করেছে, ফলে উৎপাদন ও রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
এমন পরিস্থিতিতে উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকির সম্মুখীন হবে।
একসময় দেশের পোশাক খাতে শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এর ফলে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সম্প্রতি, এজেআই গ্রুপকে প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। তাছাড়া, বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
এজেআই গ্রুপের মতো একই সংকটের মুখোমুখি হয়েছে পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত প্লামি ফ্যাশনসও। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন।
ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব
দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি, দেশের মোট আমদানির একটি বড় অংশও এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা দাঁড়িয়েছিল। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। ব্যাংকিং খাত ইতিমধ্যেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক এবং উদ্যোক্তা—দুই পক্ষই আরও বড় বিপদের সম্মুখীন হবে।
উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ
বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, "আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না।"
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এই কারণে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে।
দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী?
বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন