প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৃষক ফরিদ উদ্দিন তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি দেড় বিঘার ধান ঘরে তুলেছেন। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের এই কৃষক বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়েছিলেন, কিন্তু অসময়ের বৃষ্টির কারণে সেই ধান এখনো মাঠে পড়ে আছে।
ফরিদ উদ্দিন বলেন, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়েছিলাম। শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে। এতে ক্ষতির মুখে পড়ছি।’
উপজেলার অধিকাংশ কৃষক এক ফসল ঘরে তুলেই পরবর্তী ফসলের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী জমি প্রস্তুত করেছিলেন তারা। আলুর বীজ কেনা এবং ধান কাটার অপেক্ষা—সবই চলছিল পরিকল্পনা অনুযায়ী, কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে হওয়া বৃষ্টি সেই হিসাব বদলে দিয়েছে।
শনিবার ক্ষেতলালের বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জমিতে পড়ে আছে পাকা আমন ধান। কোথাও কাটা ধান ভিজছে, কোথাও ধান কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় আগাম আলু চাষ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। মাঠের ফসল এবং পরবর্তী আবাদ—দুই নিয়েই তারা অনিশ্চয়তায় পড়েছেন।
কাঁচাকূল গ্রামের আরেক কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি। তিনি ধান কাটার পর আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন। বীজও কিনে রেখেছেন। জমি প্রস্তুতের কাজ প্রায় শেষ, কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় পরবর্তী চাষের পরিকল্পনা থমকে গেছে।
ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। আজই ঘরে তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। এখন ধান তুলতে না পারায় আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় আছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায়, আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানই নষ্ট করেনি, বরং পরের আবাদের আশঙ্কাও সৃষ্টি করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন