ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা জীবন থেকে বঞ্চিত


মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা জীবন থেকে বঞ্চিত

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ :  শাম্মা আবু হুসেইন সম্ভবত তার গ্রামের একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ঐতিহাসিক ফিলিস্তিনে জীবন কাটিয়েছেন। যদিও তিনি মিসরে বসবাস করেন, গত কয়েক দশক ধরে তিনি তার পরিবারের তিন প্রজন্মকে আইনি অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে দেখেছেন।

এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যারা নিজেদের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন অথবা যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল, আবু হুসেইন তাদের মধ্যে একজন। ওই সময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ ফিলিস্তিনির উত্তরসূরির সংখ্যা বর্তমানে কয়েক মিলিয়নে পৌঁছেছে।

বর্তমানে তার উদ্বেগ, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পক্ষে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের কারণে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। ৯০ বছর বয়সী আবু হুসেইন বলেন, ‘এত কষ্ট সহ্য করার পরও এখন তারা ফিলিস্তিনিদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।’

আরও পড়ুন: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান ব্রাজিলের

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে শারকিয়া প্রদেশের মাঠ ও সেচ খালের মাঝখানে অবস্থিত গেজিরেত ফাদেল গ্রামের একটি নিচু ইটের বাড়িতে বসে তিনি এএফপিকে বলেন, ‘আমার জীবনে কী দুর্ভোগ পোহাতে হয়েছে, তা আজও মনে আছে।’

তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের সময় কীভাবে তাদের পরিবার বেরশেবা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থিত বেরশেবাই ছিল তাদের আদি নিবাস। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের সেই বাস্তুচ্যুতি ও দুর্ভোগের ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে।

এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছিল। তখন পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটের পিঠে তুলে মরুভূমির দিকে রওনা হন। আবু হুসেইনের পরিবার খাবার ও পানি ছাড়াই কয়েক দিন হেঁটে মিসরে পৌঁছায়। এ পথে তারা তার মাকেও হারান।

পরবর্তী সময়ে যে বসতিতে তারা আশ্রয় পেয়েছিলেন, সেটিই এখন প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে। এখানে অনেকেই সারা জীবন মিসরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, মিসরের নাগরিক হিসেবে নয়, বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে তাদের নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হয়।

আরও পড়ুন: থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত

প্রজন্মের পর প্রজন্ম আইনি অনিশ্চয়তায়

নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসেছিলেন শীর্ণকায় আবু হুসেইন। তার থুতনিতে বেদুইন সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি পুরোনো উল্কির চিহ্ন রয়েছে।

তার চারপাশে ভিড় করে ছিল কয়েক ডজন নাতি-নাতনি ও প্রপৌত্র-প্রপৌত্রী। তারা বাড়ির দরজা ও দেয়ালের কাছে দাঁড়িয়ে ছিলেন। প্রায় এক শতাব্দীর স্মৃতিতে অস্পষ্ট হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নাম ও তারিখ মনে করার চেষ্টা করছিলেন তারা।

বাড়ির বাইরে রয়েছে সরু গলির গোলকধাঁধা, অসমাপ্ত ঘরবাড়ি এবং গ্রামের মাটির রাস্তা দিয়ে বয়ে যাওয়া খোলা নর্দমা।

আরও পড়ুন: কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন

গ্রামবাসীদের কথায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক ও ১০ সন্তানের জনক সালমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদের জন্মও এখানে। কিন্তু কাগজপত্রের বিষয় এলে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’

তিনি জানান, মার্কিন ডলারে পরিশোধ করতে হয় এমন বসবাসের অনুমতিপত্র নবায়নের খরচ, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।

তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই লেখাপড়ার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আমি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাগজপত্রের জটিলতায় বারবার বাধার মুখে পড়েছি।’

আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

একপর্যায়ে পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি। গ্রামটির অনেক বাসিন্দাই তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি।

- চলমান নাকবা -

ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, নামুলি পরিবার একা নয়, বরং মিসর জুড়ে ফিলিস্তিনিরা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন।

গবেষকদের ধারণা, গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও এক লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ-ড্রোন হামলার স্বীকারোক্তি জেলেনস্কির

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।

গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করেছে। তবে শোমালির মতে, ফিলিস্তিনিরা ইতোমধ্যে একটি চলমান নাকবার মধ্য দিয়ে যাচ্ছেন।

তিনি এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বোঝাতে সবচেয়ে যথাযথ শব্দ হলো চলমান নাকবা। কারণ, তাদের বাস্তুচ্যুত হওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক চাপ ও অনিশ্চয়তাপূর্ণ পরিবেশে আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।

আরও পড়ুন: দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ভিড়, দাম কমার প্রভাব

মিসরের কর্মকর্তারা বারবার বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে মিসর। একই সঙ্গে তাদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছে দেশটি।

সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই মিসরীয় নাগরিকদের সমান সুযোগ পেতেন।

কিন্তু ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে মিসরের সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই হত্যার পর এসব বিষয়ে বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

নিজ ভূমিতে ফেরার অধিকার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ইমেরিটাস অধ্যাপক ডন চ্যাটির মতে, জর্ডান, সিরিয়া ও লেবাননের মতো মিসরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কখনো শিক্ষা কার্যক্রম পরিচালনা করেনি।

তিনি এএফপিকে বলেন, ‘শিক্ষাই ফিলিস্তিনিদের মনে আশার আলো জুগিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার সুযোগ থাকায় এ অঞ্চলের অন্যান্য দেশে বসবাসরত অনেক শরণার্থী বিদেশে কাজ করার সুযোগ পেয়েছেন এবং দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠিয়ে তাদের সহায়তা করতে পেরেছেন। কিন্তু মিসরে তা সম্ভব হয়নি।’

এদিকে, মিসরের পরবর্তী সরকারগুলোও ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শোমালি এ যুক্তির সঙ্গে একমত নন।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির পক্ষ থেকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

মিসরে দীর্ঘদিনের জীবন গড়ে তুললেও নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা কখনো ছাড়েননি আবু হুসেইন।

তিনি বলেন, ‘নিজ দেশে আমাদের জীবন ভালো ছিল। এখানকার সবাই যদি ফিরে যায়, আমিও তাদের সঙ্গে ফিরে যাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকা ধানে বৃষ্টির কারণে কৃষকদের আলুচাষে দুশ্চিন্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


পাকা ধানে বৃষ্টির কারণে কৃষকদের আলুচাষে দুশ্চিন্তা

কৃষক ফরিদ উদ্দিন তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি দেড় বিঘার ধান ঘরে তুলেছেন। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের এই কৃষক বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়েছিলেন, কিন্তু অসময়ের বৃষ্টির কারণে সেই ধান এখনো মাঠে পড়ে আছে।

ফরিদ উদ্দিন বলেন, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়েছিলাম। শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে। এতে ক্ষতির মুখে পড়ছি।’

উপজেলার অধিকাংশ কৃষক এক ফসল ঘরে তুলেই পরবর্তী ফসলের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী জমি প্রস্তুত করেছিলেন তারা। আলুর বীজ কেনা এবং ধান কাটার অপেক্ষা—সবই চলছিল পরিকল্পনা অনুযায়ী, কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে হওয়া বৃষ্টি সেই হিসাব বদলে দিয়েছে।

শনিবার ক্ষেতলালের বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জমিতে পড়ে আছে পাকা আমন ধান। কোথাও কাটা ধান ভিজছে, কোথাও ধান কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় আগাম আলু চাষ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। মাঠের ফসল এবং পরবর্তী আবাদ—দুই নিয়েই তারা অনিশ্চয়তায় পড়েছেন।

কাঁচাকূল গ্রামের আরেক কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি। তিনি ধান কাটার পর আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন। বীজও কিনে রেখেছেন। জমি প্রস্তুতের কাজ প্রায় শেষ, কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় পরবর্তী চাষের পরিকল্পনা থমকে গেছে।

ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। আজই ঘরে তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। এখন ধান তুলতে না পারায় আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় আছি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায়, আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানই নষ্ট করেনি, বরং পরের আবাদের আশঙ্কাও সৃষ্টি করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের পোশাক শিল্পে নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু কারখানা মালিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


দেশের পোশাক শিল্পে নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু কারখানা মালিক

দেশের তৈরি পোশাক শিল্প খাতভিত্তিক খেলাপি ঋণের হারে শীর্ষে অবস্থান করছে। চলমান শ্রমিক আন্দোলন এই উদ্বেগ এবং শঙ্কাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। কারখানাগুলোর মধ্যে স্বাভাবিক লেনদেনের পরিমাণ কমতে শুরু করেছে, ফলে উৎপাদন ও রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকির সম্মুখীন হবে।

একসময় দেশের পোশাক খাতে শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এর ফলে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি, এজেআই গ্রুপকে প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। তাছাড়া, বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এজেআই গ্রুপের মতো একই সংকটের মুখোমুখি হয়েছে পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত প্লামি ফ্যাশনসও। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন।

ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব

দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি, দেশের মোট আমদানির একটি বড় অংশও এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা দাঁড়িয়েছিল। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। ব্যাংকিং খাত ইতিমধ্যেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক এবং উদ্যোক্তা—দুই পক্ষই আরও বড় বিপদের সম্মুখীন হবে।

উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ

বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, "আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না।"

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এই কারণে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে।

দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী?

বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে বাবাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে বাবাসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলির ফলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনাগত শিশুর ১৯ বছর বয়সী বাবা, গর্ভবতী নারীর ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী এক কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্লিভল্যান্ডের নিকটবর্তী পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিকাল ইভেন্টস নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্কট ট্র্যাক্সলার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিহত ১৯ বছর বয়সী যুবকটি অনাগত শিশুর বাবা। নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তি ছিলেন গর্ভবতী নারীর বাবা। নিহত কিশোরীর পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখনও জানানো হয়নি।

গুলিতে আহত ৩৯ বছর বয়সী ওই নারীর পায়ে আঘাত লেগেছে এবং পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে গর্ভবতী নারীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। পুলিশ কর্মকর্তা ট্র্যাক্সলার জানিয়েছেন, ওই ব্যক্তির ভূমিকা আত্মরক্ষামূলক হতে পারে। তদন্তকারীরা ধারণা করছেন, নিহত ১৯ বছর বয়সী যুবকও গুলি চালিয়েছেন, ফলে গোলাগুলিতে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পর পুলিশ যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কয়েকজন মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে কপ-৩১ জলবায়ু চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে কপ-৩১ জলবায়ু চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার বিষয়ে মতবিরোধের ফলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ চূড়ান্ত চুক্তি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ বিরোধের কারণে সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার নির্ধারিত সময়ের পর দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত সময়েও আলোচনা অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের বিষয়ে সব ধরনের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এমনকি কিছু দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে।

সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের সভাপতিত্বে বিরোধী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে গভীর মতবিরোধে থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবকে একসঙ্গে আলোচনায় বসানো হয়েছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

সম্মেলনের এক পূর্ণাঙ্গ অধিবেশনে কপ-৩১-এর সভাপতি এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রতিনিধিদের জানান, পর্যালোচনার জন্য চুক্তির তৃতীয় ও ‘চূড়ান্ত’ খসড়া তাদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, খসড়াটি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচকদের স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

কুরুম বলেন, ‘আমরা আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্তটি ভালোভাবে বিবেচনা করুন। বাকি বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি রয়েছি।’

তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক দূত ভপকে হুকস্ত্রা শনিবার সতর্ক করে বলেন, ‘খারাপ কোনো চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।’

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত এ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল। ইরান যুদ্ধের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে গিয়ে দেশগুলো ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে।

এ সম্মেলন জলবায়ু পরিবর্তনজনিত ধারাবাহিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, যা ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একই সময়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত জলবায়ু চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত ও সংক্ষিপ্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের কোনো উল্লেখ রাখা হয়নি।

জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলেও জাতিসংঘের জলবায়ু আলোচনায় এটি অন্যতম বিতর্কিত বিষয়। চুক্তির খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে। কেউ কেউ আলোচনা থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের কাছে আপসহীন বিষয়। আমরা তো এসব সমস্যার মূল কারণ নিয়েই আলোচনা করছি।’

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের ঝুঁকিতে থাকা টুভালুর এই মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব যদি জীবাশ্ম জ্বালানির বিষয়টি মোকাবিলা করতে না পারে, তাহলে এখানে আমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না।’

আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ডারা ও'ব্রায়েন বলেন, এই সম্মেলনে অংশ নেওয়া প্রায় ১৩০টি দেশ চূড়ান্ত চুক্তিতে অন্তত জীবাশ্ম জ্বালানির উল্লেখ ও এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চায়।

সর্বশেষ খসড়ায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রয়েছে। জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থনপুষ্ট এ প্রযুক্তি নিয়েও তীব্র আপত্তি উঠেছে।

সমালোচকদের মতে, এ প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এখন পর্যন্ত এর কার্যকারিতার প্রমাণ খুবই সীমিত। তাদের আশঙ্কা, এ প্রযুক্তির ওপর নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করতে পারে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক লি শুও বলেন, ‘এখানে বেশ কয়েকটি বিষয়ে বিরোধ রয়েছে। তবে প্রধান বিরোধটি এখনো মূলত ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যে—জীবাশ্ম জ্বালানি এবং কার্বন ধারণ প্রযুক্তি নিয়ে।’

পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারোও দুর্বল কোনো চুক্তি মেনে না নেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, ‘পেট্রোলিয়াম মাফিয়া’ বিশ্বকে জিম্মি করে রেখেছে।

পরিচ্ছন্ন বিদ্যুতায়নের প্রস্তাব

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া ‘বিদ্যুতায়ন’কে কার্বন নিঃসরণ কমানো ও জ্বালানি নিরাপত্তা জোরদারের একটি উপায় হিসেবে তুলে ধরেছে।

জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ডিজেলচালিত গাড়ি ও গ্যাসে পরিচালিত হিটিং ব্যবস্থার মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বিদ্যুৎচালিত বিকল্প ব্যবহার বাড়ানো।

প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার জন্য বৈশ্বিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে—সে বিষয়ে খসড়ায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এ কারণে কয়েকটি দেশ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার সঙ্গে ‘পরিচ্ছন্ন’ শব্দটি যুক্ত করার দাবি জানিয়েছে।

বর্তমানে বিশ্বে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ আসে কয়লা থেকে। আর প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হয় জীবাশ্ম গ্যাস ব্যবহার করে।

এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশ পিছিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

সৌদি আরব, ভারত ও কেনিয়া এ প্রতিবেদন প্রকাশে বিলম্বের চেষ্টা করেছে।

প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন সম্ভব না হলে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

সর্বশেষ খসড়ায় এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে চলতি শতাব্দীতেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার যত দ্রুত সম্ভব আবারও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার যে আহ্বান আগের খসড়ায় ছিল, তা বাদ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি ধনী দেশগুলো যথাযথভাবে পালন করছে না—এ অভিযোগ নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

সর্বশেষ খসড়া থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় এসব দেশ ক্ষুব্ধ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%