ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকা ধানে বৃষ্টির কারণে কৃষকদের আলুচাষে দুশ্চিন্তা


পাকা ধানে বৃষ্টির কারণে কৃষকদের আলুচাষে দুশ্চিন্তা

কৃষক ফরিদ উদ্দিন তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি দেড় বিঘার ধান ঘরে তুলেছেন। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের এই কৃষক বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়েছিলেন, কিন্তু অসময়ের বৃষ্টির কারণে সেই ধান এখনো মাঠে পড়ে আছে।

ফরিদ উদ্দিন বলেন, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়েছিলাম। শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে। এতে ক্ষতির মুখে পড়ছি।’

উপজেলার অধিকাংশ কৃষক এক ফসল ঘরে তুলেই পরবর্তী ফসলের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী জমি প্রস্তুত করেছিলেন তারা। আলুর বীজ কেনা এবং ধান কাটার অপেক্ষা—সবই চলছিল পরিকল্পনা অনুযায়ী, কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে হওয়া বৃষ্টি সেই হিসাব বদলে দিয়েছে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

শনিবার ক্ষেতলালের বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জমিতে পড়ে আছে পাকা আমন ধান। কোথাও কাটা ধান ভিজছে, কোথাও ধান কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় আগাম আলু চাষ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। মাঠের ফসল এবং পরবর্তী আবাদ—দুই নিয়েই তারা অনিশ্চয়তায় পড়েছেন।

কাঁচাকূল গ্রামের আরেক কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি। তিনি ধান কাটার পর আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন। বীজও কিনে রেখেছেন। জমি প্রস্তুতের কাজ প্রায় শেষ, কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় পরবর্তী চাষের পরিকল্পনা থমকে গেছে।

ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। আজই ঘরে তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। এখন ধান তুলতে না পারায় আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় আছি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায়, আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানই নষ্ট করেনি, বরং পরের আবাদের আশঙ্কাও সৃষ্টি করেছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের পোশাক শিল্পে নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু কারখানা মালিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


দেশের পোশাক শিল্পে নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু কারখানা মালিক

দেশের তৈরি পোশাক শিল্প খাতভিত্তিক খেলাপি ঋণের হারে শীর্ষে অবস্থান করছে। চলমান শ্রমিক আন্দোলন এই উদ্বেগ এবং শঙ্কাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। কারখানাগুলোর মধ্যে স্বাভাবিক লেনদেনের পরিমাণ কমতে শুরু করেছে, ফলে উৎপাদন ও রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকির সম্মুখীন হবে।

একসময় দেশের পোশাক খাতে শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এর ফলে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি, এজেআই গ্রুপকে প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। তাছাড়া, বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এজেআই গ্রুপের মতো একই সংকটের মুখোমুখি হয়েছে পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত প্লামি ফ্যাশনসও। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন।

ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব

দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি, দেশের মোট আমদানির একটি বড় অংশও এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা দাঁড়িয়েছিল। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। ব্যাংকিং খাত ইতিমধ্যেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক এবং উদ্যোক্তা—দুই পক্ষই আরও বড় বিপদের সম্মুখীন হবে।

উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ

বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, "আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না।"

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এই কারণে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে।

দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী?

বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে বাবাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে বাবাসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলির ফলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনাগত শিশুর ১৯ বছর বয়সী বাবা, গর্ভবতী নারীর ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী এক কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্লিভল্যান্ডের নিকটবর্তী পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিকাল ইভেন্টস নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্কট ট্র্যাক্সলার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিহত ১৯ বছর বয়সী যুবকটি অনাগত শিশুর বাবা। নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তি ছিলেন গর্ভবতী নারীর বাবা। নিহত কিশোরীর পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখনও জানানো হয়নি।

গুলিতে আহত ৩৯ বছর বয়সী ওই নারীর পায়ে আঘাত লেগেছে এবং পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে গর্ভবতী নারীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। পুলিশ কর্মকর্তা ট্র্যাক্সলার জানিয়েছেন, ওই ব্যক্তির ভূমিকা আত্মরক্ষামূলক হতে পারে। তদন্তকারীরা ধারণা করছেন, নিহত ১৯ বছর বয়সী যুবকও গুলি চালিয়েছেন, ফলে গোলাগুলিতে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পর পুলিশ যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কয়েকজন মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে কপ-৩১ জলবায়ু চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে কপ-৩১ জলবায়ু চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার বিষয়ে মতবিরোধের ফলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ চূড়ান্ত চুক্তি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ বিরোধের কারণে সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার নির্ধারিত সময়ের পর দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত সময়েও আলোচনা অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের বিষয়ে সব ধরনের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এমনকি কিছু দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে।

সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের সভাপতিত্বে বিরোধী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে গভীর মতবিরোধে থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবকে একসঙ্গে আলোচনায় বসানো হয়েছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

সম্মেলনের এক পূর্ণাঙ্গ অধিবেশনে কপ-৩১-এর সভাপতি এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রতিনিধিদের জানান, পর্যালোচনার জন্য চুক্তির তৃতীয় ও ‘চূড়ান্ত’ খসড়া তাদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, খসড়াটি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচকদের স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

কুরুম বলেন, ‘আমরা আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্তটি ভালোভাবে বিবেচনা করুন। বাকি বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি রয়েছি।’

তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক দূত ভপকে হুকস্ত্রা শনিবার সতর্ক করে বলেন, ‘খারাপ কোনো চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।’

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত এ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল। ইরান যুদ্ধের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে গিয়ে দেশগুলো ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে।

এ সম্মেলন জলবায়ু পরিবর্তনজনিত ধারাবাহিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, যা ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একই সময়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত জলবায়ু চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত ও সংক্ষিপ্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের কোনো উল্লেখ রাখা হয়নি।

জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলেও জাতিসংঘের জলবায়ু আলোচনায় এটি অন্যতম বিতর্কিত বিষয়। চুক্তির খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে। কেউ কেউ আলোচনা থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের কাছে আপসহীন বিষয়। আমরা তো এসব সমস্যার মূল কারণ নিয়েই আলোচনা করছি।’

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের ঝুঁকিতে থাকা টুভালুর এই মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব যদি জীবাশ্ম জ্বালানির বিষয়টি মোকাবিলা করতে না পারে, তাহলে এখানে আমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না।’

আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ডারা ও'ব্রায়েন বলেন, এই সম্মেলনে অংশ নেওয়া প্রায় ১৩০টি দেশ চূড়ান্ত চুক্তিতে অন্তত জীবাশ্ম জ্বালানির উল্লেখ ও এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চায়।

সর্বশেষ খসড়ায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রয়েছে। জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থনপুষ্ট এ প্রযুক্তি নিয়েও তীব্র আপত্তি উঠেছে।

সমালোচকদের মতে, এ প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এখন পর্যন্ত এর কার্যকারিতার প্রমাণ খুবই সীমিত। তাদের আশঙ্কা, এ প্রযুক্তির ওপর নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করতে পারে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক লি শুও বলেন, ‘এখানে বেশ কয়েকটি বিষয়ে বিরোধ রয়েছে। তবে প্রধান বিরোধটি এখনো মূলত ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যে—জীবাশ্ম জ্বালানি এবং কার্বন ধারণ প্রযুক্তি নিয়ে।’

পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারোও দুর্বল কোনো চুক্তি মেনে না নেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, ‘পেট্রোলিয়াম মাফিয়া’ বিশ্বকে জিম্মি করে রেখেছে।

পরিচ্ছন্ন বিদ্যুতায়নের প্রস্তাব

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া ‘বিদ্যুতায়ন’কে কার্বন নিঃসরণ কমানো ও জ্বালানি নিরাপত্তা জোরদারের একটি উপায় হিসেবে তুলে ধরেছে।

জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ডিজেলচালিত গাড়ি ও গ্যাসে পরিচালিত হিটিং ব্যবস্থার মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বিদ্যুৎচালিত বিকল্প ব্যবহার বাড়ানো।

প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার জন্য বৈশ্বিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে—সে বিষয়ে খসড়ায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এ কারণে কয়েকটি দেশ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার সঙ্গে ‘পরিচ্ছন্ন’ শব্দটি যুক্ত করার দাবি জানিয়েছে।

বর্তমানে বিশ্বে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ আসে কয়লা থেকে। আর প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হয় জীবাশ্ম গ্যাস ব্যবহার করে।

এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশ পিছিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

সৌদি আরব, ভারত ও কেনিয়া এ প্রতিবেদন প্রকাশে বিলম্বের চেষ্টা করেছে।

প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন সম্ভব না হলে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

সর্বশেষ খসড়ায় এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে চলতি শতাব্দীতেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার যত দ্রুত সম্ভব আবারও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার যে আহ্বান আগের খসড়ায় ছিল, তা বাদ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি ধনী দেশগুলো যথাযথভাবে পালন করছে না—এ অভিযোগ নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

সর্বশেষ খসড়া থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় এসব দেশ ক্ষুব্ধ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থাপনাটির ক্ষতি সাধিত হলেও, হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খবর আল জাজিরার

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া একাধিক আকাশপথের হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা প্রতিহত করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কেউ হতাহত হননি। দেশটির জরুরি উদ্ধার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম ও অবস্থান সম্পর্কে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে, দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানায়। তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে। তারা দাবি করেছে, এই হামলায় ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী ওই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।

এর আগে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ইরানের দাবি, দেশটির হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এই অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে, বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে সংস্থাটি জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।

তবে এই দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%