প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলির ফলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনাগত শিশুর ১৯ বছর বয়সী বাবা, গর্ভবতী নারীর ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী এক কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্লিভল্যান্ডের নিকটবর্তী পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিকাল ইভেন্টস নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন।
পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্কট ট্র্যাক্সলার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিহত ১৯ বছর বয়সী যুবকটি অনাগত শিশুর বাবা। নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তি ছিলেন গর্ভবতী নারীর বাবা। নিহত কিশোরীর পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখনও জানানো হয়নি।
গুলিতে আহত ৩৯ বছর বয়সী ওই নারীর পায়ে আঘাত লেগেছে এবং পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে গর্ভবতী নারীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। পুলিশ কর্মকর্তা ট্র্যাক্সলার জানিয়েছেন, ওই ব্যক্তির ভূমিকা আত্মরক্ষামূলক হতে পারে। তদন্তকারীরা ধারণা করছেন, নিহত ১৯ বছর বয়সী যুবকও গুলি চালিয়েছেন, ফলে গোলাগুলিতে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
ঘটনার পর পুলিশ যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কয়েকজন মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন