সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে ভাড়াটিয়া আলম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামি আলম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আসামি মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নবগঠিত তথ্য কমিশন তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমকে আরও জোরদার করেছে।
কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট পাঁচটির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার, আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সোমবারের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্যের অভাব।
এছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয়গুলোও শুনানিতে উঠে আসে।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়ে তথ্য না পাওয়ার অভিযোগও করেছেন আবেদনকারীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুলকে পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। আজকের আলোচনায় জানবো, কুরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা আবশ্যক কিনা?
সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত কুরআন পড়ে যায়, তাহলে তার ওজন করে চাল বা গম সদকা করা উচিত। ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এর ভিত্তি কতটুকু?
ইসলামি শরিয়তে পবিত্র কুরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই; বরং সদকা দেয়ার উদ্দেশ্যে কুরআনকে ওজন করা অনুচিত। এটি কুরআনের প্রতি এক ধরনের অসম্মান। কিছু মানুষের ধারণা, হাত থেকে কুরআন পড়ে গেলে ওই কুরআনের ওজনে চাল সদকা করতে হয়। যদিও এটি কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে মনে করা হয়, তবে এটি একটি প্রচলিত ভুল।
যদি কখনো অনিচ্ছাকৃতভাবে এমনটি ঘটে, তাহলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আর যদি কেউ কুরআন ওজন না করে সদকা করতে চান, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০)
আমাদের উচিত সতর্ক থাকা, যাতে হাত থেকে কুরআন পড়ে না যায়। কুরআন এমনভাবে ধরতে হবে বা এমন স্থানে রাখতে হবে, যাতে তা পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। আর যদি নিজের অসাবধানতার কারণে কুরআন পড়ে যায়, তাহলে ইস্তিগফার করতে হবে এবং চাইলে কিছু সদকাও করতে পারি।
কুরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন, উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে পৌর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
মৃত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে তিনি অটোরিকশাযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে অটোরিকশাচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে অটোরিকশায় থাকা বৃদ্ধ আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বরিশাল কৃষি অঞ্চলে মাঝারি বর্ষণ হয়েছে, যা প্রায় ১.২০ লাখ একর জমির উঠতি আমনসহ বিভিন্ন ধরনের রবি ফসলকে প্লাবিত করেছে। এর মধ্যে ৭৫ হাজার একরেরও বেশি জমি আমনের অন্তর্ভুক্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই জানিয়েছে, গম, গোলআলু, খেসারি ও মসুর ডাল, তরমুজ, সরিষা এবং শীতকালীন শাকসবজির বিপুল ফসলি জমি প্লাবিত হয়েছে। তবে, ডিএই’র দায়িত্বশীল মহলের মতে, ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগরের পরিস্থিতি কিছুটা উত্তাল হলেও তা ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমে গেলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি।
বরিশালে ‘আকভান’র প্রভাবে তিন দিনে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দ্রুত পানি সরে যাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএই’র বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক জানিয়েছেন, নভেম্বর এলেই কৃষকদের সতর্ক ও মানসিকভাবে প্রস্তুত রাখা হয়। ফলে পরিস্থিতির অবনতির আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ব্লক সুপারভাইজার ও উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তিনি আরও বলেন, অসময়ের এ অতিবর্ষণে আক্রান্ত জমির আমন ধান কিছুটা হেলে পড়লেও বৃষ্টি প্রলম্বিত না হওয়া এবং সাগরের জোয়ার ও উজানের ঢল না থাকায় নদ-নদীর প্রবাহ স্বাভাবিক রয়েছে। তাই কোনো ফসলি জমি প্লাবনের শিকার হয়নি। দ্রুত পানি সরে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
এবার বৃহত্তর দক্ষিণাঞ্চলে আবাদকৃত প্রায় ৯ লাখ হেক্টরের আমনের মধ্যে প্রায় ৩১ হাজার হেক্টরের স্থানীয়, উফশী ও হাইব্রিড আমন ধান ‘আকভান’র অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রায় ১৫ হাজার হেক্টরের খেসারি এবং ৫ হাজার হেক্টরের শাকসবজি অসময়ের অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত বেশিরভাগ আমন ফসল হেলে পড়লেও তিন দিন পরে বৃষ্টি বন্ধ হওয়ায় এবং কোনো প্লাবন সৃষ্টি না হওয়ায় এসব ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম।
যেসব কৃষক তরমুজের আগাম বীজ বপন ও রোপণ করেছেন, তাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আক্রান্ত খেসারি ডালের ক্ষতির সম্ভাবনা খুব বেশি নয়। বর্ষণ মুগ ডাল আবাদকে কিছুটা বিলম্বিত করেছে, কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগণ জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ