০৩:৩৬ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক দ্বারা গঠিত চার সদস্যের কমিটি মাদ্রাসাটির পরিদর্শন সম্পন্ন করে। এ সময় তারা মাদ্রাসার কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, তারা অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
তিনি উল্লেখ করেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন: তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এর আগে, ৯ নভেম্বর রাত ১২টার দিকে মাদ্রাসার সব ছাত্র ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে মূল ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা ও কাঁচপুর স্টেশনের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহত ও অসুস্থ অবস্থায় ৭৯ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম দাবি করেছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এরপর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন